নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আজকে স্রেফ একা ছিলাম....

১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ নেই, একজনও না।

তাড়াতাড়ি লগইন করলাম। মনে মনে ভাবলাম, অন্তত একজন থাকুক, শূন্যটা না-ই থাকুক। এই ঘরে "১" লেখা দেখলে তবু মনে হয় একজন আছে। নিজের লগইনেই সংখ্যাটা এক হলো, কিন্তু তাতে ঘরটা ভরল না। মনে পূর্ণ তৃপ্তি এল না।

এমনটা আসলে এখন প্রায়ই হয়। অনিচ্ছা সত্ত্বেও এই দৃশ্য কদাচিত দৃষ্টিগোচর হয়। আর প্রতিবারই বুকের ভেতরটা হুহু করে ওঠে।

আহ্, কী জমজমাট ছিল এই ব্লগ-প্রাঙ্গণ! একসময় লেখা আসত একের পর এক, মন্তব্যে মন্তব্যে আড্ডা জমে উঠতো। কে কী লিখল দেখার জন্য মন ছটফট করত, রাত-দিন একাকার হয়ে যেত ব্লগের মায়ায়, প্রিয় অনেক ব্লগারের নতুন পোস্ট দেখে মুখে হাসি ফুটত। সেই কোলাহল, সেই আন্তরিকতা আজ যেন কোথায় হারিয়ে গেছে। ধীরে ধীরে এক নিঃসীম শূন্যতা এসে ভর করছে এই মায়াময় আঙিনায়।

তবু আশা ছাড়তে ইচ্ছে করে না। যে প্রাঙ্গণ একদিন প্রাণের স্পন্দনে ভরা ছিল, সে আবারও ভরে উঠবে। আবারও পরিনত হবে নতুন পুরাতন ব্লগারদের মিলনমেলায়। হয়তো পুরোনো বন্ধুরা ফিরে আসবেন ধীরে ধীরে, কলম হাতে এসে দাঁড়াবেন নতুনরাও। আবার মন্তব্যে মন্তব্যে আড্ডা জমবে, আবার লেখার আলোয় ঝলমল করবে সময়ের এই বাতিঘর।

সেই প্রত্যাশাতেই আজও আসি, আজও লগইন করি। এই শূন্যতা কাটুক, এই মায়াময় পরিবেশ আবারও প্রাণের স্পন্দনে মুখরিত হোক...

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাইলেন্স ইজ গোল্ডেন

১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৩৪

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ, মাত্র তিনটি শব্দে গুরুত্বপূর্ণ একটি সত্য তুলে ধরার জন্য। সেই নীরবতাকেই সোনায় মোড়ানো বলা যায়, যদি তা প্রজ্ঞার প্রকাশ হয়। তবে অন্যায়ের সামনে নীরবতা সংযম নয়; কখনো কখনো তা বিবেকহীন আপসেরই নামান্তর।

২| ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩

শেরজা তপন বলেছেন: তাওতো দু-চারজন আসে যায় কিংবা উঁকি ঝুঁকি দেয়!
বাকি সব প্লার্টফর্ম তো বন্ধই হয়ে গেল। কি ভীষন হাঁকডাক করে আসা রো-র বাংলা পর্যন্ত বন্ধ হয়ে গেল।
আমরা যে টিকে আছি এই ঢের।

১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনার কথার সঙ্গে একমত, প্রিয় শেরজা তপন ভাই। সত্যিই, নানা প্রতিকূলতা ও সময়ের পরিবর্তনের মধ্যেও যে আমরা এখনো টিকে আছি, এটাই অনেক বড় প্রাপ্তি। কিছু প্ল্যাটফর্ম হারিয়ে গেছে, অনেক পরিচিত মুখও আর নিয়মিত আসেন না। তবু এই ভালোবাসা, আন্তরিকতা আর লেখালেখির টানেই Somewhereinblog এখনো আমাদের কাছে বিশেষ আবেগের স্থান হয়ে আছে।

