| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে যেন সবাই দূরে অনেক দূরে সরে যায়।
মোবাইলের কন্ট্রাক্ট লিস্টে শত শত নাম পড়ে আছে। প্রতিটি নামের পাশে একটি করে ছবি, একটি করে পরিচয়, একটি করে ইতিহাস। তবু রাত গভীর হলে, বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠলে, কোনো নামের ওপর প্রেস করে কল করা যায় না, নিয়ম নেই, অপর প্রান্তের বিনীত প্রত্যাখ্যানকে উপেক্ষা করার সাহসটুকু যে হয় না।
জীবনে কথা বলার মানুষ কমে যায় না, কিন্তু কথা বলা যায় এমন মানুষ কমে যায়। এই দুইয়ের মধ্যে পার্থক্যটা অনেক বড়।
একটা সময় দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অসুখ, দুশ্চিন্তা কিংবা বিপদে মানুষ একা থাকতো না। কারও মন খারাপ হলে আরেকজন টের পেয়ে যেত। আনন্দও লুকিয়ে রাখতো না কেউ কারো থেকে। ছোট্ট একটি সুখ পুরো মহল্লায় উৎসব বানিয়ে দিত।
এখন ভালো লাগার খবর নিজের ভেতরেই থেকে যায়, খারাপ লাগার খবরও তাই। দুটোই নিঃশব্দে বুকের ভেতর জমতে থাকে। আনন্দ বলতে মানুষ এখন নতুন বছর উদ্যাপন করে একা। ছাদে উঠে ফানুস ওড়ায়, ছবি তোলে, সামাজিক মাধ্যমে হাসিমুখ দেখায়। অথচ সেই হাসির ভেতরের নিঃসঙ্গতার খবর কারো রাখার সময় নেই। এটাই আমাদের এ সময়ের পৃথিবী, কি নিষ্ঠুর মনে হচ্ছে না?।
জীবনে একা হয়ে যাওয়া হঠাৎ ঘটে না। একটু অভিমান, একটু ব্যস্ততা, একটু ভুল বোঝাবুঝি, কিছু না বলা কথা, কিছু না শোনা কথা। তারপর একদিন অহংকার এসে চুপচাপ কাঁধে বসে বলে, আমি একাই পারব, আমার কাউকে লাগবে না।
আমরা সেই কথায় বিশ্বাস করি। ধীরে ধীরে মানুষের বদলে নিজের চারপাশে দেয়াল তুলতে শুরু করি।
দেয়াল কোনো দিনই একদিনে তৈরি হয় না। আজ একটি ইট, কাল আরেকটি। তারপর একদিন দেখি, ওপাশেও মানুষ আছে, এই পাশেও মানুষ আছে, শুধু দেখা হয় না কারও সঙ্গে কারও।
জীবনে বড় হই, চাকরি হয়, পদোন্নতি হয়। বাড়ি হয়, গাড়ি হয়, সামাজিক মর্যাদা বাড়ে। শুধু যাদের সামনে নিঃসংকোচে কাঁদা যেত, যাদের সামনে কোনো অভিনয় করতে হতো না, যাদের সামনে অবলীলায় কষ্টের কথা বলা যেত, তারা ধীরে ধীরে হারিয়ে যায়।
একটা সময় অধিকার ছিল। রাত দুটায় ফোন করার অধিকার, দরজায় গিয়ে দাঁড়ানোর অধিকার, চুপচাপ পাশে বসে থাকার অধিকার, কোনো কথা না বলেও বোঝানোর অধিকার।
এখন আমরা কষ্টের কথাও খুব ভদ্র করে বলি। চোখের জল মুছে ফেলি আগে থেকেই, যেন কারও বিরক্তির কারণ না হয়ে যাই। নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখাটাই একমাত্র চেষ্টা। বাধ্য হয়েই নিজের যুদ্ধ নিজেই লড়তে হয়, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়, উঠে দাঁড়াতে না পারলে ধ্বংস হতে হয়। নিজের কান্না নিজেই মুছে নিজের ভাঙা মন নিজেই জোড়া লাগাতে হয়।
