| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তর : আপনি শিরোনামে এক কথা লিখেছেন, বক্তব্যে অন্য কথা। ইমামরা হাদীসকে রায়ের উপর অগ্রাধিকার দিতে বলেছেন এ তো দিবালোকের ন্যায় স্পষ্ট। তারা এটাই বলেছেন এবং এটাই করেছেন। কোথাও কোনো মাসআলায় যদি হাদীস সম্পর্কে জানা না থাকার কারণে রায় বা ইজত
িহাদের ভিত্তিতে কোনো ফতোয়া দিয়ে থাকেন তাহলে তাঁদের মুজতাহিদ শাগরিদরা কিংবা তাঁদের পরের ঐ ম
াযহাবেরই কুরআন-হাদীসের বিশেষজ্ঞ ব্যক্তিরা তা সংশোধন করেছেন। উদাহরণস্বরূপ ফিকহে হানাফীর কথাই ধরুন। এতে অনেক মাসআলা এমন আছে, যাতে ইমাম আবু হানীফার কওলের পরিবর্তে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান, ইমাম যুফার ইবনুল হুযাইল রাহ. বা ইমাম হাসান ইবনে যিয়াদ রাহ.-এর কওল অনুসারে ফতোয়া দেওয়া হয়। এর বিভিন্ন কারণের মধ্যে একটি ঐটি, যা উপরে বলা হয়েছে।
এখনও যদি পরিমার্জনের প্রয়োজন হয় তাহলে সুনির্দিষ্টভাবে এমন কোনো মাসআলার কথা বলুন, যাতে আবু হানীফা রাহ.-এর কওলটি একান্তই তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে হাদীস, আছর, ইজমা ও খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ কিছুই তার কাছে নেই। অথচ এর বিপরীতে আছে সহীহ সরীহ হাদীস, যে হাদীস অনুযায়ী আমল না করে ফিকহে হানাফীতে ইমাম আবু হানীফা রাহ.-এর এমন একটি কওলের উপর আমল হচ্ছে, যা একান্তই তাঁর নিজস্ব সিদ্ধান্ত! আপনি কোনো উদাহরণ দিলে তা পর্যালোচনা করা যাবে। শুধু দাবির উপর তো আলোচনা করা যায় না।
শিরোনামে একটি প্রসিদ্ধ বাক্য-
إذا صح الحديث فهو مذهبي
উল্লেখ করা হয়েছে। কিন্তু তা উল্লেখ করার উদ্দেশ্য কী তা বলেননি। সাধারণত ঐ সকল বন্ধু, যারা মুতাওয়ারাছ ফিকহী মাযহাবগুলোকে হাদীস-সুন্নাহর বিরোধী (নাউযুবিল্লাহ) মনে করেন তাদেরকে দেখা যায়, মানুষকে মাযহাব ছেড়ে হাদীসের উপর আমলের (তাদের ধারণায়) দাওয়াত দেওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করে থাকেন। তারা বলেন, তোমাদের ইমামও বলেছেন, যখন হাদীস সহীহ প্রমাণিত হয় তো সেটিই আমার মাযহাব। সুতরাং তোমরা যদি তোমাদের মাযহাবের কিতাবে লিখিত মাসআলা ত্যাগ করে এই হাদীসের উপর আমল কর তাহলে হাদীসের উপরও আমল হবে, ইমামের মাযহাবের উপরও আমল হবে। অন্যথায় না হাদীসের উপর আমল হবে, না মাযহাবের উপর।
আমি জানি না, আপনি কি ঐ বন্ধুদের এই বক্তব্যের দিকে ইঙ্গিত করে এই বাক্য লিখেছেন, না অন্য কোনো অর্থে। যাই হোক, তাদের এহেন বক্তব্য খুবই আশ্চর্যজনক! কেন? সেটিই সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা যদি তাওফীক দেন তাহলে এ বিষয়ে মাসিক আলকাউসারে একটি আলাদা প্রবন্ধ লেখার ইচ্ছা আছে।
আমাদের এই বন্ধুরা তো আসলে মাযহাবকে স্বীকার করেন না। এমনকি মাযহাব শব্দটিও তাদের অপছন্দ। তাহলে এখন মাযহাব শব্দটি তাদের আলোচনায় কেন আসছে আর কেনইবা আমাদেরকে মাযহাব অনুসরণের ‘পদ্ধতি’ শেখানো হচ্ছে?
