| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি ভুল পথে হাটতে শুরু করে। মহৎ রাজনীতির ভিত্তি হলো নৈতিকতা এবং সত্যনিষ্ঠা দল ও প্রতীক সাময়িকভাবে অনেককে আপ্লুত করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে ধ্রুব সত্য এবং আদর্শ। গত ১৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের টাঙ্গাইল সফর এবং সেখানে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত ইতিবাচক এবং দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হওয়ার দাবি অবশ্য ই রাখে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রধান স্তম্ভ মওলানা ভাসানীকে যেভাবে রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিস্মৃতির আড়ালে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই দেয়াল ভেঙে দেশের শীর্ষ নেতৃত্বের এই শ্রদ্ধা নিবেদন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এটি রাজনৈতিক শিষ্টাচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই মহতী উদ্যোগের মাহাত্ম্য ছাপিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রে চলে এসেছে একটি অনাকাঙ্ক্ষিত তথ্যগত ভুল।
মওলানা ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্কটি ছিল গভীর শ্রদ্ধা এবং দেশপ্রেমের সুতোয় গাঁথা। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের পর জিয়াউর রহমান যখন এক চরম অস্থির সময়ে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন, তখন মওলানা ভাসানী তাঁর প্রতি কেবল সমর্থনই জ্ঞাপন করেননি, বরং তাঁকে আশীবাদ ও করেছিলেন। মওলানা ভাসানী ছিলেন আজীবন আপসহীন এক নেতা, যিনি ক্ষমতার মোহে কখনো বিমোহিত হননি। সেই ভাসানী যখন জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা এবং স্বজনপ্রীতিমুক্ত চরিত্রের প্রশংসা করেন, তখন তা ইতিহাসের এক অমোঘ স্বীকৃতি হিসেবে গণ্য হয়। মৃত্যুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে মওলানা ভাসানী স্পষ্টভাবে বলেছিলেন, "জিয়াউর রহমানের ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি... একজন সৎ শাসকের প্রশংসা তো প্রাপ্যই।" এই উক্তিটি প্রমাণ করে যে, একজন কিংবদন্তি জননেতা একজন তরুণ রাষ্ট্রনায়কের মধ্যে দেশ গড়ার সম্ভাবনা দেখেছিলেন।
বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এই দুই ব্যক্তিত্বের অবস্থান ছিল স্বতন্ত্র। একজন ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমলের স্বায়ত্তশাসন সংগ্রামের অগ্রনায়ক অরেকজন সরাসরি যুদ্ধের ময়দান থেকে উঠে আসা স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের রূপকার। তাঁদের রাজনৈতিক ঘরানা ভিন্ন হলেও দেশের সার্বভৌমত্ব এবং স্বনির্ভরতা প্রশ্নে তাঁদের মধ্যে এক চমৎকার আদর্শিক মেলবন্ধন ছিল। ভাসানী ছিলেন বামঘেঁষা, সাম্রাজ্যবাদবিরোধী এবং মেহনতি মানুষের কণ্ঠস্বর। অন্যদিকে জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদ এবং উৎপাদনমুখী অর্থনীতির প্রবক্তা। ১৯৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু করেন, তখন প্রবীণ নেতা হিসেবে ভাসানী