নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশা শিক্ষকতা, নেশা সাহিত্য। একজন নিহিলিস্ট।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

পড়লাম হানা ক্যাথেরিন ম্যালেন্স-এর ‘ফুলমণি ও করুণার বিবরণ’

২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৯

বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী উপন্যাসটি। সেটি প্রকাশিত হয়েছিল ১৮৬৫ সালে। তারও তেরো বছর পূর্বে প্রকাশিত হয় এই ‘ফুলমণি ও করুণার বিবরণ’ নামক গ্রন্থটি। একজন অবাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত এই বইটিকে অনেকেই প্রথম উপন্যাস হিসেবে বিবেচনা করেন। কেউ কেউ এটিকে উপন্যাস বলতে আবার নারাজ। তাঁদের অনেকে এটিকে উপন্যাস রচনার প্রয়াস হিসেবে চিহ্নিত করেন। উপন্যাস ভক্ত অনেক সমালোচক টেকচাঁদ ঠাকুর অর্থাৎ প্যারীচাঁদ মিত্র-এর ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটিকেও কেবল প্রয়াস হিসেবে চিহ্নিত করেন। সে অর্থে তো ফুলমণি ও করুণার বিবরণ আরো পেছানো বিবেচিত হবে। আমি আজ এই গ্রন্থটি পাঠ সম্পন্ন করলাম। বই পড়া এখন এক যুদ্ধের ন্যায়। সারাদিনে অন্যান্য কাজকর্মগুলো হোক বা না-হোক, কিছুতেই বই পড়ে ওঠা হয় না। পড়ার অভ্যাসটিই মারা গিয়েছে। মনে পড়ে বছরের শুরুতে আশাপূর্ণা দেবীর ‘সুবর্ণলতা’ উপন্যাসটি অনেক কষ্টে শেষ করেছিলাম কর্মের খাতিরে। অত পৃষ্ঠার বই পড়ে শেষ করতে পারাটা আসলে বিশাল ব্যাপার ছিল আমার জন্য। ২০২০ সালে এবং ২০২১ সালে নিয়ম করে অনেকগুলো বই পড়া হয়েছিল, এর আগে কলেজ জীবনে বিশ্বসাহিত্য কেন্দ্রের বদৌলতে কিছু বই পড়া এবং বিশ্ববিদ্যালয় জীবনে পাঠ্য হিসেবে কিছু বই পড়া হয়েছিল। সবমিলিয়ে তা হাতে গোণাই হবে এবং আহামারি পড়ুয়া হিসেবে আমার পরিচয়ও হবে না। সে যা-হোক এই বইটি সম্পন্ন করে তৃপ্তি বোধ করছি। প্রথমত, দীর্ঘদিন পর কোনো বই পড়ে সম্পন্ন করা হলো এবং দ্বিতীয়ত বাংলা ভাষার প্রথম উপন্যাসটি পড়া হলো। ফুলমণি ও করুণার বিবরণের আগে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ‘নববাবুবিলাস’ নামের একটি বই নাকি প্রকাশিত হয়েছিল এবং সেটিকেও নাকি অনেকে প্রথম উপন্যাস হিসেবে বিবেচনা করে। আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সমসাময়িক সবগুলো গ্রন্থ পাঠ সম্পন্ন করে আমি আমার ভাবনা লিপিবদ্ধ করবো। সুতরাং কোনটি প্রথম, কোনটি সার্থক, কোনটি হয়েছে, কোনটি হয়নি- তার আগে সেগুলো পড়ে ওঠাকে কর্তব্য মনে করছি। নিঃসন্দেহে আমার নিজস্ব কিছু মত আছে এবং উপন্যাসের প্রতি প্রবলভাবেই দুর্বল বিধায় আমার সাহিত্য ভাবনার জগতে উপন্যাস অগ্রগণ্য।


ফুলমণি ও করুণার বিবরণ কাহিনি হিসেবে সাদামাটা। হানা যে খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে এটি রচনা করেছিলেন সেটি তিনি তাঁর লেখাতেই সুচারুরূপে ব্যক্ত করেছেন। নিন্দা কিংবা স্তুতি করার জায়গা আসলে নেই। বরং একজন অবাঙালি হিসেবে, আধুনিক গদ্য বিকাশের প্রারম্ভে এমন গ্রন্থ রচনায় সামর্থ্য হওয়াটা আসলে বিস্ময়কর। তিনি সুন্দর বাক্য চয়ন এবং কাহিনির গতিশীলতা বজায় রেখে গ্রন্থটিকে সুখপাঠ্য করে তুলেছেন। এই গ্রন্থের কাহিনি, চরিত্র চিত্রণ ও ঘটনাপ্রবাহ উপন্যাস হিসেবে কতটুকু হয়েছে বা হয়নি সে আলাপ আমি খুব শীঘ্রই অন্যত্র লিখব। আপাতত এইটুকু বলতে চাই গ্রন্থটি অসাধারণ। এটি পাঠ করা বাংলা সাহিত্য অনুরাগীর অবশ্য কর্তব্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এইটুকু বলতে চাই গ্রন্থটি অসাধারণ।
এটি পাঠ করা বাংলা সাহিত্য অনুরাগীর অবশ্য কর্তব্য।

........................................................................
সাহিত্য ও সংস্কৃতি একটি দেশের জনগণের মাঝে বন্ধন
তৈরী করে । কিন্ত বর্তমানে একদল হায়েনা দেশ চষে বেড়াচ্ছে ।
পালা গান,গ্রাম্য নাটক,কবিয়াল আসর বা নারী জাগরণের ক্ষেত্রে কোন
কিছুই করতে দিতে চাচ্ছেনা ।
সঠিক সময়ে প্রতিবাদী না হলে , আপনার ভাবনাকে ফ্রেম বন্দী করে রাখতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.