নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক লাইন, যেটা পড়ে মনে হয়, এটা বানানো নয়, সত্যি ঘটনা। প্রতিটা গল্পই বিস্তৃত টাইমলাইনের। একটা কনস্পিরেসি থিওরি। মাঝখানে সংখ্যার ফুটানি, ঐতিহাসিক তথ্য, অদ্ভুত কোইনসিডেন্সের ছড়াছড়ি, জনপ্রিয় কোনো চরিত্রের উপস্থিতি, অথবা দার্শনিক বুড়োর অশুদ্ধ ভাষার সংলাপ। শেষে একটা মাইন্ড-ব্লোয়িং টুইস্ট। এই ছাঁচের গল্প এআই-এর আগেও ছিল। এখন বানানো সহজ হয়ে গেছে।
এখন দেখা যাচ্ছে এসব নিয়ে অনেক কথা হচ্ছে, মকারি হচ্ছে। (মজার ব্যাপার হচ্ছে, ফেসবুকে এসব লেখার বিপরীতে সেসব ‘লেখক’দের কেউ এখনও জোরালো প্রতিবাদ করেননি)।
যাই হোক, সেদিন একটা এআই গল্প একজন শেয়ার দেয়াতে আমি কমেন্টে জানালাম যে এটা এআই দিয়ে লেখা। প্রত্যুত্তরে একজন জিজ্ঞেস করলেন, “এআই লিখুক, অথবা মানুষ, পড়তে ভালো লাগলেই তো হলো!”। হু, ভাবার কথা বটে।”
লেখকেরা অবশ্য বেশিরভাগই খুব হালকভাবে নিচ্ছেন ব্যাপারটা। তাদের কথা হলো, এআই দিয়ে লিখলে সেই ছাঁচ সহজেই বোঝা যায়। এক ছকে বেশিদিন চালাতে পারবে না। আমি আপাতত এটার সাথে একমত। এবং এ ব্যাপারে সন্দেহ নেই যে ভাইরাল গল্পের ট্রেন্ড আর বেশি দিন চলবে না। এই তথাকথিত লেখকদের হারিয়ে যেতে হবে, অথবা আরো ভালো প্রম্পট দেয়া শিখতে হবে, অথবা অপেক্ষা করতে হবে এআই মডেলগুলির উন্নতির।
সবার আলোচনার বিষয় মোটামুটি এদিকেই ঘুরপাক খাচ্ছে। এআই কতটা উন্নতি করতে পারবে, মানুষ ধরতে পারবে কি না- আমি এসব প্রসঙ্গ সরিয়ে অন্য একটা দিকে দৃষ্টি নিবদ্ধ করতে চাই।
আমার প্রশ্নটা হচ্ছে মানুষ লেখে কেন?
মানুষ লেখে কেন, মানুষ গান গায় কেন, মানুষ ছবি আঁকে কেন এসব প্রশ্নের উত্তর খুব সরলভাবে দিলে বলতে হয়, মানুষ সরল প্রাণী নয়, তাই এসব করতে হয় তাকে। মানুষ যখন অস্তিত্বের সংকটে পড়ে, তখন তাকে শুধু মৌলিক চাহিদার কথা ভাবলেই চলে। কিন্তু মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে মানুষের নানাবিধ চাহিদা তৈরি হয়। শরীরী বিষয় তখন আর জীবনধারণের জন্যে যথেষ্ট থাকে না। দুটো রুটি খেলে খিদে মেটে। তিনটা রুটি আর সাথে প্রচুর মাংস পেলে অতিভোজন হয়ে যায়। এর বেশি মানুষ যেতে পারে না। পাঁচটা রুটি বড়জোর, একশটা কোনোভাবেই নয়। কিন্তু গান, কবিতা, গল্পের মধ্যে মানুষ এক মহাপৃথিবীকে খুঁজে পায়। মানুষ তার জাগতিক শেকলকে ভাঙতে পারে। এই অন্বেষণই সভ্যতা টিকিয়ে রাখে। সমাজ যতই কবি-সাহিত্যিকদের নিগ্রহ করুক না কেন, যেদিন শেষ কবি বা শিল্পী বা সৃজনশীল মানুষটি মারা যাবে, মানবসভ্যতার মৃত্যুও তখনই ঘটবে।
