নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহম্মদ আতিক আবরার

মুহম্মদ আতিক আবরার › বিস্তারিত পোস্টঃ

লাইন

২৯ শে মে, ২০১৪ রাত ৯:৫৩

লাইনে আছি। রোগীর লাইন। ঠিক দাঁড়িয়ে নেই। ওয়েটিং রুমের চেয়ারে বসে আছি। লাইন দেখে আমি রীতীমত আতঙ্কিত। দেখে মনে হচ্ছে দেশের অর্ধেক মানুষ রোগী। সবাই লাইন ধরে ডাক্তার দেখাতে এসেছেন। ডাক্তাররাও লাইন ধরে বসে আছেন। রোগী দেখছেন। আমি বসে বসে সবার ব্যস্ততা দেখছি আর চিন্তার কাজ করছি। লাইন নিয়ে চিন্তা।

মানুষের পুরো জীবনটা লাইনময়। জন্মের পর বাচ্চার চেহারা দেখার জন্য আত্মীয়স্বজনের লাইন। আদর করার মানুষের লাইন। একটু বড় হওয়ার পর ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য লাইন। স্কুলের সামনে অভিভাবকদের লাইন। সবার একটাই চিন্তা বাচ্চাটাকে ভালো লাইনে নিয়ে যাওয়া। তাই ছোটবেলা থেকে লাইন ঠিক করার জন্য সবার দৌড়।

স্কুল-কলেজে ভালো রেজাল্টের পর মিষ্টির লাইন। পরামর্শদাতার লাইন। তারপর ভালো লাইনে যাওয়ার যুদ্ধ। মানে ভর্তি যুদ্ধ। কেউ পছন্দসই লাইনে যায় আর কেউ যেতে পারে না। তারপর চাকরির বাজারে বেকারদের লাইন। যার মামা-খালুর লাইন যত লম্বা চাকরির লাইনে সে তত বেশি এগিয়ে। তবে স্কুল আর কলেজে অনেকে লাইনছাড়া হয়ে অন্য লাইনে চলে যায়।

আবার এর মধ্যেও অনেক লাইন। ভালো রেজাল্টের আশ্বাস দেওয়া অনেক প্রাইভেট টিওটর আর কোচিং সেন্টারের লাইন। সেখানে ছেলে মেয়েদের লাইন। মেয়েদের পিছনে ছেলেদের লাইন, ছেলেদের পিছনে মেয়েদের লাইন (তুলনামূলক ছোট)। এই লাইনে থাকতে গিয়ে অনেকে বে-লাইন।

এরপর বিয়ের বাজারে পাত্রপাত্রীর লাইন। সুন্দরী পাত্রীর জন্য পাত্রের লম্বা লাইন। আর সে বিয়ে খাওয়ার জন্য মানুষের লাইন। তারপর আবার সেই জীবন সংগ্রামের রুটিনবাঁধা লাইনধরা কাজ।

রাস্তায় কর্মব্যস্ত মানুষের লাইন, ভিখারির লাইন, টোকাইয়ের লাইন, ফেরিওয়ালার লাইন। ব্যাংকে, অফিস-আদালতে, হাটে-ঘাটে, শপিংমলে মানুষের লাইন। ক্লিনিক-হাসপাতালে রোগীর লাইন, তার সাথে দালালদের লাইন, যে কোন ইস্যুতে প্রতিবাদী মানুষের লাইন, তাদের প্রতিবাদে রাস্তায় গাড়ির লম্বা লাইন, সেই লাইন খুলতে পুলিশের লাইন, সে ঘটনা কাভার করতে সাংবাদিকদের লাইন।

লাইন, লাইন, লাইন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা কোন না কোন লাইনে। স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুর পর লাশের লাইন, সেই লাশ দাফন করার জন্য মানুষের লাইন, কবরস্থানে সারি সারি কবরের লাইন। তারা ইহকালের লাইন শেষ করে এখন পরকালের লাইনে। তারপর শেষ বিচারের দিন জান্নাতি আর জাহান্নামীদের লাইন। একমাত্র তখনই এই লাইনের শেষ। তবে পৃথিবীতে যেই লাইনেই থাকিনা কেন আল্লাহ্‌ যেন সেদিন আমাদের সবাইকে জান্নাতিদের লাইনেই রাখেন। আমীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.