আশা করি, এই প্রিয় আঙিনাটি তার ঐতিহ্য ও স্বকীয়তা নিয়ে আরও বহুদিন টিকে থাকবে।

অনেক অনেক ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯

নাহল তরকারি বলেছেন: একটা সময় ছিল, যখন ভার্চুয়াল এই আঙিনার মানুষগুলোও বাস্তব জীবনের আপনজন হয়ে উঠেছিলেন। কত অচেনা মানুষের সঙ্গে পরিচয়, কত ভাবনা, কত স্মৃতি আর কত রাতের গল্প জমে আছে এই ব্লগের পাতায়! সময় বদলায়, মানুষ ব্যস্ত হয়, প্রিয় মুখগুলো হারিয়ে যায়; কিন্তু কিছু জায়গার প্রতি মায়া কখনো ফুরায় না। হয়তো সেই মায়ার টানেই আজও আমরা ফিরে আসি। ব্লগটি আবারও প্রাণ ফিরে পাক, পুরোনো মুখগুলো ফিরে আসুক, নতুনদের পদচারণায় মুখরিত হোক এই প্রিয় আঙিনা।

১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

নতুন নকিব বলেছেন:



আপনার কথাগুলো খুব ভালো লাগল। সত্যিই, একসময় এই ব্লগকে ঘিরে কত মানুষের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব, ভাবনার আদান-প্রদান আর কত স্মৃতি তৈরি হয়েছিল! ভার্চুয়াল জগতের সেই পরিচয়গুলোও অনেক সময় বাস্তব জীবনের আন্তরিক সম্পর্কে রূপ নিয়েছিল। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে, নিয়মিত লেখালেখি ও আড্ডাও কমে গেছে; তবু এই আঙিনার প্রতি ভালোবাসা ও মায়া রয়ে গেছে আগের মতোই। আমিও চাই, পুরোনো মুখগুলো আবার ফিরে আসুক, নতুনদের পদচারণায় ব্লগটি প্রাণ ফিরে পাক। হয়তো সবার একটু আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণই পারে আমাদের সেই চেনা আড্ডার পরিবেশ ফিরিয়ে আনতে। সুন্দর অনুভূতিগুলো ভাগ করে নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৪| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: কে এলো, কে গেলো, সেগুলো বাদ দিন।
আপনি আপনার মতো পড়ে যান, মন্তব্য করে যান।

১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:১০

নতুন নকিব বলেছেন:



মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগে কে এলেন, কে চলে গেলেন, কে পড়লেন কিংবা মন্তব্য করলেন, এসব নিয়ে না ভেবে নিজের ভালো লাগা ও উপলব্ধি থেকে লিখে যাওয়া, অন্যের লেখা পড়ে যাওয়া এবং নিজের মতামত প্রকাশ করা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হলেও ব্লগ আমার কাছে কেবল লেখালেখি বা মতপ্রকাশের একটি জায়গা নয়; এটি একটি বৃহৎ পরিবার। এই পরিবারের অদেখা অনেক মানুষও একে অপরের আন্তরিকতায় মুগ্ধ হয়ে হৃদ্যতা, ভালোবাসা ও আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে আছি। পাঠক ও লেখকের এই আন্তরিক যোগাযোগই তো ব্লগিংয়ের প্রকৃত সৌন্দর্য।

ব্লগে পরিচিত কারও দীর্ঘদিন দেখা না পেলে আমরা চিন্তিত ও উৎকণ্ঠিত হই, তাঁর খোঁজখবর নিই। এই যে একে অপরের প্রতি মমত্ববোধ, আন্তরিকতা ও ভালোবাসা, এটাই তো ব্লগের প্রাণ।

আপনাকে আবারও ধন্যবাদ।

৫| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৪

হুমায়রা হারুন বলেছেন: রাজীব নুর বলেছেন: কে এলো, কে গেলো, সেগুলো বাদ দিন।

তা হয় না রাজীব ভাই।
এই যদি আপনি একদিন না আসেন, বা দেরী করে আসেন, তাহলে মনে হয় সব খালি।

১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



আপনার কথার সঙ্গে একমত। আসলে কে এলেন, কে গেলেন, কে নিয়মিত লিখছেন আর কে কিছুদিন অনুপস্থিত, এসবের মধ্যেও একটা আন্তরিক সম্পর্কের প্রকাশ থাকে। ভার্চুয়াল জগৎ হলেও এখানে মানুষের সঙ্গে মানুষের একধরনের আত্মিক যোগাযোগ তৈরি হয়। তাই পরিচিত কেউ একদিন না এলে, কিংবা দেরি করে এলে, তাঁর অনুপস্থিতি অনুভব হওয়াটা খুবই স্বাভাবিক। এই অনুভূতিটুকুই তো আমাদের পারস্পরিক ভালো লাগা ও ভালোবাসার পরিচয়।

অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

সৈয়দ কুতুব বলেছেন: আগের দিন আর ফিরে আসবে না । এখন হাজারো অপশন রয়েছে । যুগের সাথে তাল মিলিয়ে সামুকেও এগিয়ে যেতে হবে ।

১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৩

নতুন নকিব বলেছেন:



আপনার বক্তব্যের সঙ্গে একমত যে, সময় ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। আগের দিনের বাস্তবতা আর ফিরে আসবে না, আর এখন মানুষের সামনে বিকল্পও অনেক। তবে সামহোয়্যারইন ব্লগের নিজস্ব পরিচয়, ঐতিহ্য ও পাঠক-লেখকদের আবেগও কম গুরুত্বপূর্ণ নয়। আমার বিশ্বাস, সময়োপযোগী পরিবর্তনের পাশাপাশি এই স্বকীয়তা ধরে রাখতে পারলেই সামু আবারও নতুনভাবে প্রাণ ফিরে পেতে পারে।

আপনার মূল্যবান মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আহ্, কী জমজমাট ছিল এই ব্লগ-প্রাঙ্গণ!
..................................................................
জগতের নিয়ম তাই, কোন একসময় যা ছিলো জমজমাট
তাই হয়ে যায় নীরব !
আমিও মাঝে মাঝে এরকম পাই, তখন ভাবি
ভিন্ন ভিন্ন সময়ে সামুতে লগ ইন থাকতে হলে,
দেশ বিদেশ খেকে অংশগ্রহন হতে হবে ।

১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৪

নতুন নকিব বলেছেন:



আপনার কথার সঙ্গে একমত। সময়ের পরিবর্তনে অনেক প্রিয় আড্ডার জায়গাই একসময় নীরব হয়ে যায়। তবে সামুর মতো একটি ব্লগ-প্রাঙ্গণ আবারও প্রাণ ফিরে পেতে পারে, যদি পুরোনো ব্লগারদের পাশাপাশি নতুনরাও নিয়মিত লেখেন, পড়েন এবং মন্তব্যের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন সময়ে ব্লগারদের সক্রিয় অংশগ্রহণ নিঃসন্দেহে এই প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে পারে।

সুন্দর ভাবনা ও আন্তরিক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি, সামু আবারও প্রাণবন্ত হয়ে উঠবে, জমে উঠবে ব্লগারদের লেখালেখি, ভাবনা ও মতবিনিময়ের আড্ডা। শুভকামনা রইল।

৮| ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪১

ভুয়া মফিজ বলেছেন: আজকে স্রেফ একা ছিলাম............একা থাকা সমস্যা না। এসেছেন একা, যাবেনও একা। একা থাকলে সমস্যা কি? :P

আমি একটা বিষয় খেয়াল করেছি, ব্লগের আজকের দুরবস্থা নিয়ে যারা কান্নাকাটি করে তারা নিজেরাই ঠিকমতো ব্লগিং করে না। এদের মধ্যে আমার রাডারে কিন্তু আপনিও আছেন। চাইলে আপনাকে কিছু নমুনা দেখাতে পারি। ;)

মহানবী (সাঃ) এর একটা হাদিস আছে না.........বাচ্চাকে মিষ্টি খাওয়া নিষেধ করার ব্যাপার নিয়ে, জানেন তো অবশ্যই, নাকি জানেন না!!!!!

১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:০৩

নতুন নকিব বলেছেন:



হা হা! একা থাকা নিয়ে আপনার সঙ্গে দ্বিমত করার সাহস নেই। এসেছি একা, যাবও একা, ঠিক আছে। তবে ব্লগে এসে দু-চারজনের সঙ্গে একটু আড্ডা না দিলে একাকিত্বটা যে আরও বেড়ে যায়!

আমার নামও আপনার রাডারে! বেশ তো, বুঝতে হবে নজরদারির তালিকায় আমারও একটা সম্মানজনক জায়গা রয়েছে। নমুনা দেখাতে পারেন, আপত্তি নেই। তবে নমুনার সঙ্গে যদি একটু উৎসাহও জুড়ে দেন, তাহলে হয়তো অভিযুক্ত ব্লগাররা আবার নিয়মিত লেখালেখিতে ফিরতে পারে। অন্যথায়, দূরে সরিয়ে দিয়ে তো লাভ নেই!

