| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানজিদা আয়েশা সিফা। এই ব্লগে আমার পূর্বের নিক ছিল আলোর পরী । আমার জন্ম পটুয়াখালীতে। এইচ এস সি পর্যন্ত ওখানেই পড়ালেখা। পরে ঢাকা বিশ্ব বিদ্যালয় এর আই ই আর থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। এর পর এম ফিল শুরু করেছি । বাবা ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ। তিন ভাই বোনের মধ্যে আমিই অগ্রজ । ফেইসবুকে আমি https://www.facebook.com/sanjidamahim \n\nআর ইমেইলে [email protected]
আমার নতুন বাসায় যেতে হলে বেইলি রোড হয়ে আসতে হয়,সেখানে একটা বইয়ের দোকানের ক্যাপশনে চোখ আটকে থাকে, তা হল “ তবুও বই পড়ুন”।
অভ্যাস বলি, শখ বলি আর স্বভাবই বলি, বই পড়া হল সবচেয়ে মূল্যবান গুণের একটি ।রূপকথার পঙ্ঘিরাজ, স্বপ্নপুরী, মেঘের রাজ্যে পরীর বাসা, ডাইনী আর রাক্ষসের দল শিশু মনকে যেন আলাদীনের জাদুর চেরাগ পাইয়ে দেয়, সিন্দাবাদ হয়ে সে ভেসে চলে সমুদ্রে সমুদ্রে। ইশপের উপকথা গল্পচ্ছলে তাকে মূল্যবোধ শিখিয়ে তোলে।
কৈশোরের অনুসন্ধানী হৃদয়ের অতি উপাদেয় খাবার হল শারলক হোমস, মাসুদ রানা, কখনো মন ডুবে যায় আইজ্যাক আসিমভের ফিকশনে কিম্বা বেড়িয়ে পড়ে জুল ভারনের সাথে পৃথিবী সাথে ভ্রমনে।
মৈত্রেয়ী দেবীর ণ হন্যতে, মির্চা এলিয়াদের লা নুই বেঙ্গলী,নিমাইয়ের মেম সাহেব, প্রাক যৌবনের আকর্ষিত প্রেম আর চুপি চুপি আবেগের প্রথম উষ্ণ চুমু । মনে হবে আহারে! কবে প্রেমে পড়ব, কে আসবে জীবনে? সে কে কে ?
অথবা যদি আরেকবার বুক ডিব ডিব করে উঠত! আরেকবার প্রেমে পড়তে পারতাম!
রবীন্দ্রনাথের যোগাযোগ এ দুই সত্তার যে মানসিক দ্বন্দ্ব, পার্ল এস বাকের গুড আর্থের চরিত্র গুলোর যে যাপিত জীবন, কিম্বা হেরমান হেসের সিধবার্থ কি জীবনের মানে সম্পর্কে আরেকবার ভাবাবে না?
সুনীলের পায়ের তলায় সর্ষে যে কারো অলস দুপুর গুলোকে নিয়ে যাবে বন পাহাড়ি টিলায়, কিম্বা জ্যোৎস্না স্নাত নদীর বুকে।
আবার রাশিয়ান লেখকদের লেখা ছড়িয়ে দিবে মিছরির মত বরফ, হাড় কাঁপানো হিমেল বাতাস, সামনে থাকা সবুজ গাছ গুলোকে মনে হবে পাতাঝরা, ধূসর বিবর্ণ।
কাহলিল জিব্রানের প্রফেট তা ত আপনার জীবনদর্শনেরই অন্য নাম, পড়লে মনে হবে আরে ! এই বইটাই ত খুঁজেছি এত দিন!