দ্বিতীয় কথা, ইমাম আবু হানীফা রাহ. যদি এই বাক্যটিই উচ্চারণ করে থাকেন তাহলে তার সনদ লাগবে। অথচ তারা এর কোনো সনদ উল্লেখ করেন না।
তৃতীয় কথা, এই বাক্যের অর্থ কি এই হয় না যে, কোনো মাসআলায় যখন সহীহ হাদীস পাওয়া যায় তখন সেটিই হয় ইমামের মাযহাব? হাদীস থাকা অবস্থায় তিনি রায় ও কিয়াসের দিকে যান না। তো এটি ছিল ইমামের নীতি, এ নীতিই তিনি অনুসরণ করেছেন এবং এ অনুসারেই তাঁর ফিকহী মাযহাব সংকলন করেছেন। এ কারণে পূর্ণ আস্থার সাথে এই মাযহাবের অনুসরণ করা যায়। তাহলে কেন এই বন্ধুরা মাযহাব ও ইমামের বিরুদ্ধে প্রপাগান্ডা করেন?
চতুর্থ কথা, এই বাক্যের অর্থ যদি এই হয় যে, যে কেউ যে কোনো কিতাব থেকে একটি হাদীস নিবে এবং তার মতে তা সহীহ প্রমাণিত হবে, এরপর তিনি ঐ হাদীসের যে ব্যাখ্যাই করবেন এবং তা থেকে যে মাসআলাই বের করবেন সব আবু হানীফার মাযহাব হয়ে যাবে। তদ্রূপ ইমাম শাফেয়ী রাহ.সহ অন্য সকল ইমামেরও মাযহাব হয়ে যাবে। কারণ ঐ বন্ধুদের দাবি, সকল ইমাম একথাই বলে গেছেন-
إذا صح الحديث فهو مذهبي
এখন ফিকহে হানাফীর সংশ্লিষ্টদের বিশ্বাস করতে হবে যে, খোদ আবু হানীফা রাহ., তাঁর শাগরিদগণ এবং যুগে যুগে ফিকহে হানাফীর ফকীহ ও মুহাদ্দিসদের কিতাবে যে মাযহাব লেখা আছে তা ফিকহে হানাফী নয়!
প্রশ্ন এই যে, তাহলে ঐ বেচারারা ফিকহ সংকলনের কাজ করেছেন কেন? তারা যখন একবার এই বাক্য উচ্চারণ করলেন-
إذا صح الحديث فهو مذهبي
তখনই তো মাযহাব সংকলনের কাজ হয়ে গেছে!
কারণ সংকলন করেও তো কোনো ফায়েদা নেই। তাদের সংকলিত ফিকহ তো তাদের মাযহাব হবে না; বরং যুগে যুগে যারা মাযহাবকে হাদীসের বিপরীতে দাঁড় করিয়ে জনসাধারণকে নিজের মত ও ইজতিহাদ অনুযায়ী হাদীস অনুসরণের দাওয়াত দিবে তারা যা কিছুই বলবেন সেগুলোই হবে আবু হানীফা রাহ.-এর মাযহাব, মালিকের রাহ.-এর মাযহাব এবং শাফেয়ী রাহ. ও আহমদ ইবনে হাম্বল রাহ.-এর মাযহাব।
আপনি কি বুঝতে পারছেন, তাদের এই কথার অর্থ কী?
প্রশ্ন আরো আছে, আবু হানীফা নিজে হাদীস থেকে যা কিছু বুঝেছেন, হাদীসের সহীহ-যয়ীফ, রাজিহ-মারজূহ বা নাসিখ-মানসূখের যে তাহকীক তিনি করেছেন তা যদি হাদীসের অনুসরণ না হয় এবং আবু হানীফা রাহ.-এর মাযহাবও না হয় তাহলে আপনিই বা কে, যার তাহকীক ও ব্যাখ্যা হবে হাদীসেরও অনুসরণ, আবু হানীফারও মাযহাব?!
