নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নব নন্দিনী

অনেক কিছুই উঁকি দেয় মনের কোনে। কখনও লেখা হয়না। সাধ আর সাধ্য বুঝি এক হবার নয়। শুধুই সাধের জোরে ব্লগে আসা।

নব নন্দিনী

মানুষ আজকাল বড্ড পার পেয়ে যাচ্ছে। সাধ হয়, আটকে দিই তাদের..

নব নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে ইচ্ছে করে!

১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৯

বেঁচে থাকতে ইচ্ছে করে আমার, বড় বেশী ইচ্ছে করে ইচ্ছেমতো বাঁচবার। ইঁদুরের মতো গর্তে কাটানো জীবন নয়, শ্বাপদের মতো বনে-বাদারের জীবন নয়, কিম্বা নয় অপরাধীর মতো পালিয়ে বাঁচা জীবন। এমনকি এমন জীবনও নয় যে জীবনের প্রতিটি ক্ষণ কাটাতে হয় গ্লানিতে, কষ্টে, বেদনায ..



ছোটবেলায় একবার ভুল করে এক বস্তির ভেতর ঢুকে পরেছিলাম। কোনভাবেই বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না। চেনা বস্তি, বাসার কাছেই ছিল। অথচ ঢুকার পর সেটিই হয়ে গিয়েছিল চির অচেনা। ভেতরটায় গিজগিজ করছিল মানুষ, জীবিত সব মানুষ, নানা বয়েসী। তারাও নিয়মিত হাসে, কাঁদে, কুতসিত গালাগালি যাদের নৈমিত্তিক জীবনের অংশ। তারাও পার করে জীবন। এমন বাঁচাও আমি মেনে নিতে পারবো না।



তাহলে? কিভাবে বাঁচবো? যেভাবে বাঁচার জন্য পালিয়ে বেড়াতে হয়না, লুকোতে হয়না ইঁদুরের গর্তে, হারাতে হয়না সম্ভ্রম। যে ভাবে বেঁচে থাকা অনেক আনন্দের, পূর্ণতার। যেভাবে বাঁচতে গিয়ে শতবার মরে যেতে ইচ্ছে করবেনা, সেভাবে বাঁচতে চাই। বেঁচে থাকার আগ্রহ আমার আজন্মের!

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: সকলের জন্যে ইহা প্রযোজ্য নহে!

১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১:১০

নব নন্দিনী বলেছেন: কাহার কাহার জন্য অপ্রযোজ্য তাহার উদাহারন কি পাইতে পারি জনাব?

তবে ধন্যবাদ লেখাখানি পড়িবার জন্য।

২| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৫

মাস্টার বলেছেন: অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে ;)

১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১:১২

নব নন্দিনী বলেছেন: জগতে কোনভাবে একটুখানি টিকিয়া থাকাই যাহাদের লক্ষ্য আমি তাহাদের দলভূক্ত নই।

আপনাকে ধন্যবাদ জানাই আমার বাড়িতে আসিয়া মন্তব্য করিয়া যাওয়ার জন্য। :)

৩| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৮

কাজী আবূ সাঈম বলেছেন: কিছু মানুষ এর Life Style দেখে মনে হয় আমরা তো লাশ....!!!

১৮ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:৪৫

নব নন্দিনী বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন। কিছু মানুষ তার চারদিকে তাকায় না, তারা ভয়ানক রকমের স্বার্থপর ও অপরিনামদর্শী। এমন মানুষ যত কম থাকবে ততই মঙ্গল।

৪| ১৮ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০৩

আদম_ বলেছেন: কত দুর আনন্দ নগর
মেঘের ঐশ্বর্য ভেঙ্গে দ্যুতিময় জল।
কার স্পর্শে নেচে উঠে আকাশ হৃদয়
রুপো ঝরা অজস্র মূহুর্ত।
মানুষ কি শেখেনি
বৃষ্টির গুঢ ভাষা, নিসর্গের চারুপাঠ
রাতের চশমা পড়া দিনের নামতা।

১৮ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:১৯

নব নন্দিনী বলেছেন: মনে হচ্ছে কবিতা। সুন্দর কথাগুলো। এমন সুন্দর ভাবনাগুলো মানুষকে ভালভাবে বাঁচতে সহায়তা করে।

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

৫| ১৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০১

নীলঞ্জন বলেছেন: পাওয়া, না-পাওয়ার মাঝেই জীবন,
বহমান স্রোতধারা এক; বয়ে যায় আপনমনে ততক্ষণ -
যতক্ষণ না সে মিলায় কোন এক মিলন মেলায়, মহাধারায় -
মহালোকে বিবর্তন, বিসর্জন সাজে এঁকে বেঁকে।

মাঝে পড়ে কত শত ফুলবন, কুলবন, তটবন; সবকিছু মাড়িয়ে,
আরো আরো বড়, ছোট, মাঝারি সব স্মৃতিবন; লাফে লাফে পেরিয়ে -
স্মৃতিহীন ভুলোমন হয় সে; হয়ত -
অপেক্ষায় ম্রিয়মান, চলমান, গতিমান ভুবনকে ছাড়িয়ে,
খুঁজে ফিরে সারাক্ষণ - কে'বা পর, কে আপন?
হাজার মুখের ভীড়ে গোপণে পেছনে মুড়ে কিছুক্ষণ।

