| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে এখন চলছে শীতকাল। পিঠা, পায়েস, খেজুর রস, মিষ্টি রোদ এসবের কারণে শীত আমার মত অনেকেরই প্রিয় ঋতু। আর ফ্যাশন সচেতন ব্যাক্তিদের জন্য বাহারি শীতের পোশাক পরার সুযোগ করে দিতে শীতকাল একটি আদর্শ ঋতু।
এতো গেলো মুদ্রার একপিঠ। অন্য পিঠে রয়েছে ভিন্ন চিত্র। উন্নয়নশীল এই দেশে এমন হাজার মানুষ আছে যাদের কাছে শীত মানে আতঙ্ক, শীত মানে মৃত্যুর ছায়া। যারা চায় ঋতুচক্র থেকে শীতকে মুছে ফেলতে, কিন্তু তা তো আর সম্ভব নয়।
অথচ আমরা চাইলেই তাদের কাছে শীতকালকে করতে পারি সহনীয়। এর জন্য প্রয়োজন আমার বা আপনার গত শীতে বা তার আগের শীতে বা তারও আগের শীতে কেনা শীতবস্ত্রটি যেটি আজ আর কোন কাজেই আসছে না; আর প্রয়োজন একটু সদিচ্ছার। পাড়ায় বা মহল্লায় ঘুরে ঘুরে শীতবস্ত্র সংগ্রহ করতে হবে না, একগাদা শীতার্ত মানুষও খুঁজে বের করতে হবে না। আসুন, আমরা শুধু একটু খোঁজ নিই বাসার নিচের বস্তির মানুষগুলোর, খবর নিই সেই রিকশাওয়ালার যার রিকশায় আজ আমরা চড়েছি; খোঁজ নিই সেই বৃদ্ধের, আমাদের হাত থেকে দু’টাকার নোটটি নিয়ে যার চোখ খুশিতে চক চক করেছে অথবা সেই শিশুটির যার কাছ থেকে আজ সকালে আমরা ফুল বা পত্রিকা কিনেছি। আসুন, আমরা খবর নিয়ে দেখি এইসব মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে কিনা? শুধুমাত্র একটা শীতবস্ত্রের অভাবে তাদের নির্ঘুম রাত কাটছে কিনা?
তাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনার-আমার একটু সদিচ্ছাই কী যথেষ্ট নয়? কোন লাইক বা কমেন্ট পাওয়া এই পোস্টটির সার্থকতা নয়, একজন শীতার্ত মানুষও যদি সাহায্য পায় তবেই এই পোস্ট সার্থক। আসুন, এই শীতে আমাদের সাধ্যমত পুরনো শীতবস্ত্র দিয়ে আমাদের আশেপাশের কিছু শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাই।
শীতার্তদের পাশে দাঁড়াই আমাদের সাধ্যমত
©somewhere in net ltd.