| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একই সূর্যের আলোয়
চেয়েছিলাম তোমার ছায়া ঘেঁসে দাঁড়াতে।
কিন্তু তুমি স্বকীয় তাড়নায়
নিজস্ব নক্ষত্রের কক্ষপথের বাঁধলে বাসা।
আমি তো কখনও চাইনি জোর করে কোনো আলো
চাইনি-অধিকারের তীব্র দাবির কাছে আহত হোক তোমার অহংকার
আর তাই আমি হেঁটে গেছি নিজস্ব পথে।
নিজের মতো সাজিয়ে নিলে তুমি সমৃদ্ধ এক নিজস্ব কক্ষপথ
আমিও মেনে নিলাম নীরব হার
যদিও বড়ই কঠিন এই পথ চলা।
অথচ আজ বেলা শেষের টানে
অকস্মাৎ এক বিপর্যয়?
ধুমকেতুর মতো ছিটকে এলে তুমি
চোখে আশ্রয়হীন জীবনের ভয়!
আমার ঘরে আজ জ্বলছে অন্য আলো
বাঁধানো ফ্রেম
বাঁধন শক্ত অতি।
ইচ্ছে যে জাগেনি তা তো নয়— তবে দায়িত্ববোধ
অস্বীকারের আছে কি উপায়?
যে হাত একদিন ফিরিয়ে দিয়েছিলে
সে হাত আবার আজ আবার ফিরে পাওয়া
-ফিরিয়ে নেওয়া কি এত সহজ?
ছাড়তে হলো - ছাড়তে হয় কঠিন বাস্তবতায় বুকের ভেতর চেপে শত ইচ্ছা অভিলাষ ।
ফিরে যাও তুমি দূর কোনো অচেনা ছায়াপথে— এক অসহায় ধুমকেতু হয়ে
যার কোনো নির্দিষ্ট নীড় নেই আজ।
একই সমান্তরালে আমার তো আর দাবি কিংবা অধিকারের অধিকারটুকুও নেই
শুধু বুকের গহীনে জমা থাক নীরব এক প্রার্থনা।
যে আলো তুমি আমাতে খুঁজে পাওনি
তা যেন অন্য কোনো নক্ষত্র তোমাকে ফিরিয়ে দেয়।
এটুকুই থাকুক শুভকামনায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০
©somewhere in net ltd.