নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় - এই তো সেদিন
পদ্মাপাড়ের গাঁয়
বহুদূর থেকে ধু-ধু চোখে চেয়ে
দাঁড়িয়ে রয়েছো ঠায়

আমি ফিরে যাই বিভূঁই বিদেশে
মন রেখে যাই ঘরে
গোপনে আমার বুক ভেঙে যায়
চোখ ফেটে পানি ঝরে




বিভূঁইয়ে আমার মন যে বসে না
বুক জ্বলে অঙ্গার
ঘরেতে আমার বঁধুয়ার মন
কেঁদে কেঁদে হয় জার

আকাশে আমরা দোলনা বেঁধেছি
মেঘের সিঁড়িতে বাসা
হাওয়ায় হাওয়ায় ভেসেছি আমরা
ভুবন-সর্বনাশা

আমরা হেসেছি খেলেছি ঘুরেছি
দূর থেকে দূরগ্রাম
পাহাড়ের গায়ে পানিতে লিখেছি
তোমার-আমার নাম

অতুল মধুর প্রেমেতে আমরা
কাটিয়েছি বহুকাল
সেই প্রেম কবে কেড়ে খেয়ে নিল
সংসার দজ্জাল

আমি তো চাই নি এমন জীবন
বিষে ভরা সংসার
ঘোরলাগা এক জীবন চেয়েছি
প্রেমবতী প্রেমিকার

চেয়েছি প্রেমিকা প্রেমিকাই রবে-
হবে না সংসারিনী
জীবনের স্রোতে উজানে ভাটিতে
প্রেমেই করবে ঋণী

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে
দজ্জাল সংসারে
কে দেবে আমাকে ফিরায়ে আবার
পুরোনো সে প্রেমিকারে

১৯ আগস্ট ২০১৯

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫৯

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

১৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইফুলসাইফসাই ভাই। শুভেচ্ছা।

২| ১৯ শে জুলাই, ২০২৬ রাত ৩:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে
........................................................................

চেয়েছি একটি শীতল নদীর জোছনামুখর বুক,
পেয়েছি কেবল একলা রাতের দীর্ঘশ্বাসের অসুখ।
তোমার চুলে যে থির পরিপাটি সুখের ছায়া ছিল,
আজ তা অন্য কারো আকাশে মেঘ হয়ে জমলো।

নদীর জল আজ বড্ড ঠাণ্ডা, চাঁদের আলো ও ম্লান,
ভাঙা তরীতে গাইছি আমি একলা বিরহের গান।
মোহনীয় সেই রাতের গল্প ফুরিয়ে গেছে কবে,
তুমি হীনা এই শান্ত শহর আর কি আপন হবে?

অপেক্ষা আজ থমকে আছে ওই মোহনার তীরে,
তুমি তো আর আসবে না ফায়ার এই বুকে ফিরে।
জোছনা এখন কান্না হয়ে ঝরে নদীর বুকে,
আমি না হয় রইবো বেঁচে ,তোমার স্মৃতির ভিড়ে।

১৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে
দজ্জাল সংসারে
কে দেবে আবার ফিরায়ে আমার
পুরোনো সে প্রেমিকারে?

কবিতা পাঠ ও কমেন্টকবিতার জন্য ধন্যবাদ শঙ্খচিল ভাই। শুভেচ্ছা।

৩| ১৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

জিনাত নাজিয়া বলেছেন: অনেক সুন্দর কবিতা, ধন্যবাদ কবিকে।

১৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৪| ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন: প্রেমিকা হারিয়ে গেছে!! হে হে হে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.