পঞ্চম কথা এই যে, ফিকহ ও ফিকহী মাযহাবের পরিচয় কি আমাদের ঐ বন্ধুদের কাছে পরিষ্কার? যদি পরিষ্কার হয় তাহলে তারা ফিকহকে হাদীসের বিপরীতে দাঁড় করান কীভাবে? মুতাওয়ারাছ ফিকহী মাযহাব তো হাদীসেরই ভাষ্যকার, হাদীসের খাদিম এবং হাদীসের বিধানাবলির সুবিন্যস্ত সংকলক। তেমনি মাযহাবের সাথে সংশ্লিষ্টদের প্রতি তাদের এই কুধারণাই বা কেন যে, তাদেরকে যদি ইমামের মাযহাবের কথা না বলে হাদীস অনুসরণের কথা বলা হয় তাহলে তারা তা মানবে না এবং হাদীস অনুসরণ করবে না, কাজেই ইমামের উদ্ধৃতিতে হাদীসকে তাঁর মাযহাব বানাও, এরপর তাদের সামনে পেশ কর তাহলে তারা হাদীসের উপর আমল করবে!
এই কুধারণা অন্যায়। তাদের কর্তব্য, সুনির্দিষ্টভাবে বলা যে, ফিকহী মাযহাবের কোন মাসআলাটি সকল সহীহ হাদীসের খেলাফ, অথচ সে মাসআলা অনুসারে আমলও করা হচ্ছে, ফতোয়াও দেওয়া হচ্ছে। এমনটা প্রমাণিত হলে অবশ্যই মাযহাব অনুসারীরা তা প্রত্যাহার করবেন। মাযহাবের অনুসরণ যারা করেন তারা তো এ উদ্দেশ্যেই করেন যে, তাদের হাদীস অনুসরণ যেন নির্ভুল ও নিখুঁত হয়।
ষষ্ঠ কথা, তাদেরকে যখন সুনির্দিষ্ট কোনো উদাহরণ দেওয়ার কথা বলা হয় তখন তারা কী ধরনের উদাহরণ দেন তার একটি দৃষ্টান্ত দেখুন।
আমার সামনে একটি পুস্তিকা আছে, যার নাম ‘যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ প্রণয়নে অধ্যাপক মোহাম্মাদ নূরুল ইসলাম। প্রকাশক : কামিয়াব প্রকাশন লিমিটেড।
এ পুস্তিকার শুরুতে
إذا صح الحديث فهو مذهبي
কেন্দ্রিক প্রসিদ্ধ চিন্তাটা তুলে ধরা হয়েছে। এরপর নামাযের যে সকল মাসআলায় সুন্নাহর বিভিন্নতা কিংবা হাদীস বা সুন্নাহ বোঝার ইজাতিহাদী ইখতিলাফ খাইরুল কুরূন থেকে চলে আসছে সেসব বিষয়ে একটি দিক গ্রহণ করা হয়েছে এবং তার উপর আমলের দাওয়াত দেওয়া হয়েছে। যেন এর উপর আমল করলেই সব ইমামের মাযহাবের উপর আমল হয়ে যাবে!!
আপনি যদি গোটা প্রবন্ধটি পাঠ করে থাকেন তাহলে বলুন-
إذا صح الحديث فهو مذهبي
বাক্যটি কি সালাত-পদ্ধতির ঐসকল ক্ষেত্রে প্রয়োগ করা যায়, যেখানে উভয় দিকে হাদীস ও আছার রয়েছে?!
এ পুস্তিকার ৩৬ নং পৃষ্ঠায় বিতরের নামায সম্পর্কে যা কিছু লেখা হয়েছে তা এখানে উল্লেখ করছি, যাতে
إذا صح الحديث فهو مذهبي
নীতি অনুসারে ফিকহী মাযহাবের সংশোধন ও পরিমার্জনের যে দাবি করা হচেছ তার আরেকটি দৃষ্টান্ত সামনে আসে।
তিনি লিখেছেন, ‘‘বিতরের সালাত আদায়ের পদ্ধতি : তিন রাকআত বিতর দু’ভাবে পড়ার পদ্ধতি হাদীসে পাওয়া যায়।
প্রথম পদ্ধতি : অন্যান্য নামাযের মতোই প্রথম ও দ্বিতীয় রাকআত পড়বে। তৃতীয় রাকআতে কিরাআত পাঠ শেষে দু’আ কুনূত পড়ে রুকুতে চলে যাবে অথবা কিরাআত পাঠের পর রুকু দিয়ে আবার উঠে সোজা হয়ে দাঁড়িয়ে দু’আ কুনূত পড়ে একেবারে সিজদায় চলে যাবে। তবে দ্বিতীয় রাকাআতের পর তাশাহহুদের জন্য না বসে সরাসরি দাঁড়িয়ে যাবে। শুধু মাত্র তৃতীয় রাকআতের পর বসবে এবং আত্তাহিয়্যাতু, দরূদ ও দু’আ মাছূরা পড়ে সালাম ফিরিয়ে নেবে।
আয়েশা সিদ্দীকা (রা.) বলেছেন, রাসূল (স.) তিন রাকাআত বিতরের সালাত আদায় করতেন, এর মাঝে তাশাহহুদের জন্য বসতেন না। একাধারে তিন রাকআত পড়ে শেষ রাকআতে বসতেন ও তাশাহহুদ পড়তেন। এভাবে উমর (রা.)ও বিতর পড়তেন। (হাকেম : ১১৪০)’’
আমরা এই নম্বরে হাকিমের হাদীসটি দেখেছি। হাদীসটির পাঠ এই-
كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث، لا يسلم إلا في آخرهن.