আর মিষ্টির ঘটনাটি যতদূর জানি, এটি নবীজি ﷺ-এর কোনো হাদিস নয়। এ বিষয়ে আপনার কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র থাকলে অবশ্যই জানাবেন। কারণ রসিকতার জায়গায় রসিকতা, কিন্তু নবীজি ﷺ-এর নামে কোনো কথা উদ্ধৃত করলে তার সূত্র ও সত্যতা নিশ্চিত হওয়া জরুরি।

আমার জানামতে, এটি একটি ভিত্তিহীন ও বানোয়াট কিসসা। গল্পটি সাধারণত এভাবে বলা হয়:

"একবার এক সাহাবি তাঁর সন্তানকে নিয়ে নবীজির কাছে এলেন। বললেন, আল্লাহর রাসূল! আমার ছেলে খুব বেশি মিষ্টি খায়। দয়া করে আপনি তাকে মিষ্টি খেতে নিষেধ করুন। নবীজি বললেন, তিন দিন পর এসো। সাহাবি তিন দিন পর এলে নবীজি তাঁর ছেলেকে মিষ্টি খেতে নিষেধ করলেন।

নবীজি কেন তিন দিন পর আসতে বলেছিলেন, তা জানতে চাইলে তিনি বললেন, এই তিন দিনে আগে আমি নিজে মিষ্টি খাওয়া ছেড়েছি, তারপর তাকে নিষেধ করেছি।

অন্যকে কোনো কাজের উপদেশ দেওয়ার আগে নিজে তা আমল করা উচিত, এই শিক্ষাটি বোঝাতে কিসসাটি বলা হয়। অথচ এর কোনো নির্ভরযোগ্য ভিত্তি বা সনদ পাওয়া যায় না। এমনকি নির্ভরযোগ্য কোনো হাওয়ালাও নেই।

মিষ্টি খাওয়া তো কোনো গুনাহের কাজ নয় যে, কাউকে তা বেশি খেতে নিষেধ করার আগে নিজেকেও মিষ্টি খাওয়া ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কোনো বিষয়ে অন্যকে উপদেশ দেওয়া বা নিষেধ করা, অথচ নিজে সে অনুযায়ী আমল না করা কিংবা বিরত না থাকা অবশ্যই নিন্দনীয়। কিন্তু এর অর্থ এই নয় যে, কোনো বিষয়ে নিজের আমল না থাকলে অন্যকে সে বিষয়ে উপদেশ দেওয়া যাবে না। এমন ধারণা ঠিক নয়। বরং অন্যকে আমলের বা কোনো কাজ থেকে বিরত থাকার উপদেশ দেওয়ার পাশাপাশি নিজেও আমলের চেষ্টা করতে হবে। কারণ অনেক সময় অন্যকে উপদেশ দেওয়ার মাধ্যমেই নিজের আমলের তাওফিক হয়।"

অনেক অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যে আনন্দিতবোধ করছি। এবার রাডার থেকে একটু নামিয়ে কলম ধরার সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব! শুভকামনা আবারও।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯

সুব্রত দত্ত বলেছেন: সত্যি বলতে এই থাকা বা না-থাকা আসলে এতটা মন খারাপ করার মতো কিছু না। আপনি সামুকে খুব ভালোবাসেন বোঝা যাচ্ছে। আপনার ভালোবাসায় দেখবেন অনেক পুরনোরা ফিরে আসবে, নতুনেরা নতুন করে আসবে। আমি তেমন কেউ না, তবু বরাবরি মনে হয়েছে যেকোনো বাংলা ব্লগের মধ্যে সামু অনেকটাই এগোনো, সমৃদ্ধ। তাই মাঝেমধ্যে উঁকি দেই। আপনার জন্য শুভ কামনা। সামুর জন্যও।

১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৫০

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক মন্তব্য ও শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ, প্রিয় সুব্রত দত্ত। সামুর প্রতি ভালোবাসা থেকেই হয়তো এতটা আবেগ অনুভব করি। একটি ব্লগ শুধু লেখালেখি বা মন্তব্যের জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের স্মৃতি, অনুভূতি, সম্পর্ক ও দীর্ঘদিনের পথচলা। তাই সামুর মতো একটি সমৃদ্ধ বাংলা ব্লগের প্রাণচাঞ্চল্য অটুট থাকুক, পুরনোরা ফিরে আসুক, নতুনদের পদচারণায় মুখর হয়ে উঠুক, এটাই প্রত্যাশা।

