| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহাজের নাবিক পেশায় যারা ভবিষ্যৎ গড়তে চায় তাদের জন্য । নাবিক পেশায় স্বাগতম কিন্তু বেসরকারী মেরিন একাডেমিতে ভর্তি হতে হবে জেনে, শুনে, বুঝে। বেসরকারী মেরিন একাডেমিতে ভর্তির ক্ষেত্রে লক্ষণীয় ।
১ ভর্তির আগে অবশ্যই উক্ত একাডেমির পূর্ববর্তী ব্যাচসমূহের ছাত্রদের সাথে কথা বলে খুটিনাটি বিষয়াদি জেনে নিবেন।
২ ভর্তির আগে যে কোন বেসরকারী একাডেমি পরিদর্শনে যাওয়ার পর তাদের ঝকঝকে ফাইভ স্টার মার্কা ক্যাম্পাস দেখে ও উক্ত একাডেমির কর্মচারীদের চাপাবাজি শুনে ভর্তি হবেন না।
৩ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমের সাহায্যে উক্ত একাডেমির আগের ছাত্রদের সাথে কথা বলুন এবং ক্রস চেক করুন।
৪ OJT-অনবোর্ড জব ট্রেনিং অর্থাৎ ক্যাডেট হিসবে জাহাজে উঠানো সহ অন্যান্য কত খরচ পরবে তা লিখিতভাবে নিতে হবে ।কারন আপনাকে ভর্তির আগে ১৪ লক্ষ এবং ভর্তির পর ১৭ লক্ষ বলা হলে আপনি নিশ্চয় ক্ষুব্ধ হবেন।
৫ ভর্তির সময় আপনি বা আপনার অভিভাবক কোন সাদা কাগজে বা কোন স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করবেন না ।যদি স্বাক্ষর করতে হয় তাহলে ভালোভাবে পড়ে এবং ফটোকপি নিয়ে একজন উকিল ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সাথে যোগাযোগ করবেন । যদি ফটোকপি না দেয় তাহলে বুঝতে হবে ঘাপলা আছে এবং উক্ত একাডেমিতে ভর্তি না হওয়া উত্তম।
৬ ফার্মগেটের কোন মেরিন কোচিং সেন্টারের পরিচালকের পরামর্শে অন্ধভাবে কোন বেসরকারী একাডেমিতে ভর্তি হবেন না কারন তারা ছাত্র প্রতি কমিশন পায় ।
৭ বাংলাদেশে বিদ্যমান বেসরকারি একাডেমীগুলো শুধুমাত্র ২ বছর মেয়াদী প্রি-সি কোর্সের সার্টিফিকেট প্রদান করে । কোন BSc ডিগ্রি দিতে পারবে না ।২ বছরের প্রি-সি সার্টিফিকেট দিয়ে আপনি BCS দিতে পারবেন না ।ডিসেম্বর ২০১৪ পর্যন্ত পাওয়া তথ্য মতে বাংলাদেশের কোন বেসরকারী মেরিন একাডেমী BSc/BMS ডিগ্রী প্রদান করে না । বিস্তারিত ও সর্বশেষ তথ্যের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন । একমাত্র সরকারি মেরিন একাডেমি তথা বাংলাদেশ মেরিন একাডেমি ,চট্টগ্রাম উক্ত বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েটেড ।
৮ বাংলাদেশেই দুই বছর কোর্স করায় এইরকম একাডেমিতে ভর্তি হওয়া ভালো ।কারন এক বছর বাংলাদেশে ও এক বছর U.K. তে পড়তে গেলে খরচ অনেক বেড়ে যাবে । কারন U.K. তে আবাসন খরচ, যাতায়ত খরচ ,খাবার খরচ , চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল।