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন (রাকাত) বিতর পড়তেন। তাতে শেষ রাকাতে ছাড়া সালাম ফিরাতেন না।’
একে পুস্তিকার তরজমার সাথে মিলিয়ে পার্থক্য বোঝার চেষ্টা করুন। এই হাদীসটি বর্ণনা করার পর হাকিম লেখেন-
هذا وتر أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه، وعنه أخذه أهل المدينة.
অর্থাৎ এটিই ছিল আমীরুল মুমিনীন উমর রা.-এরও বিতরের নিয়ম, তাঁর থেকেই আহলে মদীনা এই নিয়ম গ্রহণ করেছেন।
কিন্তু পুস্তিকার লেখক হাকিমের এই বক্তব্যের প্রথম অংশকে, অর্থাৎ
هذا وتر أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه
সরাসরি আয়েশা রা.-এর বক্তব্য বানিয়ে দিয়েছেন।
বিতরের বিভিন্ন পদ্ধতি থেকে যে পদ্ধতিটি হানাফী মাযহাবে গ্রহণ করা হয়েছে তার সূত্র হাকিমের এই হাদীসটিও, যার উপর হাকিমের বক্তব্য অনুযায়ী খলীফায়ে রাশেদ ওমর ইবনুল খাত্তাব রা.- এরও আমল ছিল এবং মদীনাবাসীরও। কিন্তু পুস্তিকার লেখক এর কী তরজমা করলেন এবং একে বিতরের এক খেলাফে সুন্নত তরীকার দলীল হিসেবে পেশ করলেন! এই কি তাদের সহীহ হাদীস মোতাবেক আমল করা ও করানোর খিদমত? আমি তাঁর নিয়ত সম্পর্কে কিছু বলতে চাই না। তাঁর নিয়ত হয়তো ভালো এবং তিনি হয়তো তার বুঝ অনুসারে সহীহই লিখেছেন, কিন্তু বাস্তবে যা হয়েছে তা আমি নিবেদন করলাম।
‘‘দ্বিতীয় পদ্ধতি : অন্যান্য সালাতের মতো প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেবেন। অতপর পৃথকভাবে আরেক রাকাত পড়ে রুকুর আগে বা পরে দুআ কুনূত পড়ে সিজদা শেষে আবার বসে সালাম ফিরাবেন।-মুসলিম : ১২৫২ (প্রাগুক্ত)’’
এ নম্বরে উল্লেখিত সহীহ মুসলিমের হাদীসটির পাঠ এই-
إن رسول الله صلى الله عليه وسلم قال : صلاة الليل مثنى مثنى، فإذا رأيت أن الصبح يدركك فأوتروا بواحدة، فقيل لابن عمر : ما مثنى مثنى؟ قال : أن تسلم في كل ركعتين.