জীবনানন্দের কবিতারা, হিজলের গাছে ঘেরা বনের পাশ দিয়ে, নিয়ে স্রোতের শব্দ ঘেরা এক নদীতে, সাঁতার কাটা হাঁস, নৌকার পালের ছায়ায়, টেনে নেবে এক সবুজ মায়ায়।
লেখকরা তাদের জীবনের সেরা অনুভূতিগুলো একত্র করেন দুই মলাটের মাঝে যাকে আমরা বই বলি। সে নীরব ভাষা আপনার সাথে এত কথা বলবে এত কথা বলবে যে নিজেকে কখনো একা মনেই হবে না।
সে শব্দগুলো আপনাকে কখনো ডাইনী হত্যাকারী রাজকুমার বানাবে, কখনো ঘোড় সওয়ারী বীর, বুদ্ধিমতী প্রেমিকা, জ্ঞানী বৃদ্ধ, চিন্তাশীল বিজ্ঞানী। কখনো নায়ক কখনো বা ভিলেন।
সফল হোক বইমেলা ২০১৫ । আমরা সাধারণত পরিচিত লেখক দের বই কিনি। এতে করে আমরা তিনটা কাজ করি।
১। নতুন লেখক বের হয়ে আসার পথ নষ্ট করি ।
২। নতুন অভিজ্ঞতা, অনুভূতি আস্বাদনের পথ বন্ধ করি।
৩। তৃতীয়টি মারাত্মক , ভাষা সাহিত্যের বিকাশের পথ রুদ্ধ করি ।
তাই প্রতিবার বই মেলায় অন্তত দুজন নতুন লেখকের বই কিনুন। একটা বিষয় দারুণ সত্য যে পৃথিবীর সব চেয়ে খারাপ বই ও অন্তত একটা ভাল লাইন আপনাকে আস্বাদন করতে দেবে। সব চেয়ে অপ্রয়োজনীয় বই ও মগজকে একবার নাড়া দিবে। তাই এবার শ্লোগান হোকঃ
" আবারও মেলায় যাই,
নতুন হাতের নতুন বই চাই"
বইয়েরই ক্ষমতা আছে অতীত, বর্তমান ভবিষ্যতে বিচরণের।তাই অনর্থক শো পিস প্রসাধনী, কুর্তা না কিনে আসুন বই কিনি। উপহারে থাকুক শুধুই বই।
প্রতিদিন চায়ের কাপের পাশে বই থাক, মনিটরের পাশে থাকুক বই, বই থাকুক বাথরুমে, জ্যামের বাসে, কিবা যাত্রা পথে।
ইলেকট্রিক বিলের লাইনে দাড়িয়ে আপনার হাতে একটা বই থাকতেই পারে। সময়কে উপভোগ করতে চান বা সময় থেকে পালিয়ে থাকতে চান বই হোক শ্রেষ্ঠ সঙ্গী।
আসুন আবার বই পড়ি।
আরেকটা বই পড়ি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
সানজিদা আয়েশা সিফা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ দেয়ার জন্য
আপনার জন্য শুভ কামনা ।
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
মুদ্রা সংগ্রাহক বলেছেন: চমৎকার পোস্ট। প্রথম ভালো লাগা। এত ভালো একটা পোস্টে তেমন কোন মন্তব্য নেই দেখে বেশ অবাক হলাম।
কিছু বানান ভুল চোখে পড়ল, যেমন:
পঙ্ঘিরাজ: পঙ্খীরাজ /পঙ্খিরাজ
জুল ভারনের - জুল ভার্ণের
ভ্রমনে - ভ্রমণে
সিধবার্থ - সিদ্ধার্থ
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
সানজিদা আয়েশা সিফা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
আমি আসলে অভ্রতে অনেক চেষ্টা করেও বানান গুলো ঠিক করতে পারি নি।
যারা পোস্ট পড়বেন তাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশা করি । আশা করছি আপনার মন্তব্য দেখে সবাই সঠিক বানানগুলো দেখে নিবেন ।
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার পোস্টটি পাঠককে নাড়া দিবে সন্দেহ নাই। খুব ভালো লিখেছেন। একবার যারা বই পড়ায় আনন্দ খুঁজে পান, অন্য কোন আনন্দ তাদের এতো আনন্দ দিতে পারে না, যতটা পারে একটা বই।
নবীন লেখকদের নিয়ে আপনার মূল্যায়নও যথার্থ হয়েছে। খুব ভালো একটা পোস্ট। নবীন প্রবীণ সকল লেখকের জন্য আশা জাগানিয়া একটা পোস্ট। ধন্যবাদ সানজিদা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
