| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঘবন্দি অরণ্যে
এই শহরে একদিন সূর্য ডুবতো না, সকলেই
রাত্রির জন্য কান পেতে অপেক্ষা করতো
এই শহরে একদিন চাঁদও ডুবতো না,
জ্যোৎস্নায় স্নান সেরে যার যার চাঁদ কোলে নিয়ে
সকলেই ঢুকে যেত ঘরের গভীরে
এই শহরে প্রেম নেই বলে একদিন তুমি
বাবাকে চিঠি লিখে পালিয়েছিলে বাঘবন্দি অরণ্যে
এরপর শুধু রূপকথারা সর্বনাম হয়ে ঝরে পড়েছিল
শহরের অলিগলি ও রাজপথ জুড়ে
এই খবর তোমার জানার কথা নয়
কারণ তুমি আর এই শহরের কেউ ছিলে না তখন
রটনা ছিল এই শহরে চিত্র নায়িকাদের মতো মেয়েরা
ভালবাসতে চেয়েছিল চিত্র নায়কদের
এই শহরে চিত্তদুয়ার বন্ধ করে একদিন
নিশিডাক শুনেছিল মেঘবতী নামের কেউ
হারিয়ে যাওয়ার আগে বয়ঃসন্ধির কথাগুলো
উড়াল দিয়েছিল বাঘবন্দি অরণ্য ছাড়িয়ে
নির্জলা এক পর্বতের দিকে
শুধু রটনা মিথ্যে ছিল একথা আর বলেনি কেউ।।
#রাজা_সরকার
©somewhere in net ltd.