তাকে সমর্থন দিয়েছিলেন মূলত জাতীয় স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু এই ঐতিহাসিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আখ্যান যখন বর্তমানের কোনো জনসভায় ভুল তথ্যের মাধ্যমে উপস্থাপিত হয়, তখন তা কেবল ইতিহাসকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং নেতৃত্বের পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান টাঙ্গাইলের সেই জনসভায় আবেগঘন বক্তব্যে বলেছিলেন যে, ১৯৭৯ সালের নির্বাচনের আগে মওলানা ভাসানী স্বয়ং জিয়াউর রহমানের হাতে " ধানের শীষ " প্রতীকটি তুলে দিয়েছিলেন। কালানুক্রমিক ও দালিলিক বিচারে এটি একটি অসম্ভব ঘটনা। বাস্তবতা হলো মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ইন্তেকাল করেন ১৯৭৬ সালের ১৭ নভেম্বর। অর্থাৎ ১৯৭৯ সালের নির্বাচনের প্রায় আড়াই বছর আগেই তিনি পরলোকগমন করেন। সুতরাং মৃত মানুষের পক্ষে সরাসরি হাতে প্রতীক হস্তান্তর করার দাবিটি তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল। " ধানের শীষ " প্রতীকটির আদি উৎস হলো ১৯৫৭ সালে মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। পরবর্তীতে ১৯৭৮ সালে বিএনপি গঠনের সময় ন্যাপের একটি বড় অংশ মশিউর রহমান যাদু মিয়ার নেতৃত্বে বিএনপিতে একীভূত হয়। সেই রাজনৈতিক উত্তরাধিকার সূত্রেই ন্যাপের প্রতীক ও কার্যালয় বিএনপির সম্পদে পরিণত হয়। এখানে মওলানা ভাসানীর আদর্শিক ছায়া অবশ্যই আছে কিন্তু সরাসরি প্রতীক হস্তান্তরের তথ্যগত ভুলকে আঁকড়ে ধরে রাখলে বা এর পক্ষে সাফাই গাইলে এটা হবে ইতিহাসের বিকৃতির ই বহিঃপ্রকাশ।
এই বিষয়টি আমরা কেবল একটি সাধারণ ‘তথ্যগত ভুল’ হিসেবে দেখলেও বাস্তব কিন্তু ভিন্ন। এটি বর্তমান সময়ের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য প্রস্তুতির প্রক্রিয়া এবং তাঁদের পরামর্শকদের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দেয়। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়কের প্রতিটি বাক্য ইতিহাসের দলিল হিসেবে সংরক্ষিত হয়। তাঁর মুখ নিঃসৃত প্রতিটি শব্দ কেবল তাঁর ব্যক্তিগত চিন্তা নয়, বরং তা একটি সুসংগঠিত গবেষণা সেলের পরিশীলিত রূপ হওয়ার কথা। এখানে প্রশ্ন জাগে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যারা লিখে দেন বা যারা তাঁকে তথ্য দিয়ে সহায়তা করেন তাঁদের ইতিহাস জ্ঞান কি এতই সীমাবদ্ধ? নাকি তাঁরা অতি উৎসাহী হয়ে নেতাকে খুশি করার জন্য ইতিহাসের ওপর কাল্পনিক রং মাখতে গিয়েছেন? শীর্ষ নেতৃত্বের চারপাশে যারা অবস্থান করেন, তাঁদের প্রধান দায়িত্ব হলো নেতাকে ভুল থেকে রক্ষা করা। যদি তাঁরা সঠিক ইতিহাস না জেনে থাকেন, তবে তা তাঁদের পেশাদারিত্বের অভাব। আর যদি জেনেও জেনেও ভুল তথ্য নেতার মুখে তুলে দেন, তবে তা চরম বুদ্ধিবৃত্তিক বিশ্বাসঘাতকতা। নেতার স্তুতি গাওয়া কোনো যোগ্য পরামর্শকের কাজ হতে পারে না; বরং সত্যের আয়না ধরে তাঁকে সঠিক পথ দেখানোই প্রকৃত আনুগত্য।
