| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের ছোট ছোট দোকানগুলোতে খাওয়া, আবার ফেরীতে উঠে খাওয়া। কী যে আনন্দ! ফেরীর দোকানের কেকগুলো ছিল ভীষণ মজার। কেক গুলো কাঁচের বয়ামে রাখা হতো। আর ফেরীতে চিনাবাদাম, ঝালমুড়ি তো ছিলই। ডিম সিদ্ধ বাড়িতে খেতাম না, কিন্ত ফেরীরটা মিস করতাম না।আব্বার হাত ধরে ফেরীর এদিক-ওদিক ঘুরে বেড়াতাম। মনে হতো, এই ছোট্ট ফেরীটাই যেন এক বিশাল আনন্দের পৃথিবী।
একসময় ভেড়ামারা ফেরীঘাট থেকে আমাদের ফেরী ছেড়ে দিত। গন্তব্য পাকশী ফেরীঘাট। ফেরী ছেড়ে দিলে ভেড়ামারা ফেরীঘাট ধীরে ধীরে দূরে সরে যেত। ঘাটের মানুষগুলো, পরিচিত মুখগুলো, ছোট ছোট দোকান—সবকিছু কেমন যেন পেছনে পড়ে থাকত। কেন জানি মনটা খারাপ হয়ে যেত। মনে হতো, ওদের ফেলে চলে যাচ্ছি। অথচ কিছুক্ষণের মধ্যেই সেই মন খারাপের সঙ্গে মিশে যেত পাকশী ফেরীঘাটে পৌঁছানোর এক অদ্ভুত আনন্দ। এক যাত্রায় কত রকম অনুভূতি যে লুকিয়ে থাকত!
পদ্মার স্রোত ভেঙে ধীরে ধীরে এগিয়ে যেত আমাদের ফেরী। নদীর ঢেউ এসে আছড়ে পড়ত ফেরীর গায়ে। আমি শক্ত করে আব্বার হাত ধরে থাকতাম।
একসময় ফেরীটি হার্ডিঞ্জ ব্রীজের কাছাকাছি চলে আসত। আব্বা তখন বলতেন, 'দেখো দেখো, হার্ডিঞ্জ ব্রীজ!'
লাল ব্রীজটা যতবার দেখতাম, ততবারই অবাক হয়ে তাকিয়ে থাকতাম। আব্বা প্রতিবারই ব্রীজের ইতিহাস, নির্মাণকৌশল আর নানা খুঁটিনাটি গল্প শোনাতেন। আমার ছোট্ট মাথায় তখন কত কী যে ঘুরত! মনে হতো, ইস্, এমন একটা ব্রীজ যদি আমিও বানাতে পারতাম!
ফেরী যখন ব্রীজের একেবারে নিচে চলে আসত, আব্বা আমাকে দুহাতে উঁচু করে ধরতেন। আমি হাত বাড়িয়ে ব্রীজটা ছোঁয়ার চেষ্টা করতাম। কিন্তু কিছুতেই পারতাম না। মনে মনে ভাবতাম, একদিন বড় হবো। সেদিন ঠিকই লাল ব্রীজটা ছুঁয়ে দেখব!
সেসব এখন বহু পুরোনো দিনের কথা।
সময় বদলেছে। পদ্মার ওপর দিয়ে এখন আর ফেরী চলে না। পুরোনো ফেরীঘাট আর নেই। বদলে গেছে নদী পারাপারের গল্প, বদলে গেছে ঘাটের চেনা দৃশ্য। ঘাটের সেই দোকান, ফেরীর কেক, চিনাবাদাম আর ঝালমুড়ির স্বাদও কোথায় যেন হারিয়ে গেছে।
কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে আব্বার সেই হাত দুটো। যে হাত আমাকে উঁচু করে ধরত, যেন পৃথিবীর একটু বেশি কাছে পৌঁছে দিতে চায়।
আজ আমি বড় হয়েছি। অথচ সেই লাল ব্রীজটা আর ছুঁয়ে দেখা হলো না, ঠিক যে ভাবে ছুঁতে চাইতাম। শুধু ব্রীজটা নয়, কত কিছুই তো আর ছুঁয়ে দেখা হয় না বড় হয়ে গেলে!
এখন আর কোনো ফেরীতে আব্বা তাঁর ছেলেকে উঁচু করে ধরেন না। কোনো ছোট্ট ছেলে বাবার হাত ধরে দাঁড়িয়ে থেকে লাল ব্রীজটা ছোঁয়ার স্বপ্ন দেখে না।
পদ্মার বুকে হয়তো এখনও ঢেউ ওঠে, ব্রীজের ওপর দিয়ে এখনও ছুটে যায় ট্রেন। শুধু সেই ফেরীযাত্রাটা নেই, নেই আব্বার হাত ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট আমিটাও।
কী আশ্চর্য, সেদিন ব্রীজটা ছুঁতে পারিনি বলে মন খারাপ হতো। আর আজ বুঝি, ব্রীজটা ছোঁয়ার চেয়েও অমূল্য ছিল আব্বার হাত ধরে সেই যাত্রাটুকু।
বড় হওয়ার অপেক্ষায় ছিলাম, অথচ বড় হতে হতে ফেলে এসেছি জীবনের সবচেয়ে সুন্দর সময়টুকু।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘাটের ছোট ছোট দোকানগুলোতে খাওয়া, আবার ফেরীতে উঠে খাওয়া। কী যে আনন্দ!
ফেরীর দোকানের কেকগুলো ছিল ভীষণ মজার। কেক গুলো কাঁচের বয়ামে রাখা হতো।
আর ফেরীতে চিনাবাদাম, ঝালমুড়ি তো ছিলই। ডিম সিদ্ধ বাড়িতে খেতাম না,
কিন্ত ফেরীরটা মিস করতাম না।
.................................................................................................................
একসময় সেই আনন্দ ছিল, কিন্ত পরে তা বিভীষিকায় রুপ নেয় ।
ঘাটে অন্য কিছুর মাংস নিয়ে প্রচুর হৈ চৈ র পর আর ঘাটে খেতামনা ।
তারপরে, ইলিশ মাছ খেয়ে অসুস্হ হলাম , খোজঁ নিয়ে দেখলাম , বাসি পোড়া
তেলে ভাজা ।
এছাড়াও ঘাটের প্রচন্ড জানযটের দুর্বিষহ অভিজ্ঞতা ভূলে যাবার নয় ।