ভাবনার ছায়াতলে একরাশ ধূলো খেলে -
স্মৃতির আসন ফেলে গতিপথে ফিরে এসে,
পথচলা শুরু করে সে আবার; হয়ত -
ধূসর পেছনে রেখে রঙিন ঘুড়িতে বসে,
খটমটে পথে চলে অবিরাম ;
মুখটা বেজাড় করে সাদা-কালো চোখে দেখে বর্তমান;
শুধুই বর্তমান - ছাইরঙা বর্তমান।

১৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৫

নব নন্দিনী বলেছেন: বহমান স্রোতধারা এক; বয়ে যায় আপনমনে ততক্ষণ -
যতক্ষণ না সে মিলায় কোন এক মিলন মেলায়, মহাধারায় -


মিলনমেলা বা মহাধারা কি তবে মৃত্যু? যদি না হয়, স্রোতধারা কি বহমানই থাকেনা?

আপনার মন্তব্যটিতো সুন্দর এক কবিতা। গভীর ভাবনায় জড়ানো এক কবিতা। অনেক ধন্যবাদ ভাই।

৬| ১৮ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

একটু স্বপ্ন বলেছেন:
'তাহলে? কিভাবে বাঁচবো? যেভাবে বাঁচার জন্য পালিয়ে বেড়াতে হয়না, লুকোতে হয়না ইঁদুরের গর্তে, হারাতে হয়না সম্ভ্রম। যে ভাবে বেঁচে থাকা অনেক আনন্দের, পূর্ণতার। যেভাবে বাঁচতে গিয়ে শতবার মরে যেতে ইচ্ছে করবেনা, সেভাবে বাঁচতে চাই।'

আমারতো মনে হয় প্রায় সবাই এমন বাঁচাই বাঁচতে চাইবে। এমন বাঁচা ছাড়া আবার বাঁচা যায় নাকি নন্দিনী?

ভাল পোষ্ট।
ভাল হোক।

১৯ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৯

নব নন্দিনী বলেছেন:
সেভাবেই বাঁচতে চাওয়া উচিৎ স্বপ্ন ভাই। কিন্তু এটা তাদের চযেস-এর উপরও নির্ভর করেনা? নাহলে কেন অনেক মানুষ বেছে নেয় তেমন জীবন?

ভাল থাকবেন।

৭| ২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৬

একটু স্বপ্ন বলেছেন:
ঠিকই বলেছেন, মানুষ ভিন্ন বলেই বেছে নেয় ভিন্ন জীবন..ভিন্নতারও সৌন্দর্য আছে, তবে অসুন্দর ভিন্নতার ব্যাপারটি আলাদা.. :(

২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৮

নব নন্দিনী বলেছেন: অসুন্দর চিন্তার মানুষেরা অসুন্দর জীবন বেছে নিতেই পারে। কিম্বা তারা হয়তো জীবনের সৌন্দর্য্য বিষয়েই সচেতন নয়..

আপনার মন্তব্য আমার জন্য অনেক উৎসাহব্যঞ্জক।
ভাল থাকবেন অনেক ভাইয়া। :)

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১:৫৭

এই সব দিন রাত্রি বলেছেন: বেঁচে থাকাটা দারুন ব্যপার। এই যে কান পাতলেই শুনছি ধুক পুক ধুক পুক। হাতের মিহিন বুননে ঝড় তুলছি কিবোর্ডে। আহা। বেঁচে থাকাটা দারুন ব্যপার। যে বেঁচে নেই, তাকে জিজ্ঞেস করুন। বেচারা জবাব দেবার সামর্থ্য টুকুও হারিয়ে বসে আছে।
কোন বেঁচে থাকাই অর্থহীন নয়। শুধু দৃষ্টিভঙ্গির ব্যপার। কুৎসিত গালির ফাঁকে, আদর মাখা হাতে সন্তানের পাতে ভাত আর লবন বেড়ে দেবার গল্পটাও কিন্তু কম আকর্ষণীয় নয়।
বেঁচে থাকাটাই দারুন ব্যপার।
ভালো লাগলো আপনার লেখা। ভালো থাকবেন

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:১৫

নব নন্দিনী বলেছেন:
কোন বেঁচে থাকাই অর্থহীন নয়। শুধু দৃষ্টিভঙ্গির ব্যপার। কুৎসিত গালির ফাঁকে, আদর মাখা হাতে সন্তানের পাতে ভাত আর লবন বেড়ে দেবার গল্পটাও কিন্তু কম আকর্ষণীয় নয়।

অসাধারণ ভাবে বলেছেন আপনার অনুভূতি। সত্যিইতো বেঁচে থাকতে পারার আনন্দের সাথে তুলনা হয়না আর কোন কিছুর।

আপনি কষ্ট করে আমার লেখা পড়েছেন। এটাই আপনার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য যথেষ্ট।
ভাল থাকবেন।

৯| ১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০৭

ফারাহ দিবা জামান বলেছেন: অনন্য পোস্টে অসাধারণ কমেন্ট।
কোনটা পড়ি।
সবই পড়লাম।
আর অনেক ভালো লাগল আপু।
পূর্ণতাই বাঁচো-
এই দোয়া করলাম।

১৩ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩২

নব নন্দিনী বলেছেন: আপনার আদর আদর মন্তব্য মন ভরিয়ে দেয়। বুকভরা শুধু ভালবাসা, তাও আবার সবার জন্য তাইনা আপু?

অনেক অনেক ভাল থাকবেন প্রিয় আপু।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: ভালোভাবে বেচে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.