| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহজাহান কামাল অনি
মনের ভিতরের ভাবনার বুদ্বুদ গুলোকে সবার সাথে মিলিয়ে দেখতে চাই। হিপক্রেসি আমি খুবই অপছন্দ করি। যা মনে করি তা সোজাসুজি ভাবে বলতে এবং শুনতে ভালো লাগে।
অতঃপর সমুদ্রস্নান শেষে উঠে এলাম, দেখো-
এখনো শরীরময় ক্যামন লেগে আছে
শ্যাওলার সবুজ গন্ধ,
এখনো চোখের মণি জুড়ে মীনের
মরা চোখের ক্যামন আকুলতা,
এখনো শিরদাঁড়ায় পূর্বপুরুষের রাজবাড়ীর
ক্যামন লবণাক্ত স্বাদ!
সমুদ্রতীরে জলের গহবর ছেড়ে উঠে
মনে হলো-
আমার ছিলোনা কোন তারুণ্য অথবা
মিছে আমার যৌবন- এর
আলো- ছায়া ঝিকিমিকি নকশা;
আমি ভুলে গেছি আমার পূর্বপুরুষ
একদা লাঙ্গল চষে বীজ বুনতেন,
বর্শা- ছোরা হাতে ঝাঁপিয়ে পড়তেন শিকারের
উপর, সন্ধ্যার খিস্তি খেঁউড়ের পর রাতে
চোলাই মদ খেয়ে গলাগলি ঘুমাতেন।।
আমার সমুদ্র-স্বপ্ন শেষে এখন
শুধুই ঝাউবনের ফিসফিস নৃত্য;
আমার লোমশ বুকে ঝলসে উঠে অভ্র ধাতুর
সৌখিনতা, আমার পাঁজরে- হৃদয়- মাংসপেশিতে
জমাট বাঁধে সাম্রাজ্যবাদের নুড়ি- কাঁকর।
আমার ভুলোমন ভুলে গেছে হয়তো
কোনোদিন আমি কম্যুনিস্ট ছিলাম।
আমার মৃত চোখ আজ রূপালি মাছের
কর্নিয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়-
বুকের হাড়ে জলছাপ খুঁজে ফেরে
আমারই কঙ্কাল হাত-
আমার ফসিল হৃদপিণ্ড সমুদ্রের
ছোঁয়া পাবে বলে আত্মাহুতি দেয়
পাহাড় থেকে গড়িয়ে নেমে।।
(রচনাকালঃ ০১/০৭/২০০৩)
©somewhere in net ltd.