নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সিদ

আবু সিদ › বিস্তারিত পোস্টঃ

দাঁড়ি (অণু গল্প )

১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৪

গত কিছুদিন ধরে আমি এই ফোন-কলটার অপেক্ষায় ছিলাম। রিংটোনটা তাই বেশিক্ষণ বাজতে পারল না। ঝট করে আমি ধরে নিলাম কলটা। ফোনের অপর প্রান্ত থেকে মুক্তার ভাই বললেন, কিরে কেমন আছিস?

মুক্তার ভাই আমার প্রথম চাকরিতে ছিলেন আমার বস। তার সাথে সম্পর্কটা এত ভালো হয়ে উঠেছিল যে তিনি যেন আমার বড় ভাই হয়ে উঠেছিলেন। চার বছর পর চাকরিটা ছেড়ে যখন আসি খেয়াল করলাম যে সম্বোধনটা কখন যেন 'আপনি' থেকে 'তুই'-এ এসে থিতু হয়েছে।

যাই হোক, তার ফোন পেয়ে আমার মনটা খুশি হয়ে উঠল। আমি আশা করছিলাম যে ভাই আমাকে ভালো কিছু খবর দেবেন। কিন্তু তিনি একথা সেকথা বলছেন দেখে আমিই প্রশ্ন করলাম, ভাই, কোন অফিস থেকে আপনারে ফোন দিছিল নাকি? ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, হাঁ, দিছিল। তোর বিষয়ে খোঁজ খবর নিল।

এক বছরের বেশি হলো আমি নতুন একটা চাকরির চেষ্টা করছি। বয়স্ক মা-বাবা, স্ত্রী আর দুই সন্তানের খরচ আর কুলাতে পারছি না। অবশেষে গত মাসে একটা চাকরির পরীক্ষার ডাক পাই। লিখিত পরীক্ষা খুব ভালো হলো। দুইবার ভাইভা নিলো। তখন ভাবলাম, পজিটিভ কিছু হতে পারে!

আমি অনেকটা ব্যাকুল হয়ে ভাইকে জিজ্ঞেস করলাম, দু'এক দিনের মধ্যে কি তাহলে কোন সুসংবাদ পাব, ভাই? ভাই আবারও কয়েক মুহূর্ত চুপ থাকলেন। বললেন, বুঝতেছি না! ওরা আমারে দুই দিন ফোন দিল। দুই দিনই একটাই প্রশ্ন: তোর মুখে দাড়ি ক্যান? আমি বলছি, দাড়ি রাখা না-রাখা তো যার যার পছন্দের ব্যাপার। এখানে তো বলার কিছু নেই!

আমার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হল। ভাই ফোনের ওপাশ থেকেও যেন তা শুনতে পেলেন। বললেন, আরে, মন খারাপ করিসনে! একটা না একটা কিছু হবে! রিজিকের মালিক আল্লাহ। তা তো ঠিক বলেছেন, ভাই! আমি বললাম। যখন স্টুডেন্ট ছিলাম তখন হোস্টেলে সিট পেতে ছয় মাস দেরি হইছিল মুখে দাড়ি ছিল না বলে, আর আজ চাকরী হইলো না দাড়ি আছে বলে!

আমাকে আফসোস করতে দেখে ভাই বললেন, আরে! এত হতাশ হচ্ছিস ক্যান? আচ্ছা শোন, আমি আসতেছি তোর অফিসে । তোর অফিসের মোড়ে চায়ের দোকানে থাকব পাঁচটার পর ।

আমি একটু অবাক হলাম। ভাবলাম, ভাই কষ্ট করে আবার আসবে! আমি কিছু বলার আগে উনি বললেন, সিনিয়র হইছি বইলা কী আমি আসতে পারি না? তুই তার মতো অফিস কর। আমি পাঁচটা থিকা থাকমুনে। যখন তোর শেষ হয় নামিস। মনে কর দুইজন একসাথে চা খাইলাম। একটু আড্ডা-টড্ডা দিলাম। বাইকে কইরা তোরে বাসায় নামায় দিয়াসমুনে।
কলটা শেষ হলো! মনে মনে ভাবলাম, কেমন অদ্ভুত এ দুনিয়া আর কী বিচিত্র সব মানুষ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.