সানজিদা আয়েশা সিফা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে , এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ।
কষ্ট করে পোস্টটি পড়েছেন এ জন্য আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন ![]()
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৬
জাফরুল মবীন বলেছেন: সময়োপযোগী চমৎকার লেখনি।আশা করি সবাই আপনার এ আহবানে সাড়া দেবেন।
গুরুত্ব বিবেচনায় পোস্টটি আমার ফেবু টাইমলাইনে শেয়ার করেছি এবং সবাইকে তা পড়ার অনুরোধ করেছি।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা ![]()
শুভ সকাল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭
সানজিদা আয়েশা সিফা বলেছেন: মবীন ভাই , অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা থাকে না , তাই কিছুই বলার নেই আপনাকে
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
প্রশান্ত মন বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীন ভাই, আপনার ফেবু লিঙ্ক দেখেই পোষ্টটি পরতে আসলাম।
সানজিদা আয়েশা সিফা কেও ধন্যবাদ সুন্দর সময় উপযোগী লিখার জন্য।
নতুন বই কিনলে এবং পরলেই নতুন লেখক হবে এবং ভাষা সাহিত্যের বিকাশ হবে,
কিন্তু নতুন লেখকদের মধ্যে মান সম্মত লিখা কম পাওয়া যায় তাই আমরা নতুন লেখকদের বই কিনতে ভয় পাই।
এ সমস্যা সমাধানের কি কোন উপায় জানা আছে থাকলে শেয়ার করুন তাহলে সেটা নতুন লেখক এবং নতুন পাঠক সবার উপকার হবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
সানজিদা আয়েশা সিফা বলেছেন: লেখা এমন এক বিষয় যে লিখতে লিখতে তাতে নিয়ন্ত্রণ চলে আসে , এই সামু ব্লগেরই অনেক লেখক খুব খুব ভাল লিখেন , তাদের অনেকেরই বই বেড়িয়েছে এবার , আমরা একটু পড়লেই তারা আরও ভাল লিখতে পারবেন ।
একটুকরা হৃদয় খোলা হাসি এক বাটি সূপের চেয়েও অনেক ভাল
,
আমাদের এতটুকু উৎসাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভাল কিছু তৈরি করবে
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২
আমি ইহতিব বলেছেন: খুব সুন্দর লিখেছেন। বই এর মত ভালো বন্ধু আর কিছুই হতে পারেনা।
বই মেলার খুব কাছেই থাকি, ব্যস্ততার কারনে এখনও যাওয়া হয়নি। আশা আছে খুব তাড়াতাড়িই যাবো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
সানজিদা আয়েশা সিফা বলেছেন: জনাব ইহতিব ,
অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য । আমারও একই দশা , তবে শীঘ্রই যাব আশা রাখি ।
আপনি খুব ভাল থাকুন ।
৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯
সোহান মোল্লা বলেছেন: বই আমাদের একমাত্র সঙ্গী যা সুখে দুঃখে আমাদের সঙ্গ দেবে | আপনার পোষ্টটা পড়ে ভালো লাগলো |
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
সানজিদা আয়েশা সিফা বলেছেন: আপনি কষ্ট করে আমার পোস্টটি পড়েছেন এজন্য আমার অশেষ কৃতজ্ঞতা ।
অনেক ভাল থাকুন
৮|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: আমার বই মেলা এখন
রকমারি তে ঘুরাঘুরি ...
লেখা ভাল লেগেছে ...
