| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি অনাগত শিশু,
যে পৃথিবীর আলো দেখতে পারতো,
যে চিনতে পারতো এই পৃথিবীটাকে
যেখানে নিষ্ঠুর-পাষাণ-কাপুরুষরা থাকে ৷
কিন্তু মা তুই তাকে বঞ্চিত করলি,
দেখতে দিলিনা এই পৃথিবীর আলো ৷
তুই নাকি মা স্নেহের কাণ্ডারী?
পৃথিবীর স্নেহ ভাণ্ডারে তুই এক অভিশপ্ত নারী ৷
জীবননাশী তুই, অনাগতের জীবন নিলি কেড়ে,
তোর অভিসারের প্রায়শ্চিত্ত করলি একটি জীবন মেরে ৷
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
এই কথায় তোমার নামে দিব অভিশাপ?
খোদা যেন ক্ষমা করেন আমার মহাপাপ ৷
আমি যে তোমার গর্ভজাত,
তোমার রক্তেই গড়ে উঠেছিল আমার এ পাপ দেহ ৷
অস্থি ভেদে যখন বের করেছিল আমার ছিন্ন দেহ,
একটি প্রাণের নিঃশেষ দেখেও কাঁদেনিতো কেহ!
কিন্তু মা তোমার চোখের জল
গড়িয়ে পরেছে অনর্গল ৷
আজো ভেবে সেই অনাগতের কথা
দুঃখ কেন মনে, কষ্ট অযথা
পাও তুমি নিরবে একা কেঁদে?
জানি মাগো মোরে রাখতে চেয়েছিলে
তোমার হৃদয়ের সাথে বেঁধে ৷
কিন্তু এই অনাগতের আগমনে যারা করেছিল ব্যাঘাত,
তাদের জন্য কি আমার এই অভিসম্পাত?
যারা তোমায় বাধ্য করেছিল তোমার কলিজা ছিন্ন করতে ৷
খোদার কাছে বিচার চাইতাম
যদি তাদের বিচার থাকতো ৷
পশুর কি আর বিচার আছে?
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
পৃথিবীর ওই নিষ্ঠুর বায়ু আমায় স্পর্শ করতে পারেনি,
তাইতো আমি সবচেয়ে সুখী ৷
এই নিষ্ঠুর বায়ু যার দেহ স্পর্শ করেছে
স্বর্গ সুখ তার সহ্য হবে না ৷
নিষ্ঠুরতায় যাদের সুখ,
তোমার মত মায়েরা যাদের সুখের বলি হয়ে
মাতৃত্ব হারিয়ে আজ চোখের জলকে আপন করে নিয়েছে;
তাদের স্থান পৃথিবীতেই ৷
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
পৃথিবীতে হয়তো আমার পিতার স্থানে
একজন পাষাণকে দেখতে হতো ৷
হয়তো পৃথিবীর প্রতিটি ধুলিকণার কাছে
জবাবদিহি করতে হতো আমার অস্তিত্বের কথা ৷
আজ আমি এসব থেকে মুক্ত ৷
শুধু তুমিই পার মাগো এত দুঃখ সয়ে,
এই পৃথিবীর নিষ্ঠুরতাকে মেনে নিতে ৷
আজো এই অনাগতের কথা ভেবে
চোখের জলে বুক ভাসাতে ৷
পৃথিবীর বুক যেদিন ছিন্ন-ভিন্ন হবে তোমার বুকের মত,
মিলিত হবে আদি অন্তের হিসাব নিকাশ যত;
সেদিন যেন ঠাই হয় মাগো তোমার পবিত্র পায়
তোমার সন্তান বলে, এই মিনতি করি আমার এই কবিতায় ৷