৯ ভর্তি হওয়ার পর যদি বুঝতে পারেন যে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভর্তি করানো হয়েছে তাহলে অবিলম্বে ভর্তি বাতিল করে চলে আসুন । যে কোন সমস্যা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও নৌ-সচিব বরাবর অভিযোগ দিতে পারেন ।
১০ দুই বছর প্রশিক্ষণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন কাজ হলো উপযুক্ত ( STCW 2010 কনভেনশন অনুসারে ) জাহাজে উঠা ,যা অনেক বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ প্রদান করতে পারে না ।এই বিষয়ে ভর্তির আগে উক্ত একাডেমির প্রাক্তন ছাত্রদের কাছ থেকে জানতে চেষ্টা করুন ।
১১ সরকারি ও বেসরকারি একাডেমিতে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত নূন্যতম যোগ্যতা ( HSC পরীক্ষায় GPA 3.50 এবং পদার্থ বিজ্ঞানে 3.50 , গনিতে 3.50, ইংরেজীতে 3.00 ) অনুসরন করতে হবে এবং বর্নান্ধ /Colour Blind (যারা লাল ও সবুজ রং এর পার্থক্য করতে পারে না ) হওয়া যাবে না ।চোখের পাওয়ার যথাযথ থাকা প্রয়োজন ।এর যদি কোন ব্যতয় ঘটে তাহলে আপনি ১৫-২০ লক্ষ টাকা খরচ করে ২ বছর কোর্স করার পর POMMD( মূখ্য কর্মকর্তা , নৌ বানিজ্য অধিদপ্তর ) থেকে চক্ষু পরীক্ষার সনদ পাবেন না ।ফলে আপনি বাংলাদেশী CDC পাবেন না ।ফলশ্রুতিতে ১৫-২০ লক্ষ টাকা খরচ করে আপনি যে প্রি-সি সনদপত্র অর্জন করলেন তা কোন কাজে লাগবে না।
১২ Guidelines ( Approval and Capacity Building ) of Private Maritime Training Institute , 2013 অনুসারে জাহাজে উঠানোর জন্য (অনবোর্ড) ও বাংলাদেশী CDC করার জন্য বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ অতিরিক্ত কোন টাকা গ্রহন করতে পারবে না ।" No hidden and subsequent charges shall be imposed on the candidates even for the issuance of CDC and placement . " আপনাকে যদি স্কলারশীপে বা কম টাকায় বা আর্থিক ছাড়ে বা ফ্রী পড়ানোর কথা বলে ভর্তি করে এবং ২ বছর পর জাহাজে উঠানোর জন্য (অনবোর্ড) ও বাংলাদেশী CDC করার জন্য বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ অতিরিক্ত কোন টাকা দাবী করে তাহলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও নৌ-সচিব বরাবর অভিযোগ দিতে পারেন ।
১৩ নগদ/হাতে হাতে কোন প্রকার লেনদেন করবেন না । সকল টিউশন ফি / অন্য সকল ফি ব্যাংকিং চ্যানেল/একাউন্টের মাধ্যমে পরিশোধ করবেন ।
