নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shakhawat Nayon

শাখাওয়াৎ

শাখাওয়াৎ নয়ন: জন্ম ২০ মে, মাদারীপুর জেলার কুন্তিপাড়া গ্রামে নানাবাড়িতে। বাবা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা এবং মা রিজিয়া বেগম। ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষায় ডাবল শূন্য পেয়ে শিক্ষাজীবনের শুরু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পেরেছিলাম। সমাজবিষয়ক গবেষণা দিয়ে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু। বর্তমানে অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ’-এ পিএইচডি করছি। বাল্যকালে ছোট চাচাকে পত্র লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি। ঢাকা, কলকাতা, অস্ট্রেলিয়া, কানাডা ও লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্র-পত্রিকায় প্রবন্ধ, নিবন্ধ ও গল্প, উপন্যাস লিখি; পাশাপাশি এসব দেশের অনলাইনভিত্তিক পত্রিকাতেও বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করি। "ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প (২০১২)" আমার প্রথম প্রকাশিত গ্রন্থ। "অদ্ভুত আঁধার এক (২০১৩)" প্রথম প্রকাশিত উপন্যাস। "নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি" (২০১৪) প্রথম নিবন্ধ গ্রন্থ।

শাখাওয়াৎ › বিস্তারিত পোস্টঃ

এখনো আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে

১০ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৯

প্রায়ই লেখা-পড়া ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে। দূরগামী কথার ভিতর থেকে কথা বলতে, মহাকালের কোনো না কোনো চিন্তার ভিতরে ঢুকে চিন্তা করতে ভালো লাগে। সারাক্ষণ মনে হয়, কালীদাসের মেঘদূতের সাথে পার্বতীর কাছে উড়ে যাই।



আপনারা কেউ জানেন? কালীদাস ভারতের কোন অঞ্চলে জন্মেছিলেন? তিনি বিদ্যার জন্য কালী দেবীর দাস হতে গিয়েছিলেন কেন? দুর্গাদাস কিংবা সরস্মতীদাস হলে ভালো হতো না? ওরা তো দেখতেও সুন্দরী। লোকটা দেবদাস না হয়ে কেন যে, দেবীদাস হয়েছিলেন? জানি না। বাল্মিকী সাহেবের কথাও মনে পড়ে। ওনার নাম উচ্চারণ করতে কেমন জানি লাগে। ওনার নাম বাংলা করলে চুল্মিকী, হ্যা চুল্মিকী অথবা কেশ্মিকী হয়। তার সৃষ্ট চরিত্র রাম-রাবনরা এখন দোর্দন্ড প্রতাপেই আছেন। এই চুল্মিকী সাহেবই প্রথম, নায়িকা অপহরনের গল্প বলেছেন। তিনি রাবনকে দিয়ে সীতাকে অপহরণ করিয়েছিলেন। সীতাই প্রথম অবরোধবাসিনী। তার কাহিনীকে এদিক ওদিক করে এখন কত কত সিনেমা হয়। এই চুল্মিকীর কারনেই অযোধ্যায়ও যুদ্ধ হয়।



রামায়ন, মহাভারত, পদ্মাবতী, মেঘনাদবধ কাব্য সবই হয়তো একদিন সাতটি তারার তিমিরে হারিয়ে যাবে কিংবা পুড়ে যাবে মহাশশ্মানে। অথবা কংশের জলে ভেসে যাবে। তার পরেও আমরা কোনো ভাবেই যেন অকৃতি অধম না হই। তারা তো কম করেও কিছু দেয়নি।



সব কিছু ভেঙ্গে পড়ে। থাকে শুধু প্রেম, প্রেম এবং প্রেম। প্রেম একটি ধর্মের নাম। রাধা-কৃষন, লাইলী-মজনু, ইউসুফ-জোলেখা, বেহুলা-লক্ষীন্দর। এরা সবাই প্রেম ধর্মের অবতার, দেব-দেবী। তাদের বানী-বাক্যের মূল কথা হচ্ছে, বাকা দুই নয়নে নিশা তখনো লাগতো, এখনো লাগে। এখনো আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে। নিন্দার কাটা তখনো পায়ে বিধতো, এখনো বিধে। তার পরেও যমুনায় জল আনতে রাধারা যাবেই। পিড়িতি শিখাইয়া তখোনো কেউ না কেউ ছেড়ে যেত, এখনো যায়। তখনো বিরহে মানুষ গেয়ে উঠতো, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। কোনো একদিন যদি ধানসিড়ি নদীটি মরেও যায়, হলুদ রঙের পা-ওয়ালা শালিখ আর একটিও অবশিস্ট না থাকে, তার পরেও এই রুপসী বাংলায় বনলতা সেনদের জন্য জীবননান্দদের জন্ম হতেই থাকবে। বনলতা সেনরাও পাখির নীড়ের মতো চোখ তুলে বলবেই, এতো দিন কোথায় ছিলেন? কেউ কথা না রাখলেও, বংগদেশের প্রেমিকরা নীলবরণ কাগজে বন্ধুর নামটিই লিখবে। শুধু বন্ধুর নামটিই লিখবে। নিশাচর ভবঘুরে মেস নিবাসী হিমুদেরকে কোনো না কোনো অসম্ভব রুপবতী রুপারা এসে জিজ্ঞেস করবেই, তোমার চোখ এত লাল কেন? তোমার চোখ এত লাল কেন? মুয়ুরাক্ষী নদীর ধারে নিয়ে গিয়ে হিমুরা রুপাদের সারপ্রাইজ দিয়ে বলবে, এই দেখ তোমার জন্য এনেছি সাতটি অমরাবতী। সাতটি অমরাবতী।



পরবাসে দূরদেশে থাকি। এখানেও পুস্পে পুস্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। এই দেশের কাননেও অলি আসে। তারাও ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। বাতায়ন খুলে রাখি। বেদের মেয়ে জ্যোৎস্না এসে যদি ফিরে যায়। এমনিতেই ঘাটে নদী নাই। অনেক নদী মরে গেছে। মনে পড়ে যারে, সে আছে পরানের গহীন ভিতরে। আমি কোথায় পাবো তারে? একা একা গুন গুন করে গাই, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বাল্যকালের সেই সব দিনরাত্রীতে ফিরে যাই, ফুলের গন্ধে ঘুম না আসা রাতে, হাসি-খেলা শেষ না হওয়া দিনে। আব্বুর কথা মনে পড়ে, আম্মুর কথা মনে পড়ে। দেশের কথা মনে পড়ে। দেশের কথা মনে পড়ে। দেশের কথা মনে পড়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:১৯

সোহানী বলেছেন: বুঝলাম না ... নামের সাথে লিখার কি মিল পেলাম !!!!

আপনি কি জানেন এ নামে অনিমেষ ও জয়ার একটা চমৎকার নাটক হয়েছিল???

২| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৯

শাখাওয়াৎ বলেছেন: সোহানী @ আপনাকে ধন্যবাদ। আমি জানি সেই নাটকের কথা। "তবুও আংগুরলতা নন্দকে ভালোবাসে"। এটা একটা কবিতার লাইন।

আমার লেখাটি প্রেম প্রধান। ব্যক্তিপ্রেম থেকে শুরু করে দেশপ্রেম। তাই এমন নাম দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.