| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে ঢোকার সময় প্রথমে তোমাকে চিনতেই পারিনি।
তারপর হঠাৎ চোখ আটকে গেল।
কী আশ্চর্য, তাই না?
এতগুলো বছর পেরিয়ে গেলেও কিছু মানুষকে চিনতে আমাদের এক মুহূর্তও লাগে না।
আমি তখন দরজার কাছেই দাঁড়িয়ে ছিলাম।
তুমি আমাকে দেখোনি।
আমি চাইলে তোমার কাছে যেতে পারতাম। তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম—
“কেমন আছ?”
হয়তো তুমি একটু অবাক হয়ে আমার দিকে তাকাতে।
হয়তো চিনতে।
হয়তো চিনতেই না।
আর এই “হয়তো”-টার কাছেই আমি থেমে গেলাম।
জানো, আমি তোমার কাছে যাইনি কেন?
কারণ আমি জানতাম না, এত বছর পর তোমার জীবনে আমার জন্য একটুও জায়গা আছে কি না।
আমি জানতাম না, তোমার পাশের খালি চেয়ারটা সত্যিই খালি ছিল কি না।
হয়তো তোমার জীবনে এখন এমন কেউ আছে, যে জানে তুমি কফিতে কতটা চিনি খাও।
হয়তো তোমার অপেক্ষা করার মানুষ আছে।
হয়তো তুমি অনেক আগেই আমাকে ভুলে গেছো।
আর আমি?
আমি এত বছর ধরে তোমাকে একটা পুরোনো বিকেলের মতো যত্ন করে রেখে দিয়েছি।
তাই কাছে গিয়ে সেই বিকেলটা নষ্ট করতে ইচ্ছে হলো না।
আমি ক্যাফের কাউন্টারে গিয়ে তোমার নামে একটা চিঠি রেখে এসেছি।
জানি না তুমি সেটা পেয়েছো কি না।
হয়তো ক্যাফের কেউ ভুল করে অন্য কোথাও রেখে দিয়েছে।
হয়তো তুমি চিঠিটা নিয়ে ব্যাগে রেখেছো।
হয়তো এখন এই মুহূর্তে তুমি চিঠিটা পড়ছো।
আর যদি না-ও পেয়ে থাকো—
ক্ষতি নেই।
এমন কত চিঠি আমি বাতাসে ভাসিয়ে দিয়েছি, তার হিসাব আমার নিজের কাছেও নেই।
কিছু চিঠির ঠিকানা থাকে না।
তবু লেখা হয়।
শুধু এই আশায়—
কোনো একদিন, কোনো অচেনা বাতাস হয়তো সেগুলো ঠিক মানুষের কাছে পৌঁছে দেবে।
আজ তোমাকে দেখে আমার খুব কাছে যেতে ইচ্ছে করছিল।
বিশ্বাস করো, ভীষণ।
শুধু একবার তোমার সামনে বসে জানতে ইচ্ছে করছিল—
“এই এত বছর কোথায় ছিলে?”