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
সানজিদা আয়েশা সিফা বলেছেন:
বই পড়াটাই আসল কথা । আমিও শেষ কয়েক মাস এভাবেই বই কিনেছি।
অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ার জন্য ![]()
৯|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লেখা। যার বই পড়ার অভ্যাস সেই জানে বইয়ের তুলনা শুধু বই ই হতে পারে। এর মজা অন্য কিছুতে নাই। শুভেচ্ছা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৪
সানজিদা আয়েশা সিফা বলেছেন: আপু খুব সুন্দর একটি কথা বলেছেন ,
যার বই পড়ার অভ্যাস সেই জানে বইয়ের তুলনা শুধু বই ই হতে পারে। এর মজা অন্য কিছুতে নাই।
এর চেয়ে সুন্দর কথা আর কিই বা হতে পারে ।
অনেক শুভ কামনা আপনার জন্য ।
১০|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
জানা বলেছেন:
বাহ্, চমৎকার লেখা। পড়ে ভাল লাগায় মন ভরে গেল।
মনে আছে, অতীন বন্দোপাধ্যায়ের 'নীল কন্ঠ পাখির খোঁজে' 'অলৌকিক জলযান' আর 'ঈশ্বরের বাগান' এর কথা? নিশ্চয়ই পড়েছেন। গজেন্দ্র কুমার মিত্রের ট্রিলজি 'কোলকাতার কাছেই', 'উপকন্ঠে' এবং 'পৌষ ফাগুনের পালা'? 'প্রথম আলো', 'কালবেলা', 'কালপুরুষ'....।আমার পড়া শ্রেষ্ঠ ট্রিলজিগুলোর কয়েকটি। আরও কত কত উপন্যাস, গল্প, অনুবাদ....শীর্ষেন্দু, সমরেশ, সুনীল, বিভূতিভূষণ.... এই বিভূতিভুষণ আমার সর্বকালের পছন্দের সাহিত্যশ্রষ্ঠা। আমার মত পাগল প্রকৃতিপ্রেমীকে উনি কানায় কানায় আনন্দে ভরিয়ে তুলেছেন। অনুবাদ এরিখ মারিয়া রিমার্ক, মার্ক টোয়েন, গার্সিয়া...ওহ! আরও কত কত....।
এ বইগুলোর আগে আমার চৌদ্দ/পনর বছর বয়সে একটি বই আমাকে কয়েকদিন কি যেন এক আবেশে আচ্ছন্ন করে রেখেছিল, সেটি সেলিনা হোসেন এর 'মগ্ন চৈতন্যে শীষ'। বই নিয়ে কত কি যে বলতে ইচ্ছে করে! আর ছোট্টবেলায় পড়া আতোয়াঁ দ্যো সাঁ'র 'ছোট্ট রাজপূত্র'? সেই ' অসাধারণ ছবিঅলা রাশান বইগুলো? 'গমের শীষ' 'বুদ্ধমতি মাশা, 'ব্যোমনাবিক' 'শেয়াল ও 'খরগোশ'.... আহা! কী আনন্দের সময়টাই না ছিল।
ইচ্ছে করছে, বই নিয়ে একটা জমজমাট চায়ের আড্ডা দিতে। ![]()
অনেক ধন্যবাদ পোস্টের জন্যে। ভাল থাকবেন প্রিয় সানজিদা আয়েশা সিফা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯
সানজিদা আয়েশা সিফা বলেছেন:
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানা আপু ।
একটা ভাল উদ্যোগ নেয়া এবং সেটিকে সামনে চালিয়ে নেয়ার মত নেতৃত্ব খুব কম মানুষের থাকে ।নিঃসন্দেহে আপনি তাদের একজন । দেশের ভাষা সাহিত্য সংস্কৃতির উৎকর্ষ সাধনের জন্য আপনার মত সাহসী মানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা ।
আপনার মন্তব্য দেখেই বুঝলাম যে আপনাকে আপনি করে তোলার পিছনে বই অনেক বড় অবদান রেখেছে । আপনার পড়ার তালিকাও বেশ বড় এবং চমৎকার ।
আমার নিজেরও খুব ভাল লাগবে যদি একদিন আপনার সাথে বই নিয়ে কথা বলার সুযোগ পাই ।
আপনার জন্য নিরন্তর শুভকামনা ।
১১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
আরজু পনি বলেছেন:
আপনার পোস্টটা দেখে রেখেছিলাম ।
অনেক ভালো লাগা রইল ।
পাঠকের পড়ার সুবিধার্থে আমার
♣ শততম পোস্ট !
