নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আজ ঈদের দ্বিতীয় দিন

২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে ফিরিয়ে নেয়।
আমার শ্বশুর বাবা মারা গেছেন এ বছরের প্রথম ফাল্গুনে তাকে ছাড়া এ বছর প্রথম কুরবানীর ঈদ; আজও মাঝে মাঝে বিশ্বাস হয় না মানুষটা নেই। আমার নিজের বাবাও তো এমন করেই চলে গেলেন।
এমনভাবে মানুষ হারিয়ে যায় কেন? হঠাৎ পৃথিবী থেকে মুছে যায় তারপর সারাজীবন শুধু আফসোস বাকি থাকে। মনে হয়, ইশ যদি আরেকটু কথা বলতাম! আরেকটু পাশে বসতাম!
আমার মেঝো ভাই ছাড়াও দুটো ঈদ পার করলাম।
ঈদের সকাল এলেই এখন বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগে। অথচ একটা সময় ঈদ মানেই ছিলো বাড়িভর্তি মানুষজন আনন্দ হাসাহাসি।
আব্বা সকাল সকাল উঠে সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে চলে যেতেন। মা রান্নাঘরে ব্যস্ত থাকতো; বড় হাঁড়িতে গরুর মাংস, খিচুড়ি চড়িয়ে দিতেন।

খুব ছোট বেলায় ঈদের দিন আমাকে সাজিয়ে দিত মেঝো আপু; বিকট করে মেকআপ দিতো গালে এত পাউডার মাখাতো যে নিজের চেহারা নিজেই চিনতাম না, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক চোখে মোটা কাজল।
ছোট হলেও এতটুকু তো বুঝি এমন সাজে আমাকে একদম মানায় না, আমি আপুকে বলতাম, এভাবে সাজিও না! আমার বান্ধবীরা হাসবে! আপুকে ভয়ও পেতাম একটু। তাই বেশি কিছু বলতে পারতাম না।
আপু ধমক দিয়ে বলতো, চুপ করে বসে থাক! ঈদের দিন সুন্দর করে সাজতে হয়!
এখন আয়নার সামনে বসলে মাঝে মাঝে সেই কথাগুলো মনে পড়ে। মনে হয়, মানুষ আসলে চলে যায় না পুরোপুরি। কিছু কিছু মানুষ আমাদের ভেতরেই রয়ে যায়। কোনও গন্ধে, কোনও বৃষ্টিতে, কোনও ঈদের সকালে।
আমাদের পরিবারে মেঝো আপুই সবার আগে চলে গেলো।
আজও ভাবলে অবাক লাগে। এত প্রাণবন্ত একটা মানুষ হঠাৎ করেই না থাকার দলে চলে যেতে পারে?

আচ্ছা, আপন মানুষগুলো কেন এভাবে হারিয়ে যায়?
কেন কেউ আগে থেকে বলতে পারে না, এই দেখো, আমি চলে যাচ্ছি। যত কথা আছে বলে নাও।
তাহলে হয়তো আমরা একটু কম রাগ করতাম। একটু বেশি ভালোবাসতাম, তাদের মনের শেষ ইচ্ছা গুলো পুরন করতাম, আজ বৃষ্টি দেখতে দেখতে মনে হচ্ছে, জীবনটা আসলে এত্ত ছোট অথচ আমরা কত সহজে ভেবে নিই, আমরা সবসময় এই পৃথিবীতে থাকবো।

তারপর একদিন জীবনের কোন এক মোড়ে এসে সেই ভেতরের ভ্রান্তিটা আর থাকে না, আমরা বুঝে যাই একদিন সবাইকে চলে যেতে হবে।

অবুঝ মন তবু ভাবি, সময়টা যদি একটু ফিরিয়ে আনা যেতো! শুধু একবার, আরেকবার, সবাইকে দেখতে পারতাম।
কফিটা ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টিও একটু কমেছে। দূরে মসজিদ থেকে আসরের আযান ভেসে আসছে।
আমি চুপচাপ বসে আছি।
আর মাথায় শুধু একটা কথাই ঘুরছে,
জীবনে সবচেয়ে সুন্দর সময়গুলো আমরা বুঝতেই পারি না, যতক্ষণ না সেগুলো স্মৃতি হয়ে যায়।

ছবিটা আসরের আজানের সময় তুলেছি ঠিক যেখানে বসে লিখছিলাম সেখানে বসেই,

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২৬ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। + +

দিনের যে সময়টাতে শ্বশুরবাড়িতে বসে এ লেখাটি লিখেছেন, সে সময়টাতে এমনিতেই মন একটু উদাস উদাস থাকে। তার উপর এতজন প্রিয় কিন্তু প্রয়াত মানুষের কথা এবং তাদের জীবিতকালের স্মৃতি নিয়ে ভেবেছেন, এ কারণে তো মনটা বেশ ভারাক্রান্ত হবারই কথা। আপনার লেখায় পরোক্ষে হলেও, এ অনুভবটা প্রকাশ পেয়েছে।

আমার ব্যক্তিগত ধারণা, মানুষের যখন চিরবিদায়ের সময় হয়ে আসে, তখন সে সুনির্দিষ্টভাবে সে সময়টা না জানলেও এটা ঠিকই বুঝতে পারে যে তার সময় ঘনিয়ে এসেছে। কিন্তু সে তার এ অনুভবটি কারও কাছে প্রকাশ করে যেতে পারে না।

"মধ্যগগনে সূর্য বিরাজমান থাকা অবস্থায় আমাদের মনেই হয় না যে সূর্যটা এক সময় সারা পৃথিবীকে অন্ধকারে নিপতিত করে টুপ করে বিদায় নেবে। কিন্তু আমাদের মনে না হলেও সূর্যটা বিদায় নেয় ঠিকই। শীতকালে যখন দিনটা ছোট হয়ে যায়, তখন বিকেল বলতে কিছু থাকে না। মধ্যাহ্ন পার হবার পরেই সূর্যটা বিদায়ের প্রস্তুতি নিতে থাকে এবং খুব দ্রুততার সাথে চোখের আড়াল হয়ে যায়। যাদের জীবন ‘বিকেল’ এ পৌঁছে যায়, তারা জানেনা কার এখন শীতের বিকেল চলছে আর কার গ্রীষ্মের। যেটাই হোক, বিকেল থেকেই বিদায়ের একটা সুর শোনা যায়"

২৯ শে মে, ২০২৬ রাত ১১:৫৭

সামিয়া বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো। আসলে বিদায় নামক বিষয়টা বোধহয় মানুষ নিঃশব্দেই অনুভব করতে পারে, যদিও সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না সবসময়।
আপনার সূর্যের উদাহরণটা অসাধারণ লাগলো। সত্যিই তো, জীবনের বিকেলে পৌঁছালে হয়তো মানুষ নিজেও টের পায় আলোটা একটু একটু করে নরম হয়ে আসছে। তখন আচরণে, কথাবার্তায়, স্মৃতির প্রতি টানেও এক ধরনের অদৃশ্য বিদায়ের সুর মিশে যায়।
আমারও মনে হয়, চলে যাওয়ার আগে মানুষ অনেক কিছু অনুভব করে, শুধু সেটা স্পষ্ট করে বলে যেতে পারে না। হয়তো এটাই জীবনের সবচেয়ে নীরব অথচ গভীর সত্যগুলোর একটি।
ঈদের শুভেচ্ছা রইল ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.