লেখা একটা প্রক্রিয়া। এতে সৃষ্টির আনন্দ আছে, অক্ষমতার বেদনা আছে। একজন লেখককে, বা শিল্পীকে, বা যেকোনো সৃজনশীল মানুষকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এই সাধনাটাই তাদেরকে পরিচালিত করে। যিনি দুটো প্রম্পট দিয়ে গল্প নামিয়ে নেন, তিনি এই চক্করে কখনো পড়েন না। তাহলে দিনের পরদিন, বছরের পর বছর একজন মানুষ কি শুধু প্রম্পট দিয়ে গল্প লিখে যেতে পারবেন? এই একশজন ভাইরাল লেখকদের অনেকেরই হয়ত কয়দিন পর প্রম্পট দিয়ে ছবি বা ভিডিও বানানোতে আগ্রহ চলে আসবে। (খেয়াল করে দেখবেন, এইসব ভাইরাল লেখকদের অধিকাংশই বেশ টেক স্যাভি, অনেকেই ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং পেশায় আছেন)।
আর সবচেয়ে বড় কথা, প্রম্পট দিয়ে যে অতি সহজেই গল্প লেখা যায়, এটা তো পাঠকরাও ধরে ফেলবে একসময়। তারাও লিখতে শুরু করবে। এবং দেখা যাবে কারো লেখা কারো সাথে আলাদা করা যাচ্ছে না। তখন লেখক কে আর, পাঠক কে? আর বইয়ের ইন্ডাস্ট্রিই বা কীভাবে চলবে? এত লেখককে কীভাবে জায়গা দেবে?
মানুষের সৃষ্টিশীলতার এই সংকট উদ্‌বেগজনক। তবে আমি বিশ্বাস করি মানুষ নির্বুদ্ধিতার অতলে তলিয়ে যেতে যেতে আবার ঘুরে দাঁড়াবে। আমাদের পূর্বপুরুষরা নিশ্চিহ্ন হয়ে যেতে পারত উল্কাপিন্ডের আঘাতে বা বরফ যুগের নিষ্ঠুর শীতলতায়। বহুবার বহু প্রাকৃতিক দুর্বিপাক আমাদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, কিন্তু আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। এআই লেখকদের ফন্দিফিকির সবগুলিই ব্যর্থ হবে তা বলছি না, কিন্তু একদম মননহীন, নন্দন বোধহীন এবং সাধনার প্রয়াসে অনাগ্রহী খুব কমজনই টিকবে। লেখক লিখবেন, আধা লেখক কৌশল অবলম্বন করে টিকে থাকার চেষ্টা করবেন, আর অলেখকরা হারিয়ে যাবেন।
হয়ত বা সামনে প্রচুর নীতিমালা আসবে এআই ব্যবহারের ক্ষেত্রে। হয়ত এই লেখার ভেতরে থাকবে অদৃশ্য কোনো জলছাপ। আর এখন চাইলেই গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ডে লেখা গল্পগুলির হিস্ট্রি দেখে আঁচ করা যায় যে আসলে কী ঘটেছে! এবার কমনওয়েলথ ছোটোগল্প প্রতিযোগিতাতেও এইসব সতর্কতা জারী ছিল।
অবশ্য কোনো যাচাই-পদ্ধতিই নিখুঁত হবে না। কেউ চাইলে এআই-এর লেখা হাতে টাইপ করে বসিয়ে দিতে পারে। প্রযুক্তি এক ধাপ এগোলে অন্য পক্ষ আরেক ধাপ এগোবে, এই দৌড় চলতেই থাকবে। সামনে কী হয় না হয় আসলে কিছুই প্রেডিক্ট করা যায় না। তবে মানুষ অত সহজে হার মানছে না বলে আমি আশাবাদী।
তবে এই লড়াইয়ে যেই জিতুক, আমার লেখা থামবে না। এই নগণ্য জীবনের নানাবিধ বঞ্চনার মধ্যে লেখাই আমাকে বিশেষ করে তোলে বলে জানি। এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৫০