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামায দুই রাকাত দুই রাকাত করে। অতপর যখন তোমার মনে হবে, সুবহে সাদিক হয়ে যাবে তখন এক রাকাত দ্বারা বেজোড় করবে। ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হল-‘দুই রাকাত দুই রাকাত অর্থ কী?’ তিনি বললেন, ‘প্রতি দুই রাকাতে সালাম ফেরানো।’
এ পুস্তিকায় যা কিছু বলা হয়েছে তার সাথে মিলিয়ে দেখুন, কোথায় কোথায় পার্থক্য আছে।
‘‘তৃতীয় পদ্ধতি : এ পদ্ধতিটি আমাদের দেশে প্রচলিত। এ পদ্ধতিতে ২য় রাকাআত শেষে বসে তাশাহুদ পড়া হয়। অথচ বিশ্বের খ্যাতনামা আলেম ভারতের আল্লামা ছফীউর রহমান মুবারকপুরী বলেছেন, এ নিয়মের পক্ষে সরাসরি কোনো সহীহ হাদীস নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পদ্ধতিতে বিতর পড়তে নিষেধ করেছেন। তিনি বলেছেন-
لا توتروا بثلاث، ولا تشبهوا بصلاة المغرب
‘তোমরা মাগরিবের নামাযের মতো করে তিন রাকাআত বিতরের নামায পড়ো না’।-দারকুতনী, হাদীস : ১৬৫০, ২/৩৪৪; সহীহ ইবনু হিববান : ২৪২৯) (প্রাগুক্ত)
উপরোক্ত হাদীস, যার ভিত্তিতে তিনি নিজের বুঝ অনুসারে দুই জলসা, এক সালামের সাথে তিন রাকাত বিতরের পদ্ধতি ত্যাগ করাকে জরুরি বলছেন এই হাদীসের পাঠ তারই উদ্ধৃত নম্বরে দারাকুতনী ও সহীহ ইবনে হিববানে এভাবে আছে-
لا توتروا بثلاث، أوتروا بخمس، أو بسبع، ولا تشبهوا بصلاة المغرب
(তোমরা বিতর (শুধু) তিন রাকাত পড়ো না। পাঁচ বা সাত রাকাত পড়ো। মাগরিবের সাথে সামঞ্জস্য গ্রহণ করো না।)
লেখক এই হাদীসের মাঝে থেকে أوتروا بخمس أوبسبع (পাঁচ বা সাত রাকাত পড়ো) বাক্যটি বাদ দিলেন কেন? আসলে হাদীসের এই বাক্যগুলোর দ্বারা, সহীহ সনদে বর্ণিত এই হাদীসের অন্যান্য পাঠ এবং এ বিষয়ের অন্যান্য সহীহ হাদীস দ্বারা এই হাদীসের মর্ম পরিষ্কার হয়ে যায়। আর তা হচ্ছে, তোমরা বিতর শুধু তিন রাকাত পড়ো না; বরং এর আগে তাহাজ্জুদ হিসেবে দুই রাকাত নফল বা চার রাকাত নফল নামায অবশ্যই পড়ো। নফল দুই রাকাত হলে সর্বমোট পাঁচ রাকাত হবে, আর নফল চার রাকাত হলে সর্বমোট সাত রাকাত হবে। সুতরাং মাগরিবের আগে যেমন কোনো নফল পড়া হয় না বিতরকে এমন বানিও না।
এই হাদীসের এই ব্যাখ্যা সুনানে আবু দাউদে (হাদীস : ১৩৫২, ১৩৬২) সনদে বর্ণিত আয়েশা রা.-এর হাদীস দ্বারাও সমর্থিত। আরো বিস্তারিত জানার জন্য ‘শরহু মাআনিল আছার’, তহাবী ১/২০৫ এবং ‘নাসবুর রায়াহ’ ২/১১৬-১১৮৫-এর হাশিয়া দেখা যেতে পারে।
সামান্য চিন্তা করলেই যেকোনো পাঠকের মনে প্রশ্ন জাগবে যে, সামাঞ্জস্য থেকে বাঁচার জন্য দুই রাকাতের পর জলসা ছাড়তে হবে কেন। দুআ কুনূত দ্বারাও তো দুই নামাযে পার্থক্য হচ্ছে। দুই রাকাতে জলসার বিধান তো সব নামাযের সাধারণ বিধান-
وفي كل ركعتين التحية
অর্থাৎ প্রতি দু’রাকাআতে আছে আত্তাহিয়্যাহ।-সহীহ মুসলিম, হাদীস: ৪৯৮
তো إذا صح الحديث فهو مذهبي এর ভিত্তিতে মাযহাব সংশোধনের এই যদি হয় অবস্থা আর এই ‘সংশোধিত’ মাযহাবের উপর আমল করলেই তা যদি হয় হাদীস ও মাযহাব মোতাবেক আমল, তাহলে বলুন ঐ বন্ধুদের দাওয়াত গ্রহণ করা জনসাধারণের জন্য অপরিহার্য হবে কি না এবং গ্রহণ না করলে সত্যিই তারা হাদীস-অনুসরণ থেকে বঞ্চিত থাকবেন কি না?
এখানে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হল। অন্যান্য প্রশ্নের জবাব ইনশাআল্লাহু সুযোগমত আলকাউসারে লেখার চেষ্টা করা হবে।
©somewhere in net ltd.