বিগত দেড় দশকে বাংলাদেশ এক ভয়াবহ ইতিহাস বিকৃতির সাক্ষী হয়েছে। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ইতিহাসকে যেভাবে কুক্ষিগত করা হয়েছিল, তা ছিল নজিরবিহীন। সেখানে তথ্য নয়, বরং শাসকের ইচ্ছাই ছিল চূড়ান্ত সত্য। কিন্তু চব্বিশের ৫ আগস্টের পটপরিবর্তনের পর বাংলাদেশ এক নতুন ভোরের প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকের মানুষ অনেক বেশি সচেতন, তথ্যের উৎস এখন সবার হাতের নাগালে। এই মুক্ত পরিবেশে নেতৃত্বের সামান্যতম বিচ্যুতিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনমানসে বিশাল নেতিবাচক দাগ কাটে। শেখ হাসিনার মিথ্যাচার ছিল সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত কিন্তু জনাব তারেক রহমানের ক্ষেত্রে এটি হয়তো একটি অনিচ্ছাকৃত তথ্যের ভুল। কিন্তু এই ভুলটি যখন দলের কিছু অতি উৎসাহী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জাল ছবি বানিয়ে সত্য প্রমাণের চেষ্টা করেন, তখন বিষয়টি কেবল হাস্যকর নয়, বরং রাজনৈতিকভাবে আত্মঘাতী হয়ে দাঁড়ায়। ভুল করা দোষের নয়, কিন্তু ভুলকে জাস্টিফাই করার অপচেষ্টা নেতৃত্বের মর্যাদাকে ধূলিসাৎ করে দেয়।
মানুষ মাত্রই ভুল হতে পারে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু একজন মহান নেতার সার্থকতা লুকিয়ে থাকে নিজের ভুল স্বীকার করার সাহসিকতার মধ্যে। তারেক রহমান বর্তমান বাংলাদেশের এক অমিত সম্ভাবনাময় তরুণ নেতা। তাঁর উচিত হবে পরবর্তী কোনো সভায় বা বিবৃতিতে সহজভাবে এই তথ্যগত ত্রুটিটি স্বীকার করে নেওয়া। তিনি যদি বলেন, " মাওলানা ভাসানীর আদর্শিক উত্তরাধিকার হিসেবে ধানের শীষ আমাদের গর্ব, তবে সময়গত একটি বিভ্রান্তি আমার বক্তব্যে এসেছিল যা আমার অনিচ্ছাকৃত ভুল " তাহলে সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা এবং সত্যনিষ্ঠা আরো বহুগুণ বৃদ্ধি পাবে। সত্য স্বীকার করলে কেউ ছোট হয় না, বরং তা নেতৃত্বের মর্যাদা কে আরো উপরে উঠায়। একটি মহান উদ্যোগ যেন একটি ছোট ভুলের গহ্বরে হারিয়ে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, বর্তমানের বাংলাদেশ আর পূর্বের ন্যায় মুক ও বধির নয়। এখানকার তরুণ প্রজন্ম প্রতিটি তথ্য যাচাই করে গ্রহণ করে। তাই আগামী দিনে নেতৃত্বকে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি বাক্যে অনেক বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর আশেপাশে যারা নীতি-নির্ধারক বা গবেষক হিসেবে কাজ করেন, তাঁদের হতে হবে অগাধ পাণ্ডিত্যপূর্ণ এবং ইতিহাস সচেতন। মওলানা ভাসানী এবং শহীদ জিয়ার সম্পর্কের যে ঐতিহাসিক ও নৈতিক ভিত্তি আছে, তা প্রমাণের জন্য কোনো কৃত্রিম বা অলীক গল্পের প্রয়োজন নেই। তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ছিল অকৃত্রিম, যা দালিলিক ইতিহাসেই প্রমাণিত। সেই সত্যকে তথ্যের আবরণে শুদ্ধভাবে উপস্থাপন করাই হোক আধুনিক রাজনৈতিক শিষ্টাচার। অন্যথায়, অসংখ্য ভালো কাজ আর বড় অর্জন একটি অনাকাঙ্ক্ষিত তথ্যের ভুলের নিচে চাপা পড়ে যেতে পারে। সত্যের ওপর ভিত্তি করেই গড়ে উঠুক আগামীর রাজনীতি, যেখানে আবেগ থাকবে কিন্তু তথ্যের বিকৃতি থাকবে না।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: তথ্যবহুল পোস্ট! সময়োপযোগী পোস্ট! অনেক ধন্যবাদ!