১৪ ডেক ক্যাডেট অবশ্যই 500 GRT বা তদূর্ধ্ব বিদেশগামী জাহাজে এবং ইন্জ্ঞিন ক্যাডেট অবশ্যই 750 কিলোওয়াট বা তদূর্ধ্ব বিদেশগামী জাহাজে এক বছর অনুমোদিত সি- সার্ভিস থাকলে এবং উহা ট্রেনিং রেকর্ড বুক দ্বারা সমর্থিত হলে COC-3 পরীক্ষায় অংশগ্রহন করা যায় । এখন প্রশ্ন হলো আপনি যে বেসরকারি মেরিন একাডেমিতে ভর্তি হবেন সেই একাডেমি কর্তৃপক্ষ উপরোক্ত শর্তাধীনে আপনাকে জাহাজে অনবোর্ড করতে পারবে কিনা । কিন্তু Guidelines ( Approval and Capacity Building ) of Private Maritime Training Institute , 2013 অনুসারে একাডেমী/ইন্সটিটিউট অবশ্যই কোর্স শেষ হওয়ার তিন মাসের মধ্যে CDC ব্যবস্থা/বের করবে এবং CDC ইস্যু হওয়ার ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সি-ট্রেনিং এর জন্য জাহাজে অনবোর্ড করতে হবে । তবে সী ট্রেনিং এর জন্য উপযুক্ত জাহাজে অনবোর্ড করতে হবে । এখানে উল্লেখ্য যে আইন অনুসারে একাডেমী/ইন্সটিটিউট কর্তৃপক্ষ পরবর্তী COC পরীক্ষার আগ পর্যন্ত দুই বছর সময়সীমার মধ্যে সম্পূর্ন সি ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য দায়বদ্ধ থাকবে।
১৫ যে কোন বেসরকারী মেরিন একাডেমীর ফাইভ স্টার মার্কা স্থায়ী ক্যাম্পাস থাকা ও ক্যাডেট হিসাবে জাহাজে অনবোর্ড করা একই দাড়িপাল্লায় মাপলে হব না । কারন জাহাজে অনবোর্ড করতে হলে শিপিং কোম্পানীর Ship's crew recruiting department এর সাথে ভালো যোগাযোগ থাকতে হয় ।আর বিদেশি ভালো জাহাজ কোম্পানীগুলো একটি সুষ্ঠ নিয়ম ও নীতিমালার আলোকে জাহাজে ক্যাডেট ,অফিসার ,ইন্জ্ঞিনিয়ার নিয়োগ দেয় ।বিদেশীরা নিয়ম ও নীতিমালা খুব শক্তভাবে মেনে চলে । আর এই নীতিমালা পরিবর্তন করা অনেক কঠিন ও সময়সাপেক্ষ ।এই কঠিন কাজটি ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা প্রাইভেট মেরিন একাডেমীগুলো কতটুকু পারবে তা গবেষণার বিষয় ।
১৬ ঢাকার একটি প্রাইভেট একাডেমির ক্যাডেটের বক্তব্য , " তার একাডেমি ব্যবসা করার জন্য প্রতিষ্ঠিতহয়নি ।" ব্যবসায়ীরা ব্যবসা করবে এটাই স্বাভাবিক ।ব্যাংকে টাকা রাখলে কর দিতে হবে ।বিভিন্ন ফাউন্ডেশন ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করলে সরকার কর মওকুফ করে । এতে করে ব্যবসা হয় , কর মওকুফ হয় , অতিরিক্ত অর্থ আসে , সামাজিক দায়বদ্ধতা খাতে খরচ দেখানো যায় , কালো টাকা সাদা হয় ব্লা ব্লা ব্লা । মাঝখানে আমরা ও আমাদের কষ্টার্জিত অর্থ ব্যবহৃত হয় ।
১৭ একটি প্রাইভেট একাডেমী থেকে আপনাকে ফোন করেছে , তাই বলে অভিভূত হয়ে নাচতে নাচতে ভর্তি হয়ে যাবেন না । খোজ নিন , জানুন ।প্রাইভেট মেরিন একাডেমি কর্তৃপক্ষ বিভিন্ন কোচিং সেন্টার থেকে ফোন নং সংগ্রহ করে । এমনকি বাংলাদেশ মেরিন একাডেমির ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্রদের তালিকা সংগ্রহ করে ফোন দেয়।