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣ এই পোস্টটাতে যুক্ত করে দিলাম ।
আপনার জন্যে অনেক শুভকামনা রইল ।
আলো ছড়িয়ে দিন সবর্ত্র ...।।
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪
সানজিদা আয়েশা সিফা বলেছেন: আপু ব্লগের বিকাশে আপনার অবদান যে কেউ সম্মানের সাথে স্বীকার করবে ।
সেই আপনার শততম পোস্টে নিজের একটি লেখা সংযুক্ত হয়েছে এজন্য আমার অশেষ কৃতজ্ঞতা ।
ভাল থাকুন নিরন্তর ।
১২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক ভালো লাগল আপনার লেখা।
সময়োপযোগী লেখায় +++
বই এমন একটা বন্ধু যার কাছ থেকে পাওয়া যায় অনিঃশেষ জ্ঞান।
তাই সকলেরঈ উচিত এই অভ্যাস গড়ে তোলা।
১৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওহে আলোর পরী!
গত দু’বছর ধরে আমি সাধারণত ব্লগারদের বইই কিনি....
আপনার লেখাটি অনেক সুন্দর হয়েছে।
১৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০
আরেফিন রাফি বলেছেন: নতুন লেখকদের বই কেনা উচিত তা জানতাম। কিন্তু এই পোস্টটা পড়ার আগে বিষয়টা নিয়ে আসলে ওভাবে ভাবা হয় নাই। প্রতি বই মেলায় নিয়ম করে নতুন লেখকদের বই কেনা না হলেও বিখ্যাত নন এমন লেখকদের নন ফিকশন ক্যাটাগরীর বই আমার প্রতিবারই কেনা হয়। তবে গল্প উপন্যাস এর ক্ষেত্রে একদম আনকোরা লেখকদের বই কেনার সাহস করে উঠতে পারিনা। অবশ্য ইদানিং ফেসবুকের সুবাদে নতুন বেশ কিছু লেখকের লেখা পড়ছি এবং গত দু'তিন বছর নিয়ম করে তাদের বই কেনাও হয়েছে।
১৫|
০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০
প্রামানিক বলেছেন: বই কেনা এবং পড়া আমার নেশা। ব্লগারদের বই তাও কিনে পড়ি।
১৬|
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাফরুল মুবীন ভাইয়ের পোস্টে আপনার কমেন্ট দেখে আপনার সাথে পরিচিত হতে এলাম ।
আপনি যথার্থই বলেছেন ,''আমাদের এতটুকু উৎসাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভাল কিছু তৈরি করবে ।''
আপনার লিখার হাত ভালো , চালিয়ে যান ।
শুভ কামনা রইল ।
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৪
সানজিদা আয়েশা সিফা বলেছেন: জাফরুল মুবীন ভাই একজন অসাধারণ মানুষ , তিনি নিজেও যেমন ভাল কাজ করেন অন্যদেরকেও উৎসাহ দেন ।
আর আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য । আপনার উৎসাহ টুকু মাথা পেতে নিলাম ।
আপনার জন্য অনেক শুভ কামনা ![]()
১৭|
৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
মোঃ মুন্না খান বলেছেন: আপনি যে টি লিখেছেন সেটা আমার খুব ভাল লাগলো
........................................................।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভালো লাগল। আমি ফেসবুকে দিলাম।