নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশি

অশি › বিস্তারিত পোস্টঃ

যে জেগে ঘুমায়...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

সময়টা ছিল '৭১ এর মাঝামাঝি। সিংহভাগের মতই দেশ স্বাধীন হবে এই ভেবে চল্লিশোর্ধ এক স্বপ্নবিলাসী বাঙ্গালী পর্যটনের উঁচু পদ ছেড়ে তৎকালীন পূর্ব-পাকিস্তানের কুমিল্লায় চলে এলেন। যোগ দিলেন নির্বাচন কমিশনে। পদ অত ভাল না, তবু নিজের দেশ হবে এই স্বপ্ন!



এক বিকেলে বাগিচাগাঁও এর রাস্তায় ভদ্রলোক লুঙ্গী আর শার্ট পরে গল্প করছিলেন বন্ধুদের সাথে। বন্ধুদের মাঝে একজন ছিলেন মুক্তিযোদ্ধা- কিংবা নিছক স্থানীয় রাজাকারদের চক্ষুশুল এমন কেউ। সেদিনই অপ্রত্যাশিত হানা দিল হানাদার বাহিনী। সঙ্গে এক বিহারী রাজাকার। হানাদাররা সেই মুক্তিযোদ্ধাকে নিয়েই হয়ত ক্ষান্ত দিত, কিন্তু উপদেষ্টা রাজাকার দেখিয়ে দিল ভদ্রলোককেও- বললো এরও যোগসাজশ আছে, একেও ধরে নেয়া হোক।



সবাইকে প্রথমে জীপে তোলা হল। পরে নামিয়ে ক্যান্টনমেন্ট-মুখী ট্রাকে। শুরু হল জিজ্ঞাসাবাদ। পালা এল তাঁরও। কথোপকথন হয়েছিল উর্দু এবং ইংরেজীর সংমিশ্রণে- আমি বাংলাতেই লিখছি।



সেনা-কর্মকর্তাঃ তুমি কি কর?

ভদ্রলোকঃ প্রশাসনে আছি।

সেনা-কর্মকর্তাঃ প্রশাসনে আছ তো এদের সাথে কি কথা বলছিলে? তোমার আই-ডি আছে?

ভদ্রলোকঃ আই-ডি তো সাথে নেই, বাসায় আছে। সু্যোগ পেলে বাসা থেকে এনে দেখাতে পারি। কথা হচ্ছিল ট্রেঞ্চ করা নিয়ে। সরকার থেকে নির্দেশ হয়েছে বিশেষ সময়ে ট্রেঞ্চে থাকতে- আমাদের তো পাকা মেঝে- ট্রেঞ্চ কিভাবে খুঁড়ব? আল্লাহই ভরসা।

সেনা-কর্মকর্তাঃ আল্লাহ? তুমি মুসলমান?

ভদ্রলোকঃ হ্যা, আমি মুসলমান।



ভদ্রলোক ইংরেজী ভাল বলতেন। সেটা শুনে, প্রশাসনে কাজ করার কথা ভেবে নাকি মুসলমান দেখেই তাকে ছেড়ে দেয়া হল। ফিরে এসে শুনলেন তিন সন্তান নিয়ে তাঁর আতঙ্কিত স্ত্রী জেলা প্রশাসককে ফোন করেছিলেন- জবাবে বলা হয়েছে এখানে কারো কিছুই করার নেই- এক আল্লাহই বাঁচাতে পারেন এই পরিস্থিতির হাত থেকে।



সেই ভদ্রলোক ছিলেন আমার বাবা। এখন বয়স আশির বেশী। গতকালও দুঃখ করে আমাকে ফোনে বলছিলেন এই রাজাকারদের কিছুই হল না। সারাজীবন আওয়ামী লীগের দিকে চেয়ে আছেন- যদি ওরা অন্ততঃ কিছু করে। আমি আমার বাবার মতো আশাবাদী নই, আওয়ামী লীগকে চিনতে আমার বাকী নেই। চিনতে বাকী নেই খালেদা-তারেক কেও। জামাতের ধর্ম নিয়ে রাজনীতি অনেক পরের ব্যাপার- আগে অন্ততঃ এই বেঈমান্ দের শাস্তি আমার বাবার জীবদ্দশায় দেখে যেতে পারলেই আমি খুশী।



অপশক্তি কারা এই নিয়ে আমি তর্কে যাব না। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, যে জেগে ঘুমায় তাকে কি করে আমি জাগাব?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.