ক্লোন রাফা বলেছেন: তাইলে কি আমিও আপনার মতো গল্প লিখতে পারমু হা.মা.ভাই :) ⁉️

২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: হাসান মাহবুবের মতো গল্প লিখতে পারবেন, তবে হাসান মাহবুব হতে পারবেন না।

২| ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু লেখকও দেখছি ইদানিং এ আই এর সাহায্য নিতে।

কিন্তু এ আই এর লেখা পড়লেই তো বুঝা যায়। তখন লেখকের প্রতি সম্মান থাকে না :(

নিজের প্রতিভা কেন এআই এর কাছে মানুষ সঁপে দেয় কে জানে।

২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩০

হাসান মাহবুব বলেছেন: পড়লেই বুঝা যায়, তবে অনেকেই এখনও বুঝতেছে না বলেই মার্কেটট আছে।

৩| ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন, আপনাকে ধন্যবাদ।
'মানুষ লিখে কেন?' - এ প্রশ্নের উত্তরে আপনার যে ভাবনাগুলো শেয়ার করেছেন, তার সাথে একমত।
"গান, কবিতা, গল্পের মধ্যে মানুষ এক মহাপৃথিবীকে খুঁজে পায়। মানুষ তার জাগতিক শেকলকে ভাঙতে পারে" - চমৎকার বলেছেন।
"তবে এ লড়াইয়ে যেই জিতুক,। আমার লেখা থামবে না" - আমার কথাও তাই। যারা মৌলিক চিন্তা ভাবনার অধিকারী এবং যারা মৌলিক লেখা প্রকাশ করে, তাদের এআই কে কেয়ার করার কোন প্রয়োজন নেই। আমি এজন্য কোন তথ্য যাচাই কিংবা কোন পরামর্শের জন্য চ্যাটজিপিটি'র সাহায্য নেই না। প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানার জন্য আরও অনেক মাধ্যম আছে।
এ ব্লগে কে কেমন লিখেন বা কেমন মন্তব্য করেন, সে সম্বন্ধে আমরা যারা বেশ কিছুদিন যাবত এ ব্লগে আছি, তারা সবাই অবগত আছি। যারা এ যাবত ব্লগে তাদের পোস্টে কয়েকটি লাইন বা একটি দুটি অনুচ্ছেদের বেশি লিখতে পারতেন না, এবং মন্তব্যেও এক দুই লাইনের বেশি কিছু লিখতে পারতেন না, এমনকি তাদেরকেও এখন দেখি বিভিন্ন তথ্য উপাত্তসহ বিশাল বিশাল মন্তব্য করতে এবং গুরুগম্ভীর ভাষায় পোস্ট লিখতে। বুঝাই যায়, তাদের এই আকস্মিক জ্ঞানার্জনের এবং ভাষার উৎকর্ষ লাভের উৎসটা কী!

২৩ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১০

হাসান মাহবুব বলেছেন: যথাযথ অনুধাবন খায়রুল ভাই।

ভালো থাকবেন।

৪| ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৭

শেরজা তপন বলেছেন: এআই জিতলে কি মানুষ জিতবে না? এরাই তো মানুষেরই সৃষ্টি!
এআই সাধারণ/বুদ্ধিমান/অতি বুদ্ধিমান মানুষের সৃষ্টিশীলতাকে ছাড়িয়ে যাবে এটা নিশ্চিত থাকেন।
সিঙ্গুলারিটি বিষয়টা ভাববার মতো; যখন এ আই নিজেকে নিজের ডেভেলপ করবে মানুষের ডেভেলপমেন্টের আর প্রয়োজন হবে না। যেটা কিছু কিছু ক্ষেত্রে অলরেডি শুরু হয়েছে বলে আমার বিশ্বাস।
মানুষ এখন ভাবছে যে তার সৃষ্টিশীল সবকিছু এআই নিজের আয়ত্ত্বে নিয়ে সেগুলো থেকেই আসলে সব সৃষ্টি করছে- এ ধারণা খুব শীঘ্রই ভুল প্রমাণিত হতে যাচ্ছে।
একসময় এআইয়ের অসীম সৃষ্টিশীলতার ক্ষমতা তৈরি হবে। তারা নিয়ন্ত্রণ করবে সোশ্যাল মিডিয়া আপনার আমার আবেগ অনুভূতিকে।
দেখুন আপনি আমি সবাই জানি যে একটা চলচ্চিত্র; সেটা সম্পূর্ণই কারো দ্বারা নির্মিত অভিনেতারা শুধুমাত্র অভিনয় করে যাচ্ছেন এখানে সত্যের রেশমাত্র নেই। কিন্তু তারপরেও আমরা আবেগে আক্রান্ত হই কাঁদতে কাঁদতে কখনো গড়িয়ে পড়ি কখনো বা আমরা আনন্দে উদ্বেলিত হই। সিনেমা কিংবা নাটক যাত্রা এ আই এর একটা অতি পুরনো সংস্করণ যা একটা বদ্ধ ঘরে মানুষের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করে।

এ আই একদিন আপনাকে সারা বিশ্বের সর্বত্র নিয়ন্ত্রণ করবে আপনি কি চাচ্ছেন কিভাবে চাচ্ছেন সবকিছুই তার দ্বারা নিয়ন্ত্রিত হবে। আপনার ঘুমকে নিয়ন্ত্রণ করবে আপনার সপ্নকে নিয়ন্ত্রণ করবে আপনার আপনার আমার প্রতিটি পদক্ষেপ তার দ্বারা নিয়ন্ত্রিত হবে ( যদি আমরা ততদিন বেঁচে থাকি আর কি) কিন্তু সবকিছু আমাদের কাছে মনে হবে যে আমরা যা চাচ্ছি তাই পাচ্ছি আমাদের মত করে। মানুষের দিন আধা যান্ত্রিক বা বায়োমিক ম্যান হয়ে যাবে-

২৩ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: লেখালেখির ক্ষেত্রেও এআই আসাটা একটা ফাইন লাইন অতিক্রম করে ফেলবে। এত প্রোডাক্টিভিটি কেন? কীসের জন্যে? সেই বিষয়টাও তখন ভাবতে হবে।

৫| ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৯

শেরজা তপন বলেছেন: * সরি মন্তব্যটা চাপ পড়ে চলে গেছে। এডিট করার সময় পাইনি। আরো কিছু লেখা ছিল আগ্রহ হারিয়ে ফেলেছি। ভুলভাল থাকলে বুঝে নিয়েন।

২৩ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.