১৮ ভর্তির সময় একসাথে অনেক টাকা দিয়ে ভর্তি হবেন না । ১০ হাজার টাকা দিয়ে ভর্তি হবেন এবং বাকী টাকা মাসিক কিস্তিতে প্রদান করবেন ।SSC ও HSC এর সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিয়ে ভর্তি হবেন । মূল কপি জমা দিবেন ২-৩ মাস পর পরিস্থিতি বুঝে ।কিন্তু টাকাটাই হলো আসল ফ্যাক্টর ।সেজন্য অল্প অল্প করে টাকা দিবেন এবং রশিদ/ডকুমেন্ট রাখবেন ।কারন আপনার কাছ থেকে সম্পূর্ণ টাকা নিতে পারলে দুই বছর পরে আপনাকে পাত্তাই দিবে না ।
১৯ পাসিং আউট এর পর তিন মাসের মধ্যে CDC ইস্যু হবে ।এরপর ছয় মাসের মধ্যে জাহাজে অনবোর্ড করতে না পারলে সবাই মিলে যৌথভাবে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও নৌ-সচিব বরাবর অভিযোগ দিতে পারেন এবং আইনের আশ্রয় নিতে পারেন অর্থাৎ হাইকোর্টে রিট করতে পারেন ও ক্ষতিপূরন চেয়ে মামলা ও প্রতারনার মামলা করতে পারেন । (৩ মাস + ৬ মাস ) = ৯ মাস অপেক্ষা করুন , তাবলীগ জামাতে অংশগ্রহন করুন ,ইবাদত বন্দেগী করুন , কিন্তু অতিরিক্ত টাকা খরচ করে ৯ মাস আগে অন্য কোন এজেন্সির মাধ্যমে জাহাজে অনবোর্ড হবেন না , তাহলে আপনি আইনগত অনেক সুবিধা হারাবেন এবং পরে জাহাজে যোগদানের সময় , সাইন অনের সময় , জাহাজে অনবোর্ড হওয়ার পর যদি কোন বিপদে পড়েন তাহলে একাডেমি কর্তৃপক্ষকে দায়ী করতে পারবেন না ।
২০ Guidelines ( Approval and Capacity Building ) of Private Maritime Training Institute , 2013 এই গেজেটের সফট কপি নৌ-পরিবহন মন্ত্রনালয়ের ওয়েবসাইটের Act & Rules থেকে ডাউনলোড করে পাঠ করুন ।মূল কপি সমুদ্র পরিবহন অধিদপ্তর অথবা মন্ত্রনালয় থেকে সংগ্রহ করুন ।
২১ দুই বছর রেসিডেন্সিয়াল/রেজিমেন্টাল/ আবাসিক ট্রেনিং নিবেন তাই তিন বেলা আপনাকে কি খেতে দিবে অর্থাত্ দৈনিক খাদ্য তালিকা সম্পর্কে ভালোভাবে জানবেন এবং মাসিক খাদ্য তালিকার প্রিন্ট কপি চেয়ে নিবেন ।আপনি ১৫-২০ লক্ষ টাকা বাসি ভাত , আলু ভর্তা ,পচা মাছ, বাসি ডাল , ডিম ভাজি খাওয়ার জন্য খরচ করবেন কিনা তা ভালোভাবে চিন্তা করুন ।
২২ পর্যাপ্ত ইন্সট্রাকটর আছে কিনা এবং তারা সরকারী নীতিমালা অনুসারে নূন্যতম যোগ্যতাসম্পন্ন কিনা তা পূর্বের ব্যাচের ছাত্রদের কাছ থেকে জানুন অথবা খোজ নিন ।
২৩ ইন্জ্ঞিনিয়ারিং ওয়ার্কশপ , ইলেকট্রিক্যাল ল্যাব , চার্ট রুম , সিমেনশীপ ল্যাব , ইন্জ্ঞিনিয়ারিং ড্রয়িং বোর্ড+টেবিল +রুম পর্যাপ্ত পরিমানে আছে নাকি সব ঝজ্ঞালে ভর্তি ।