মানুষ টাকা না থাকলে এতটা একা হয় না। সম্মান না থাকলেও না। মানুষ সত্যিকারের একা হয় তখন, যখন তার জীবনে এমন একজনও থাকে না, যার সামনে মুখোশ খুলে রাখা যায়। যার সামনে চুপ থাকলেও মনের যন্ত্রণা প্রকাশ যায়, কান্না লুকানো লাগে না, আর কাঁদলেও নিজেকে ছোট মনে হয় না।
আমরা ব্যক্তি স্বাধীনতা চাইতে চাইতে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে কারও দরজায় কড়া নাড়তেও সংকোচ লাগে অথবা অবধারিতভাবে নিষেধ।
জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, পদবি নয়। সবচেয়ে বড় সম্পদ মানুষ, যাদের সামনে দাঁড়িয়ে কোনো ব্যাখ্যা ছাড়াই বলা যায়, আজকে আমার মন ভালো নেই।
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৮
সামিয়া বলেছেন: একলা থাকলে মন খারাপটা একভাবে প্রকাশ করে নিজেকে হালকা করা যায় কেঁদে কেটে সারাদিন কিছু না করে শুয়ে বসে বা প্রিয় কোন মানুষের কাছে গিয়ে কোনভাবে হালকা হওয়া যায় কিন্তু যখন মন খারাপ করলে সন্তান কষ্ট পেতে পারে এবং তাকে খুশি করার জন্য যখন মন খারাপ ঢাকতে হয় সেটা অনেক বেশি টাফ হয়ে যায়, আর একটা বয়সের পর মনে হয় যেন আর মানুষের মন খারাপ বলে কিছু থাকে না মানে আশেপাশের মানুষ সেরকম ব্যবহারই করে। আসলে মন খারাপ ব্যাপারটাই ভালো না।
২|
২১ শে জুলাই, ২০২৬ দুপুর ২:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটু অভিমান, একটু ব্যস্ততা, একটু ভুল বোঝাবুঝি,
কিছু না বলা কথা, কিছু না শোনা কথা।
...........................................................................
আমার কাছে অভিমানী মানুষদের ভালো লাগে,
তাদের মনটা পড়তে পারি, একটু টোকা দিলে
অভিমান উপচে পরে, তারপর ভালোবাসার সন্ধান
পাওয়া যায় ।
.............................................................................
আরেকটি কাব্য আসবে নাকি ???
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৯
সামিয়া বলেছেন: আপনি তো কাব্যের রাজা হয়ে গিয়েছেন, অবশ্যই, আপনি লিখতে চাইলে লিখুন আমরা পাঠক আছি আপনার পাশে।
৩|
২১ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০
সামছুল আলম কচি বলেছেন: বিপদজনক ভালো একটি লেখা !! ধন্যবাদ !!!
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৪০
সামিয়া বলেছেন: আমাদের বাস্তবতা গুলো দিন দিন অনেক বেশি নিষ্ঠুর বাস্তব হয়ে যাচ্ছে। ধন্যবাদ
৪|
২১ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪২
শায়মা বলেছেন: নিজের বন্ধু আমরা আসলে নিজেই। সবাই একা ....
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৪১
সামিয়া বলেছেন: এসেছি একা যাবো একা মাঝখানের সময়টুকু শুধু কোন রকম পার করে দিলেই হয়
৫|
২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:২৪
মোবারক বলেছেন: দারুণ লিখেছেন মনের কথা গুলো , মনে হয়েছে আমার কথা
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৪১
সামিয়া বলেছেন: এ শহরে কত কত মানুষ আমরা কত কষ্ট নিয়ে মন খারাপ নিয়ে দিন পার করছি তাই না?
