| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরুতেই বলে রাখি আমি একজন মুসলিম এবং আমি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি আর তাঁর রাসুল কেও সম্মান করি।(বর্তমানে দেশে যে অবস্থা তৈরি হয়েছে তাতে এসব কথা আগেই বলে রাখা ভাল)
এই কিছুদিন আগে (থাবা বাবা মারা যাবার পর) কিছু বন্ধুর সাথে আমার তর্ক হয়েছে। তাদের মতে শাহবাগের আন্দোলনকারী ব্লগাররা নাস্তিক আর তারা ইসলামকে অবমাননা করেছে। আমি তাদের কথা বিশ্বাস করি নাই। তারা আমাকে একটা লিফলেট দেখিয়েছে।(খুব সম্ভবত ওইটা জামায়াতের ছিল,আমার অবশ্য প্রশ্ন করা হয় নাই)। যা হোক আমি তাদের কথার প্রতিবাদ করেছিলাম। তাদের বোঝানোর চেষ্টা করেছি যে তাদের ধারণা ভুল, একটা সংঘ যেটা যুদ্ধাপরাধীদের বিচার চায় না তারা এমনটা ছরাচ্ছে। কিন্তু আমি তাদের বোঝাতে পারি নাই। পরে অবশ্য হাল ছেড়ে দিয়েছি। এরপর আমি আরও অবাক হয়েছি যখন দেখেছি আমার অতি প্রিয় এক বন্ধু যে কিনা আমার সাথে গণজাগরণ মঞ্চে গিয়েছিল সেও বলছে ব্লগাররা নাস্তিক। আমি তার কথাও বিশ্বাস করি নাই। হ্যাঁ কয়েকজনের ভিন্ন মত থাকতেই পারে। নাস্তিক কেউ হতেই পারে। তবে কেউ যদি সত্যিই মহানবী কে নিয়ে কটূক্তি করে থাকে তবে সে খুবই খারাপ কাজ করেছে এবং তার প্রতি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাই বলে রাজীবকে যেভাবে হত্যা করা হল তা কোন প্রকৃত মুসলিমও সমর্থন করবে না, করতে পারেও না।
এই কয়েকদিন বেশ কিছু পত্রিকায় (নাম না বললেও হচ্ছে) শাহবাগের আন্দোলনকারীদের ইসলাম বিদ্বেষী বলা হয়েছে, নাস্তিক বলা হয়েছে। আর আমি অবাক হয়ে দেখছি অনেকেই এসব কথা বিশ্বাস করছেন এবং দ্বিগুণ উৎসাহে ওই তরুণদের নাস্তিক বলে সম্বোধন করছেন। বড়ই দুঃখের কথা। যারা ৪২ বছর পর দেশটাকে গ্লানিমুক্ত করতে চাচ্ছে তাদের পাশে যদি পুরো জাতি না থাকে তাহলে দেশটার কী হবে?? আমাকে অনেকে বলছেন ব্লগাররা নাস্তিক বলেই তারা এই আন্দোলন সমর্থন করেন না। তবে তারা কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সব ব্লগার নাস্তিক। যদিও নাস্তিক হওয়াটা কোন অপরাধ না তবুও আমাদের দেশে কেন জানি নাস্তিকদের সাধারণ মানুষ দেখতে পারে না। যাই হোক যারা বলেন ব্লগাররা নাস্তিক(এদের কথার কোন ভিত্তি নাই) তাদের বলব নাস্তিকরা যদি ভাল কিছু করে তাহলে আমরা সাধারণ মানুষরা তাদের অনুসরণ করতেই পারি(ধর্মের দিকটা ছাড়া)। আর ইসলামেও নাস্তিকদের নিধন করার বা তাদের নামে খারাপ কথা বলার অধিকার দেওয়া হয় নি। আসল কথা হল এখন আমাদের ১৯৭১ সালের মত ঐক্যবদ্ধ থাকতে হবে। জানি শত বাধা বিপত্তি আসবে, তবে পুরো জাতি এক হয়ে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।
আমার লেখা পড়ে অনেকে আমাকে ইসলাম বিদ্বেষী মনে করতে পারে। কিন্তু আমিও দেশের অনেক মানুষের মত চাই আমাদের দেশে ইসলামিক ভাবধারা গড়ে উঠুক, তবে তা অবশ্যই অন্যান্য ধর্মাবলম্বী দের প্রাপ্য সম্মান ও অধিকার দিয়ে। সন্ত্রাস আর দেশবিরোধীদের,যুদ্ধাপরাধীদের নিয়ে নয়।
©somewhere in net ltd.