২৪ আপনাকে যদি স্কলারশীপে বা কম টাকায় বা আর্থিক ছাড়ে বা ফ্রী পড়ানোর কথা বলে/অফার দেয় তাহলে তা লিখিতভাবে নিয়ে তারপর ভর্তি হবেন , ভর্তি হওয়ার পরে লিখিতভাবে দেওয়া হবে বললে ঐ একাডেমীতে ভর্তি হওয়ার প্রয়োজন নাই । অথবা যদি বলে তুমি এখন দুই বছরে সাত লক্ষ টাকা দাও পরে বাকী সাত লক্ষ টাকা ইনকাম করে পরিশোধ করবা তাহলে ঐ একাডেমীতে ভর্তি হবার দরকার নাই ।অথবা লোন দিবে এই রকম একাডেমীতে ভর্তি হওয়ার প্রয়োজন নাই । কারন ইনকাম করে বাকী টাকা পরিশোধ করাটা কষ্টকর, কারন ক্যাডেটের বেতন কম ।তাছাড়া ১২ মাস সি-টাইম করার পর ডিজি শিপিং এ COC-3 পরীক্ষা দিতে ও প্রিপারেটরী কোর্স করতে আপনাকে অনেক অর্থ ব্যয় করতে হবে ।তখন আপনি কি এসবের জন্য অর্থ ব্যয় করবেন নাকি বাকী ৭ লক্ষ টাকা/ লোন পরিশোধ করবেন সেটা বেশ চিন্তার বিষয় ।বর্তমানে ক্যাডেট ও জুনিয়র অফিসারদের বেতন ও চাকরি দুইটাই কমছে । এসব বিষয় খুব সতর্কতার সাথে ডীল করবেন ।
২৫ সবগুলো প্রাইভেট একাডেমী কৈ এর তেলে কৈ ভাজি করছে । কৈ মাছ হলো সদ্য HSC পাশ করা ছাত্ররা এবং তেল হল তাদের ১৫-২০ লক্ষ টাকা ।
২৬ আপনি যেহেতু ২ বছর প্রি-সি প্রশিক্ষণ নিবেন ।তাই প্রশিক্ষণরত অবস্থায় আপনি যদি একাডেমী কর্তৃপক্ষের গাফিলতির কারনে নিহত/শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন অথবা বিকলাঙ্গ হন তাহলে এর ক্ষতিপূরণ কে দিবে অথবা দায়ী কে হবে তা চিন্তার বিষয় ।
২৭ প্রশিক্ষণরত অবস্থায় অসুস্থ হলে অথবা বড় ধরনের কোন অপারেশন করতে হলে অথবা জরুরী চিকিত্সা সেবার প্রয়োজন হলে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিবে তা জেনে নিবেন । সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এসব চিকিত্সা সংক্রান্ত ব্যয় কে নির্বাহ করবে , আপনি নাকি বেসরকারী মেরিন একাডেমি কর্তৃপক্ষ । চিকিত্সা সংক্রান্ত ব্যয় আপনার প্রদেয় মোট ফিস এর অন্তর্ভুক্ত থাকবে নাকি আলাদাভাবে দিতে হবে তা ভালোভাবে জেনে নিবেন ।
২৮ আপনি যে বেসরকারী একাডেমিতে ভর্তি হওয়ার জন্য মনঃস্থির করেছেন , ঐ একাডেমী কর্তৃপক্ষ সপ্তাহে কোন দিন/মাসে কত তারিখে শোর লীভ দেয় তা জেনে নিন ।ঐ দিন উক্ত একাডেমীর ক্যাডেটদের সাথে কথা বলার ও দেখা করার সবচেয়ে ভালো সুযোগ , তারা কি ধরনের রুটিন অনুসরন করে , খাবারের মান কেমন ও আরো যা জানা প্রয়োজন তা জেনে নিন ।
২৯ আপনি যে বেসরকারী একাডেমীতে ভর্তি হয়েছেন বা হবেন উক্ত একাডেমির প্রসপ্রেক্টাস/লিফলেট/পত্রিকায় বিজ্ঞাপনের কপি পত্রিকায় তারিখ সহ সংগ্রহে রাখুন ।
৩০ ২ বছরের প্রি-সি কোর্স সম্পন্ন হওয়ার ৩ মাসের মধ্যে CDC এবং CDC ইস্যু হওয়ার ৬ মাসের মধ্যে জাহাজে অনবোর্ড করতে পারবে কিনা তা বারবার জিজ্ঞাস করে রিকনফার্ম হবেন এবং প্রসপেক্টাস এ লেখা আছে কিনা তা খেয়াল করুন ।