কিন্তু প্রশ্নটা করার অধিকারটা যে বহু আগেই হারিয়ে ফেলেছি।
তাই দূর থেকেই তোমাকে দেখলাম।
তোমার চুলের ফাঁকে ক্যাফের হলুদ আলোটা পড়ছিল।
তুমি বইয়ের একটা পাতা উল্টালে।তারপর Affogato-তে চুমুক দিলে।
আর আমি মনে মনে ভাবলাম—
মানুষ বোধহয় সত্যিই বদলে যায়।শুধু কিছু অনুভূতি বদলাতে শেখে না।
বেরিয়ে আসার সময় একবার পেছনে তাকিয়েছিলাম।
তুমি তখনও বই পড়ছিলে।আমি জানি না, কোনোদিন তুমি জানতে পারবে কি না—
আজ ক্যাফের ওই দরজাটা দিয়ে একজন মানুষ বেরিয়ে গিয়েছিল, যে তোমার সঙ্গে কথা বলার জন্য নয়,
শুধু তোমাকে আরেকবার দেখার জন্য
বহু বছর অপেক্ষা করেছিল।
আর চিঠিটা যদি পেয়ে থাকো,
তাহলে উত্তর দিতে হবে না।
শুধু কোনো একদিন কোনো ক্যাফের জানালার পাশে বসে,
তোমার Affogato-এর পাশে
ধোঁয়া ওঠা একটা Macchiato অর্ডার করো।
তাহলেই হবে। আমি দূর থেকে দেখে নেব—
তুমি এখনও মনে রেখেছো,
Macchiato আমার পছন্দ।
আর তখন বুঝব,
এতগুলো বছর পেরিয়ে গেলেও
আমি তোমার স্মৃতি থেকে পুরোপুরি মুছে যাইনি।
মনে রেখেছো আমাকে।
ফুরিয়ে যাওয়া শেষ বিকেলের মতো।
সযত্নে।
— **স্বপ্নবাজ সৌরভ**
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️
২|
২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২২
শায়মা বলেছেন: মনে রেখে কি হয়???
এই প্রশ্ন আমি বহুবার খুঁজেছি।
মনে রাখলেই কি না রাখলেই কি....... প্রেজেন্ট বা বর্তমানের চেয়ে আর আর কিছু নেই ভালো বা মন্দ। অতীত এবং ভবিষ্যৎ কোনোটারই আসলে কোনো মূল্য নেই .....
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬
চারাগাছ বলেছেন:
আসলেই মূল্যহীন। তবুও....
৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২০
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কেউ মনে রাখলেই কি, না রাখলেই বা কি.... এটা সত্যিই একটু ও ম্যাটার করেনা। হ্যাঁ, টিনএজ এ এটা বিশাল কিছু মনে হয়। এরপর সবাই নিজের মত করে বাঁচতে শিখে যায়। বর্তমানই সব। মানুষ মুলত একা। এটাই ধ্রুব সত্য।
০৬ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:১৫
চারাগাছ বলেছেন: মানুষ মুলত একা। এটাই ধ্রুব সত্য।ধন্যবাদ জানাই
৪|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: চিঠি পড়লাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭
চারাগাছ বলেছেন:
উত্তর দেয়ার দরকার নাই।
স্টারে গিয়ে একটা ঝাল ফ্রাই অর্ডার করেন
বুঝে নেবো
৫|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩২
হুমায়রা হারুন বলেছেন: অপূর্ব।
ভয়েস দিতে ইচ্ছে করছে।
আপনার কন্ঠ হলে বেশী ভাল হতো। কিন্তু আমি লোভ সামলাতে পারছি না। মনে হচ্ছে এখনি রেকর্ড করে ফেলি।
অনুমতি প্রার্থনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৪
চারাগাছ বলেছেন: হুমায়রা আপা, মনের কথা বলেছেন। আমি অনেকদিন ধরে আমার কিছু লেখার জন্য ভয়েজ খুঁজতে ছিলাম। কেউ আগ্রহ দেখায়নি। আপনি যদি ভয়েজ দেন খুশি হবো।
৬|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:২৫
হুমায়রা হারুন বলেছেন: ভীষণ খুশী হলাম। তৈরি করে লিংক দেব।
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৩:১০
চারাগাছ বলেছেন: ধন্যবাদ আপা। আমিও অপেক্ষায় রইলাম।
