নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে । চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই ।

সাব্বির আহমেদ সাকিল

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

প্রাইমারির সেই দুষ্টুমি, কলম খেলার ঝগড়া আর আব্বার হাত ধরে মিটমাট—সময়ের স্রোতে বদলে যাওয়া এক শৈশবের গল্প।

২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:০৩


ক্লাস ফোরের কথা । ক্লাসের বিরতিতে আমরা টেবিলের ওপর কলম-কলম খেলতেছি । আমি আর রাকিব । রাকিব হলো ক্লাসের সবচেয়ে খাটো । এজন্য ওঁরে সবাই বাঁটু বলে ডাকতো । খেলতে খেলতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি । রাকিব ওঁর হাতে থাকা কলমটা নিয়ে আমার চোখের একটু উপরে ভ্রু’র কোনায় ঢুকিয়ে দেয় ।

সাথে সাথে অঝোরভাবে রক্তপাত শুরু হয় । আমি চোখ ধরে ফ্লোরে লুটিয়ে পড়ি । কয়েকজন ধরে শিক্ষকদের রুমে নিয়ে যায় । এরপর বাড়িতে খবর পাঠানো হয় । আব্বা কালক্ষেপণ না করে স্কুলে পৌঁছান । দেখেন আমার ব্যান্ডেজে মোড়ানো চোখ রক্তে ভেজা ।

আমি ব্রেঞ্চে বসে আছি । ক্লাসে আব্বা আসার পরপরই হেডমাস্টার মান্নান স্যার এলেন । হেড স্যারের পেট মোটা হওয়ায় আমরা সবাই তাঁকে টেপো স্যার বলতাম । ক্লাসরুমে এসে রাকিবকে দাঁড় করানো হলো । রাকিব তখন ভয়ে জবুথবু । হেড স্যার একটা বেত দিয়ে রাকিবকে শপাশপ পেটাতে লাগলেন ।

ঠিক তখন আব্বা গিয়ে হেড স্যারকে অনুরোধ করলেন রাকিবকে না মারতে । স্যার মাইর থামালেন । আব্বা আমাকে ও রাকিবকে মিলিয়ে দিলেন । রাকিবকে বোঝালেন । পুরো ক্লাসে রাকিব ভুল স্বীকার করলো । অনুতপ্ত হলো । ক্লাসে তখন থমথমে পরিস্থিতি । সবাই আব্বার কথা মনোযোগ দিয়ে শুনতেছে ।

তারপর থেকে রাকিব আমাকে এড়িয়ে চলতো । খুব বেশি প্রয়োজন ছাড়া ঠিকভাবে কথা বলতোনা । বলা চলে দীর্ঘ একটা সময় রাকিবের সাথে আমার কথা বন্ধ হয়ে গেলো । রাকিবের ভুল ভাঙ্গলো যখন আমরা প্রাইমারি পাশ করে আলাদা প্রতিষ্ঠানে ভর্তি হলাম ।

হাইস্কুলে যেতে প্রায়শই রাকিবের সাথে দেখা হতো । কারণ হাইস্কুলে যাওয়ার পথেই ছিল ওঁদের বাড়ি । রাকিব মাদ্রাসায় ভর্তি হয়েছিল । সেখান থেকেই দাখিল, আলিম পাশ করে ।

একদিন শুনি রাকিব বিয়ে করেছে । আমাদের স্কুলের সহপাঠীদের মধ্যে যাঁরা আগে বিয়ে করেছে তাঁদের মধ্যে রাকিব একজন । ও ওঁর বাবার সাথে ইটভাটায় কাজ করতো । কখনও আবার কয়লা ভাঙতো । একসময় বেশ ভালো টাকা উপার্জন করতে শুরু করে রাকিব ।

সম্ভবত রাকিব এখন ট্রাক কিংবা এক্সকেভেটরের মালিক । বাইপাসের পার্শ্ববর্তী এলাকায় জমিও কিনেছে শুনেছি ।

রাকিব তুলনামূলক ছাত্র হলেও অর্থ আর বিত্তে অনেক এগিয়ে গেছে । সেদিনের ওই ঘটনার পরও রাকিবের প্রতি আমার কোনো ক্ষোভ বা আক্রোশ ছিলোনা । কারণ আব্বা হাত ধরে ওঁর সাথে মিটমাট করে দিয়েছিলেন ।

রাকিবের সাথে দেখা হয় না বহুদিন । ও যেখানেই থাকুক ভালো থাকুক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.