৩১ অনবোর্ড জব ট্রেনিং অর্থাত্ ক্যাডেট হিসাবে উক্ত একাডেমি কোন কোম্পানীর জাহাজে উঠায় তা জেনে নিন অথবা কোন কোন জাহাজ কোম্পানীর সাথে চুক্তি আছে তা জেনে/লিখিত নিন ।যদি তা প্রকাশে/লিখিত দিতে অনীহা প্রকাশ করে তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যা ।
৩২ ভর্তির আগে যে কোন বেসরকারী মেরিন একাডেমি পরিদর্শন/ভিজিট করতে গেলে আপনার পরিচিত কমপক্ষে একজন COC-3 হোল্ডার মেরিনার সাথে নিয়ে যাবেন ।যদি পরিচিত না থাকে তাহলে চট্টগ্রামের সিমেন হোস্টেল(NMI ক্যাম্পাস) অথবা ঢাকায় মতিঝিলের ডিজি শিপিং অফিসে যান এবং পরিচিত হয়ে পরামর্শ চাইতে পারেন ।এই দুই জায়গায় সবাই আপনাকে সুপরামর্শ দিবে ।
৩৩ আপনাকে ক্যাডেট হিসাবে জাহাজে অনবোর্ড করবে নাকি অন্য কোন পদে যেমন এবি ,অয়লার অর্থাৎ রেটিং হিসাবে অনবোর্ড করবে তা ভালোভাবে জেনে নিন ।
৩৪ জাহাজে অনবোর্ড করার জন্য সার্ভিস চার্জ/অতিরিক্ত অর্থ নেওয়া হবে কিনা তা জেনে নিন ।জাহাজে অনবোর্ডের সময় সার্ভিস চার্জ নেয়া আন্তর্জাতিক ও বাংলাদেশি আইন অনুসারে অবৈধ ।
৩৫ যে একাডেমিতে ভর্তি হবেন মনঃস্থির করেছেন সেই একাডেমি কর্তৃপক্ষ তাদের নিজস্ব ম্যানিং এজেন্সির মাধ্যমে জাহাজে উঠাবে নাকি অন্য কোন ম্যানিং এজেন্সির মাধ্যমে জাহাজে উঠাবে তা ভালোভাবে জেনে নিন । প্রতিটি বেসরকারী মেরিন একাডেমী কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে প্রশিক্ষণ পরিচালনার লাইসেন্সের পাশাপাশি একটি করে ম্যানিং এজেন্ট লাইসেন্স নিয়েছে উক্ত একাডেমীর ২ বছর প্রি সি প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেটদের জাহাজে উঠানোর জন্য । যেমন : মেসার্স হক এন্ড সন্স(MLA-008) নামক এজেন্সির মাধ্যমে IMA এর ক্যাডেটদের জাহাজে উঠায় । এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষনীয় বিষয় হল , আপনি যে বেসরকারী মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার জন্য মনঃস্থির করেছেন , ঐ একাডেমীর নিজেদের ম্যানিং এজেন্সি লাইসেন্স আছে কিনা ।থাকলে এজেন্সির লাইসেন্স নাম্বার ও নাম জেনে নিন । উক্ত একাডেমী তাদের পূর্বের ব্যাচের ছাত্রদের উহাদের নিজস্ব এজেন্সির মাধ্যমে জাহাজে উঠিয়েছে নাকি অন্য কোন এজেন্সির মাধ্যমে অতিরিক্ত টাকার মাধ্যমে জাহাজে উঠিয়েছে তা খোজ নিন ,জানুন ।বাংলাদেশের সরকারি আইন ও আন্তর্জাতিক আইন( MLC 2006) অনুসারে জাহাজে উঠানোর জন্য কোন অর্থ নেওয়া যাবে না । MLC 2006 has been ratified by Bangladesh at the Cabinet Meeting 27th January 2014.