৭|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৪
হুমায়রা হারুন বলেছেন: রাজীব নুর বলেছেন: চিঠি পড়লাম।
লেখক বলেছেন:উত্তর দেয়ার দরকার নাই। স্টারে গিয়ে একটা ঝাল ফ্রাই অর্ডার করেন। বুঝে নেবো
কোথায় macchiato আর কোথায় ঝাল ফ্রাই।
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৩:১২
চারাগাছ বলেছেন:
রাজীব নুরের সাথে আমার প্ল্যান হয় কিন্ত শেষ পর্যন্ত আর দেখা হয় না । এইবার দেখা যাক
৮|
০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৪
হুমায়রা হারুন বলেছেন: লেখক বলেছেনঃ রাজীব নুরের সাথে আমার প্ল্যান হয় কিন্ত শেষ পর্যন্ত আর দেখা হয় না । এইবার দেখা যাক।
উনি কিন্তু একই সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারেন। ধরতে পারা কঠিন।
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৪৯
চারাগাছ বলেছেন: রাজীব কে কি মন্তব্য করেছে দেখতে ফিরে আসবে তখন আপনার মন্তব্য দেখব। দেখি তখন কিছু বলে কিনা।
।
৯|
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৪
ভুয়া মফিজ বলেছেন: আপনার 'স্বপ্নবাজ সৌরভ' নিক উদ্ধারের কদ্দুর কি হলো? সিন্ডিকেট সদস্য শায়মাকে চেপে ধরেন, ও-ই আপনার নিক উদ্ধারের ব্যবস্থা করতে পারবে!!! ![]()
১০|
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৮
হুমায়রা হারুন বলেছেন: লেখক বলেছেন: রাজীব -কে কি মন্তব্য করেছে দেখতে ফিরে আসবে। তখন আপনার মন্তব্য দেখব। দেখি তখন কিছু বলে কিনা।
বলবে না। কম করে হলেও পাঁচটা রূপে তিনি বিরাজমান। এবং একে অপরের সাথে সম্পূর্ণ বিযুক্ত।
১১|
০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:২৫
হুমায়রা হারুন বলেছেন: অতঃপর রেকর্ড করলাম এই সুন্দর চিঠিটা। লিংক ক্যাফের চিঠি
০৬ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:১৩
চারাগাছ বলেছেন:
আপনি ইমোশনটা ধরতে পেরেছেন। ধন্যবাদ
এই প্রথম নিজের লেখা শুনলাম!
১২|
০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: হুম্ম!
*কিছু চিঠির ঠিকানা থাকে না (লেখক)।
*মনে রেখে কি হয়??? মনে রাখলেই কি না রাখলেই কি....... প্রেজেন্ট বা বর্তমানের চেয়ে আর আর কিছু নেই ভালো বা মন্দ। অতীত এবং ভবিষ্যৎ কোনোটারই আসলে কোনো মূল্য নেই .....(পাঠক)
*বর্তমানই সব। মানুষ মুলত একা। এটাই ধ্রুব সত্য। (পাঠক)
কথাগুলো একেকজনের জীবনবোধ ও অভিজ্ঞতালব্ধ পর্যবেক্ষণের সমষ্টি। এর সার্বজনীন আবেদন রয়েছে।
চিঠিটা চমৎকার হয়েছে। +
হুমায়রা হারুন এর দেয়া লিঙ্কে কণ্ঠ শুনতে পাচ্ছিনা কেন? ইউটিউবের অন্য গানগুলো তো ঠিকই শুনতে পাচ্ছি।
১৩|
০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪০
হুমায়রা হারুন বলেছেন: @ আহসান ভাই, পিসির ভলিউম বাড়ান সাথে সাথে ইউটিউবের ভিডিওর নীচে ভলিউম অপশান আছে সেটাও বাড়ান ।
তাহলে সমস্যা কিছুটা সমাধান হবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে রেখেছো আমাকে। ফুরিয়ে যাওয়া শেষ বিকেলের মতো।
...........................................................................................
আজও মনের কোণে আলতো করে,
তোমার সেই চেনা স্মৃতিরা এসে জড়ায়,
ঠিক যেমন করে শান্ত সন্ধ্যা নেমে,
দিনের সব কোলাহলকে বুকে লুকায়।