আপনার মতো শুভাকাঙ্ক্ষীদের মাঝেমধ্যে উঁকি দেওয়াও আমাদের জন্য অনুপ্রেরণার। আপনার জন্যও রইল আন্তরিক শুভকামনা। ভালো থাকবেন, সামুর সঙ্গে থাকবেন।

১০| ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭

ভুয়া মফিজ বলেছেন: আমার জানামতে, এটি একটি ভিত্তিহীন ও বানোয়াট কিসসা। ওকে, জানলাম। বানোয়াট হলেও অসুবিধা নাই। এই কিসসার মূল বিষয়টার গুরুত্ব তাতে নষ্ট হয় না। মূল বিষয় হলো, আপনি যখন কোন কিছু আশা করবেন তখন খেয়াল করতে হবে যে, সেই একই বিষয় আপনি নিজে পূরণ করছেন কিনা। কারন যেই প্রত্যাশা আপনি পূরণ করছেন না, সেটাই আবার অন্যদের থেকে আশা করছেন। বিষয়টা নৈতিকতার।

নমুনা যখন দেখতে চাইলেন, দেখাই। অনেকই আছে তবে লেটেস্টটা দেখাই, কি বলেন!!!! ;)

আপনি বলেছেন, আহ্, কী জমজমাট ছিল এই ব্লগ-প্রাঙ্গণ! একসময় লেখা আসত একের পর এক, মন্তব্যে মন্তব্যে আড্ডা জমে উঠতো। । অথচ আমার সর্বশেষ পোষ্টে আপনি একটা লাইক দিয়েই দায়িত্ব শেষ করেছেন। বলতে পারেন, আপনার সময় ছিল না। তবে এই অজুহাত ধোপে ঠিকবে না। কারন যার সময় নাই তার ব্লগে আসারই কথা না। কিন্তু ব্লগে এসে একটা পোষ্ট পড়ে লাইক দেয়ার পরে যদি বলেন এক লাইন মন্তব্য করারও সময় ছিল না...........!!!! হলি কাউ!!!!!! B:-/

১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:০৭

নতুন নকিব বলেছেন:



আপনার বক্তব্যের মূল জায়গাটি অবশ্যই বুঝতে পেরেছি। প্রত্যাশা ও নিজের আচরণের মধ্যে সামঞ্জস্য থাকা একান্তই জরুরি। আমি অন্যের কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করি, আমার নিজের ক্ষেত্রেও তা চর্চা করা উচিত। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ অমূলক নয়; এটাকে আমি নৈতিকতার অন্যতম একটি অনুসঙ্গও মনে করি।

তবে ব্লগে এসে কোনো পোস্টে লাইক দেওয়া মানেই যে মন্তব্য করার মতো সময় বা মানসিক অবকাশ ছিল, সব সময় এমনটা ভাবা হয়তো ঠিক নয়। কখনো ভালো লাগা প্রকাশ কিংবা কেবল উপস্থিতি জানান দিতেও এমনটি করে চলে যেতে হয়। আবার সময় স্বল্পতার কারণে অনেক সময় পুরো পোস্ট পড়ার সুযোগও হয়ে ওঠে না। এমন পরিস্থিতিতে - অর্থাৎ, পোস্ট না পড়ে মন্তব্য করা কতটুকু যৌক্তিক - সেটাও আমার কাছে প্রশ্নসাপেক্ষ। তাই একটি লাইককে দায়িত্ব এড়িয়ে যাওয়া হিসেবে দেখাটা হয়তো একটু বেশি কড়া হয়ে যায়। আর সর্বোপরি, ব্লগে আপনি আমার প্রিয়জনদের অন্যতম। আপনার সব পোস্ট পড়তে না পারলেও, আপনার নতুন পোস্ট দেখলে কেবল চোখ বুলিয়েই একটা প্রশান্তি অনুভব করি। সেরকম অবস্থায় লাইক দেওয়ার এমন ঘটনা ঘটতেই পারে। তারপরেও এখন থেকে লাইকের সাথে মন্তব্যও রেখে আসার চেষ্টা থাকবে। :`>

যা হোক, আপনার কথার নৈতিক দিকটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তবে পারস্পরিক প্রত্যাশার পাশাপাশি একে অপরের পরিস্থিতি ও সীমাবদ্ধতার প্রতিও সহনশীল থাকা প্রয়োজন। ব্লগের সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে আসুক, সেটাই তো আমাদের সবার প্রত্যাশা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.