৩৬ যে একাডেমীতে ভর্তি হবেন তাদের অত্যাবশ্যকীয় বেসিক কোর্স করার মত অবকাঠামো (সুইমিং পুল , ফায়ার ফাইটিং রুম ও যন্ত্রপাতি ) আছে কিনা তা লক্ষ করুন ।
৩৭ জয়েনিং ইন্সট্রাকশন ,ভর্তি ফরম সহ সকল কাগজপত্র ফটোকপি করে নিজের কাছে এক কপি রাখুন ।
৩৮ প্রসপেক্টাসে অনবোর্ড ট্রেনিং অর্থাত্ ২ বছর প্রশিক্ষণ কোর্স সমাপ্তির পর প্রশিক্ষনার্থী/শিক্ষানবিশ হিসেবে জাহাজে উঠাবে ,এই মর্মে উল্লেখ আছে কিনা অথবা স্টেটমেন্ট আছে কিনা তা লক্ষ্য করুন । কারন উল্লেখ থাকাটা Guidelines (Approval and Capacity Building ) of Private Maritime Training Institute , 2013 এর Code of Conduct for Advertisements/Brochure/Prospectus অনুসারে অবশ্য পালনীয় ।
৩৯ Guidelines (Approval and Capacity Building ) of Private Maritime Training Institute , 2013 অনুসারে বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ প্রি-সি কোর্স পরিচালনার জন্য ৪০ লক্ষ টাকা এবং পোস্ট-সী কোর্স পরিচালনার জন্য ২০ লক্ষ টাকা মহাপরিচালক, সমুদ্র পরিবহন অধিদপ্তর এর অনুকূলে নিরাপত্তা জামানত হিসাবে জমা রাখতে হয় ।প্রি-সি( ক্যাডেট , রেটিং প্রশিক্ষনার্থী ) ও পোস্ট-সী কোর্সে ভর্তি হয়ে কেউ প্রতারিত/ক্ষতিগ্রস্ত হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও সচিব ,নৌ পরিবহন মন্ত্রনালয় বরাবর অভিযোগ দিতে পারেন ।
৪০ যে বেসরকারী মেরিন একাডেমিতে ভর্তি হবেন বলে মনঃস্থির করেছেন তারা ভর্তির পর চট্টগ্রামে পোর্ট ও জাহাজ ভিজিট করতে নিয়ে যায় কিনা তা পূর্বের ব্যাচের ছাত্রদের কাছ থেকে জানার চেষ্টা করুন ।
৪১ সমুদ্র পরিবহন অধিদপ্তর অনুমোদিত ইন্জ্ঞিনিয়ারিং ওয়ার্কশপ আছে কিনা তা জানার চেষ্টা করুন , তা না থাকলে উক্ত বেসরকারী মেরিন একাডেমী ওয়ার্কশপ (মেকানিক্যাল,ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ওয়েল্ডিং ) প্রসেস কোর্স কোথায় করাবে তা পূর্বের ব্যাচের ছাত্রদের কাছ থেকে জেনে নিন এবং এর খরচ ২ বছরে আপনার প্রদেয় মোট ফিসের/প্রসপেক্টাসে উল্লেখিত ফিসের অন্তর্ভুক্ত থাকবে নাকি আলাদাভাবে দিতে হবে তা জেনে নিন ।অবশ্য তা প্রসপেক্টাসে উল্লেখিত ফিসের অন্তর্ভুক্ত থাকাটা স্বাভাবিক।
