| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত পেরিয়ে ভোর এলো
শুকতারা গেলো ডুবে
নতুন দিনের নির্মল আভাস
দেখা দিলো পুবে ।
মাঠে মাঠে সোনা ধান
সোনা ঝরা দিন
আগামীর ভবিষ্যৎ
করবে রঙিন ।
কৃষকের মুখে হাসি
বুক ভরা বল
খোকা খুকু খেলে হাসে
করে কোলাহল।
শীতের বাতাসে পুবে
রবি ছড়ায় আলো
জেগে ওঠে পাখি সব
রাতি পোহালো।
শিউলি ঝরা সকালে
শিশির ভেজা সুখ
সবাই সুখী , নেই কোথাও
শহুরে অসুখ ।
সিদ্ধ ধানের সুঘ্রাণে
বাতাস সুবাসিত
প্রকৃতির রূপ রস
এখানে অপরিমিত ।
মুড়ি আর খেজুর রস
গেলো মিলেমিশে ,
রসে ভেজা মুড়িগুলো
খিলখিলিয়ে হাসে।
ছায়া সুনিবিড় বিশ্বভূবন
মায়াময় তার আভা
স্নিগ্ধতা ছড়ায় এখানে
দীপ্তিময় প্রভা ।
বিদঘুটে আওয়াজের
নেইকো বাড়াবাড়ি ,
কৃত্রিম ব্যস্ততার
নেই হুড়োহুড়ি।
কুয়াশার আড়ালে
লুকোচুরি খেলা
সরলতায় চলে জীবন
কেটে যায় বেলা।
চলে গাড়ি ক্যাঁচরকুচ
গরু হলো বাহন
গ্রাম্য জীবনের
এইতো সাতকাহন ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৪৩
©somewhere in net ltd.