| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় লুকিয়ে গেলে?
তোমাকে যে আজ আর খুঁজে পাওয়া যায় না কোথাও !
কী পুকুর ঘাটে কী ক্ষেতের ধারে কোথাও নেই তুমি।
বাঁশ বাগান পেরিয়ে মিঠুদের গোলা ঘর আর বাবুদের তাল-পুকুর
পাড়ি দিয়ে কোথাও পেলাম না তোমায়!
বল তো কেন এমন করলে?
না হয় হয়ে উঠেছিলাম তোমার অপ্রিয় তাই বলে
এভাবে কাউকে কিছু না জানিয়ে তুমি পাড়ি জমালে
বিদেশ বিভূঁই!
কী করছ আজ কাল? থাকছ কোথায় খাচ্ছই বা কী...
সব কিছু ভেবে ভেবে আমি হয়রান!
হয়ত আমার কথা একবারও মনে পড়েনি তোমার,
হয়ত হঠাৎ দু একবার মনে পড়লে ভেবেছ যে
বড্ড জ্বালায়!
যাই হোক যেখানে গেছ নিশ্চয় ভালো আছ।
তবু জানিয়ে রাখি, তোমার জন্য চিঠি লিখেছি চাঁদের কাছে,
সে আমাকে কথা দিয়েছে যে তোমার আসছে জন্মদিনে
সবচেয়ে জমকালো আর আলোকিত এক রাত্রি সে
উপহার দেবে তোমায়!
তাই যেখানেই থাক যত ব্যস্তই থাক
পরিপূর্ণ চন্দ্রালোকে একবার স্নান করে নিও সেই রাতে ।
আর তখন যদি একটি বারের জন্যও আমার কথা
মনে পড়ে তবে সেই নিবিড় চন্দ্রালোকে
চাঁদের দিকে একটা চুম্বন ছুড়ে দিও,
আর যদি ভুলে যাও তবে আমার নাম ও পরিচয়
চিরতরে মুছে দিও মন থেকে।
©somewhere in net ltd.