| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমাবস্যার চাঁদ হয়ে গেছো
দেখা পাওয়া যেন ভার,
আষাঢ়ে গল্প শুনিয়ে কেন যে
ফিরে আসলে না আর।
কেতাদুরস্ত হয়ে গেছো আজ
খয়ের খাঁ 'দের দলে,
ছিলে একদিন গোবর গণেশ
সে কথা গেলে কি ভুলে?
ডুমুরের ফুল হয়ে গেছি আমি
কারো সাথে দেখা নাই,
তোমার কল্পনায় হয়ে গেছি আজ
তালপাতার সেপাই।
পুকুর চুরি ধামাচাপা দিলে
ফফর দালালী করে,
গা ঢাকা দেয়া বিড়াল তপস্বী
ক' জন চিনতে পারে?
আঙুল ফুলে কলাগাছ হলে
প্রেম হল বালি বাঁধ,
শাঁখের করাতে ফেলবে আমায়
মনে ছিল এই সাধ?
উলুবন মাঝে মুক্তা ছড়িয়ে
অরণ্যে রোদন করি,
কই মাছের প্রাণ দিল কেন প্রভূ
পটল তুলতে না' রি।
©somewhere in net ltd.