৬|
২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: মানুষের মন মাঝে মাঝে খারাপ হবে, এটা স্বাভাবিক।
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৪২
সামিয়া বলেছেন: হ্যাঁ তা তো অবশ্যই
৭|
২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯
এম ডি মুসা বলেছেন: পৃথিবীটা আসলে এরকম। পৃথিবীটা কোন সুখের স্থান নয় মনে হয়। বিনা কারণে অসুখ লেগে থাকে।
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৪২
সামিয়া বলেছেন: পৃথিবীটা সুখের জন্য নয়, তারপরও কেউ কেউ সুখী হতে চায় সুখী হবার স্বপ্ন দেখে।
৮|
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৬
মেহবুবা বলেছেন: অনেকের মনের কথা বলে দিয়েছেন।
তবে নিজের ভাই বা বোন যদি একই মানসিকতার হয় তো কাজে লাগে এবং প্রিয় বন্ধু ! আমার
সৌভাগ্য যে তিনজন আছে বিশেষ বন্ধু !
সুখে দুঃখে দীর্ঘ অনেক বছর আছে সাথে।
২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৫
সামিয়া বলেছেন: বন্ধুর কোন বিকল্প নেই, জেনে ভালো লাগলো। ভালো থাকুন সবসময় ধন্যবাদ ❤️
৯|
২২ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার কাছে অভিমানী মানুষদের ভালো লাগে,
মুখখানি দেখিবার তরে অতি সাধ জাগে
............................................................................
তোমার জন্য রইল আমার কাব্য :
হৃদয়ে সমুদ্র, চোখে মেঘের ছায়া
===================================
তোমার ওই মৌনতা, সে তো হৃদয়ের মরুঝড়,
ভেঙে দিতে পারে বুকের গভীরতায় বালুচর।
মুখ তুমি ফেরালেও টানে এক অদৃশ্য মায়া,
আমি তো আগলে রাখি তোমার ভয়ের সব ছায়া।
একটি মৃদু ছোঁয়া, কানে কানে কিছু কথা,
নিমেষেই ধুয়ে দেয় জমে থাকা সব ব্যথা।
ভেঙে যায় অভিমানে গড়ে তোলা সব বাঁধ,
অশ্রুতে নেমে আসে ভালোবাসার ,এক ফালি পূর্ণিমার চাঁদ।
ভয় তো পাই না আমি ওই মুখের শীতলতায়,
আমি হৃদয়ে ধারন করি ,তোমার ওই ব্যাকুলতায়।
দীর্ঘশ্বাসে ঘেরা তোমার ওই যে গোপন দেশ,
অভিমান ফুরালেই , ভালোবাসার আদরের নেইকো শেষ।
২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৬
সামিয়া বলেছেন: ভীষণ ভালো লাগলো কবিতাটি❤️
১০|
২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০৮
কিরকুট বলেছেন: অধিকারগুলো যখন একে একে হারিয়ে যেতে থাকে, তখন দুঃখগুলো নীরব মিছিল হয়ে জমায়েত হয় মনের বিস্তীর্ণ মাঠে। সেখানে দীর্ঘশ্বাসেরা ঘাস হয়ে জন্মায়, আর না পাওয়ার গল্পগুলো আবর্জনা হয়ে জমতে থাকে।
২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৬
সামিয়া বলেছেন: একদম ঠিক ❤️
১১|
২২ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৬
করুণাধারা বলেছেন: আজকে মন ভালো নেই, আগামীকাল যেন মন ভালো হয়ে যায়।
২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৬
সামিয়া বলেছেন: আপু কৃতজ্ঞ, ❤️
১২|
২৩ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৭
সামিয়া বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:১৫
অপু তানভীর বলেছেন: মন খারাপের সময়ে আমার অবশ্য দুরের মানুষের কথা মনে পড়ে না। কাছের মানুষের কথা মনে পড়ে ঠিকই। তাদের সাথে কাটানো সময়গুলোর কথাও । বড় হওয়ার সাথে সাথে কত মানুষের কাছ থেকেই না ধীরে ধীরে দুরে সরে গেছি, যাচ্ছি।