| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলীয় সরকারের অধীনে নির্বাচত প্রতিহতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘সংগ্রাম কমিটি’কে হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সোমবার ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের কাছে হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘দেশে এখন নির্বাচনের হাওয়া বইছে। তাতে অংশ না নিয়ে খালেদা জিয়া প্রতিরোধে সংগ্রাম কমিটির ঘোষণা দিয়েছেন। নির্বাচন বর্জন-প্রতিরোধ গণতান্ত্রিক কোনো ভাষা নয়।’
নাসিম বলেন, ‘আমরা আশা করছি, বিএনপি নির্বাচনে অংশ নেবে। কিন্তু তা না করে নির্বাচন প্রতিহত করতে চাইলে আওয়ামী লীগ তাদের সংগ্রাম কমিটিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।’
এর আগে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধের বিচার বানচালে নতুন উদ্যমে মাঠে নেমেছে অভিযোগ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘কি কারণে তারা নির্বাচন প্রতিহত করবে তা আমরা জানি। তাদের একটাই লক্ষ্য একাত্তরের ঘাতকদের রক্ষা করা।’
তিনি বলেন, ‘আমাদের এজেন্ডা ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। কিন্তু বিএনপি-জামায়াত মাঠে থেকে সেই বিচারকে প্রতিহত করতে চায়। তারা যদি এখন নির্বাচন প্রতিহত করার চিন্তা করে, তবে সেটা ভুল করবে। আগামী নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেবে।’
এ সময় নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো প্রস্তাব থাকলে বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব দেয়ার জন্য আবারো আহবান জানান নাসিম।
তিনি বলেন, ‘আপনাদের কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে দিন। ১৪ দল সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই।’
তিনি আরো বলেন, ‘আপনার দলের লোকেরাই নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। আপনারা নির্বাচন প্রতিহত করতে চাইলে আপনাদের দলের নেতাকর্মীরাই আপনাদের প্রতিহত করবে।’
দুর্গাপূজা ও ঈদুল আযহা এই দুই উৎসবকে ঘিরে শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহবানও জানান ১৪ দলের এ মুখপাত্র।
স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য, ১৪ দলের নেতা ও সামাজিক ব্যক্তিবর্গকে পূজা কমিটিকে সহায়তার করতে বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এ সময় সেখানে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, গণআযাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, পুজা উদযাপন কমিটির উপদেষ্টা নীল চন্দ্র ভৌমিক, ঢাকা মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
©somewhere in net ltd.