| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দেখা না-পাই যেন
বাদ-বাকি আর এ জীবনে।
বর্ষাকালে আবার যখন
উছলে ওঠে নদী,
নদীর ধারের অশ্বত্থ ছায়ায়
তোমার দেখা মেলে যদি—
কী আর হবে দেখে তোমায়
বিজন কোন দুপুর বেলায়
যখন তুমি ধুঁকছো ব্যামোয়
আমি হলাম রোগী!
সেই প্রথম দেখার পর থেকে
হাজার বছর পেরিয়ে যায়ও যদি
কল্পলোকে হাসতে পার,
ভাসতে পার উথাল পাথাল নদী ...
বাস্তবে আর নেই তো কিছু,
আছে যা সব অতীত কালে,
সেই অতীতেই থাক তবে -
তবু তাতে রক্ষা পাবে
স্নিগ্ধ কিছু ছবি!
আবার যদি তোমায় দেখি
অনেক বছর পরে,
ভঙ্গ হবে সকল আশা
যদিও স্বপ্ন গেছে বৃথা -
তবু তাতে বেঁচে রবে
তোমায় দেখে মুগ্ধ হওয়া;
মুগ্ধ হয়ে আবার দেখার আশা!
আবার এবার বর্ষা কালে
নদীর মাতাল হাওয়ার দোলে
স্মৃতিগুলো উঠলো দুলে
পুরনো সেই অশ্বত্থ তলে;
তখন আমি ভেবেছি যে
তোমার দেখা না-পাই যেন
বাদ-বাকি আর এ জীবনে -
তবু তাতে রক্ষা পাবে
তোমার ছবি আসীন রবে
বৃদ্ধ কারও মনে!
©somewhere in net ltd.