৪২ আপনি সরকারী অথবা প্রাইভেট যে একাডেমিতে ভর্তি হবেন সেখানে ২ বছর আপনাকে রেজিমেন্টাল/আবাসিক প্রশিক্ষণ নিতে হবে ।আপনি মন চাইলেই বাড়িতে অথবা একাডেমী সীমানার বাহিরে যেতে পারবেন না, মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না । অতএব একাডেমী কর্তৃপক্ষ সপ্তাহে অথবা মাসে কোন দিন বাহির হতে দিবে অর্থাত্ শোর লীভ দিবে তা জানার চেষ্টা করুন ।
৪৩ আপনাকে একাডেমীতে সকালে পিটি এবং প্যারেড করতে হবে ,দৈনিক একটি রুটিন মেনে চলতে হবে ।ভর্তির সময় দৈনিক ও শুক্র/শনিবারের রুটিন এর প্রিন্ট কপি চেয়ে নিবেন ।
৪৪ ভর্তির সময় একাডেমির ইউনিফর্মের জন্য আলাদাভাবে অর্থ দিতে হবে নাকি তা ২ বছরের মোট খরচ অর্থাৎ প্রস্পেক্টাসে উল্লেখিত মোট ফিসের অন্তর্ভুক্ত হবে তা জেনে নিন ।ইউনিফর্মের জন্য অর্থ প্রদান করলে অথবা অন্য কোন কারনে আর্থিক লেনদেন করলে অবশ্যই রশিদ রাখবেন ।
৪৫ ভর্তির সময় মেডিকেল টেস্ট করা লাগে ।এসব টেস্টের ফিস কে প্রদান করবে তা জানুন ।নাকি তা প্রসপেক্টাসে উল্লেখিত সর্বমোট ফিসের অন্তর্ভুক্ত হবে তা জানুন ।
৪৬ দুই বছর একাডেমিক প্রশিক্ষণকালীন শিক্ষাসফর , জাহাজ পরিদর্শন করা , সমুদ্রবন্দর ভ্রমন করা বাবদ আপনার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করবে নাকি তা উক্ত একাডেমীর প্রসপেক্টাসে উল্লেখিত সর্বমোট ফিসের অন্তর্ভুক্ত হবে তা ভালোভাবে জেনে নিন ।
৪৭ জাহাজে ক্যাডেট হিসাবে আপনাকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সহায়তা অর্থাত্ বেতন কত দেওয়া হবে তা জেনে নিন ।জাহাজে একটানা এক বছরের জন্য পাঠানো হবে নাকি ছয় মাস পর কৌশলে আপনাকে নেমে যেতে বাধ্য করা হবে তা জানুন । যদি আপনাকে ২ কন্ট্রাকে(২ বারে) জাহাজে উঠানোর কথা বলে তাহলে ২ কন্ট্রাকের মধ্যবর্তী সময়ের পার্থক্য কত মাস হবে তা জানুুন ।
৪৮ একাডেমিতে ২ বছরের শিক্ষাক্রম/পাঠ্যসূচি সম্পর্কে জেনে নিন এবং একাডেমিক ক্যালেন্ডার এর কপি সংগ্রহ করুন ।
৪৯ বই,খাতা,কলম সহ বিভিন্ন স্টেশনারী সামগ্রী আপনাকে ক্রয় করতে হবে নাকি একাডেমী কর্তৃপক্ষ সরবরাহ করবে তা জানুন ।
৫০ ভর্তি হবার পর আপনি যদি কোন কারনে ভর্তি বাতিল করে চলে আসার ইচ্ছা পোষন করেন তাহলে একাডেমী কর্তৃপক্ষ অর্থ ও সনদপত্র ফেরত দিবে কিনা তা ভর্তির আগেই জানার চেষ্টা করুন ।
©somewhere in net ltd.